
চলমান মধ্যপ্রাচ্য শান্তি আলোচনার অংশ হিসেবে বুধবার (১৫ এপ্রিল) ইরানে পৌঁছেছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। ‘যুক্তরাষ্ট্রের একটি বার্তা’ ইরানের কাছে পৌঁছে দেয়াই এই সফরের উদ্দেশ্য বলে এক প্রতিবেদনে জানিয়েছে আল জাজিরা।
পাকিস্তান আইএসপিআর এক বিবৃতিতে জানিয়েছে, সেনাপ্রধানের সঙ্গে থাকা প্রতিনিধিদলে স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভিও আছেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি পাকিস্তানের প্রতিনিধিদলকে স্বাগত জানান।
এর আগে ইরান জানায়, তারা পাকিস্তানের মধ্যস্থতায় ওয়াশিংটনের সঙ্গে বার্তা আদান-প্রদান চালিয়ে যাচ্ছে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এক সংবাদ সম্মেলনে বলেন, ‘যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নিয়ে বার্তা আদান-প্রদান অব্যাহত রয়েছে।’
তিনি আরও বলেন, ‘রোববার ইরানি প্রতিনিধিদল তেহরানে ফেরার পর থেকে পাকিস্তানি মধ্যস্থতার মাধ্যমে একাধিক বার্তা বিনিময় হয়েছে। আমাদের অবস্থান জানানো হয়েছে।’
পারমাণবিক ইস্যু নিয়ে তিনি বলেন, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নিয়ে আলোচনা নতুন কিছু নয়। সমৃদ্ধকরণের ধরন ও মাত্রা নিয়ে আলোচনার সুযোগ রয়েছে।
ইসমাইল বাঘাই বলেছেন, ‘ইরানকে তার জাতীয় প্রয়োজন অনুযায়ী সমৃদ্ধকরণ চালিয়ে যেতে দিতে হবে।’
যুক্তরাষ্ট্র ও ইরান গেল সপ্তাহান্তে তাদের সংঘাতের অবসানের লক্ষ্যে পাকিস্তানে সরাসরি আলোচনা করে, কিন্তু রোববার ভোরে কোনো চুক্তি ছাড়াই আলোচনা শেষ হয়ে যায়।
সূত্র: দ্য এক্সপ্রেস ট্রিবিউন, আল জাজিরা