
ডারাক্সনরাসিব এবং কেমোথেরাপি (জেমসিটাবিন ও ন্যাব-প্যাক্লিট্যাক্সেল)-এর সমন্বয়ে চিকিৎসার আগে (বামে) ও পরে নেওয়া সিটি স্ক্যান, যেখানে দেখা যাচ্ছে একাধিক টিউমার আর দৃশ্যমান নেই। হলুদ তীরচিহ্নগুলো চিকিৎসার আগে দৃশ্যমান টিউমারগুলো নির্দেশ করছে। ছবি : বিবিসির প্রতিবেদন থেকে নেওয়া
প্রতিদিন সেবনযোগ্য একটি পিল, যা সবচেয়ে প্রাণঘাতী ও চিকিৎসা-অযোগ্য ক্যানসারগুলোর একটিতে আক্রান্ত কিছু রোগীর টিউমার সংকুচিত করতে এবং সম্ভবত নির্মূল করতেও সক্ষম বলে প্রমাণ পাওয়া যাচ্ছে। বিশেষজ্ঞরা এটিকে গত কয়েক দশকের মধ্যে অগ্ন্যাশয়ের (প্যানক্রিয়াটিক) ক্যানসার চিকিৎসায় সবচেয়ে বড় সাফল্য হিসেবে অভিহিত করছেন। খবর বিবিসির।
প্রাথমিক চিকিৎসা পরীক্ষায় কেমোথেরাপির পাশাপাশি 'ডারাক্সনরাসিব' (daraxonrasib) দেওয়া প্রতি ১২ জন রোগীর মধ্যে একজনের স্ক্যানে ক্যানসার আর শনাক্ত করা যায়নি।
সম্প্রতি শরীরের অন্যান্য অংশে ছড়িয়ে পড়া অ্যাডভান্সড বা জটিল পর্যায়ের অগ্ন্যাশয়ের ক্যানসারে আক্রান্ত ৬১ জন অংশগ্রহণকারীর প্রায় সবার ক্ষেত্রেই টিউমারের বৃদ্ধি থেমে গেছে।
তবে চিকিৎসকরা জোর দিয়ে বলেছেন, এটি রোগটিকে ঠিক কতদিন নিয়ন্ত্রণে রাখতে পারবে তা এখনো অস্পষ্ট এবং এটিকে সম্পূর্ণ নিরাময় হিসেবে দেখা উচিত নয়
অত্যন্ত রোমাঞ্চকর
'ক্যানসার রিসার্চ ইউকে' এটিকে অগ্ন্যাশয়ের ক্যানসার রোগীদের জন্য গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় অগ্রগতি হিসেবে অভিহিত করেছে।
দাতব্য সংস্থাটির ড. স্যাম গডফ্রে বিবিসি নিউজকে বলেন, ‘ফলাফলগুলো অত্যন্ত রোমাঞ্চকর। এই নতুন ওষুধটি যা করেছে তা হলো, এটি ওষুধের অযোগ্য (আনড্রাগেবল) একটি রোগকে ওষুধের আওতায় আনার উপায় খুঁজে বের করেছে। আমরা অবশেষে অগ্ন্যাশয়ের ক্যানসারে অগ্রগতি দেখতে পাচ্ছি, যা অনেক আগেই হওয়া উচিত ছিল।’
অগ্ন্যাশয়ের ক্যানসারের চিকিৎসা করা অত্যন্ত কঠিন এবং যুক্তরাজ্যে প্রচলিত সব ক্যানসারের মধ্যে এতে বেঁচে থাকার হার সবচেয়ে কম।
যদিও কেমোথেরাপি টিউমারকে কিছুটা সংকুচিত করতে পারে, তবে ক্যানসার প্রায়ই পুনরায় ফিরে আসে।
জটিল পর্যায়ের অধিকাংশ রোগী বছরের পর বছর নয়, বরং মাত্র কয়েক মাস বেঁচে থাকেন।
চিকিৎসকরা আশা করছেন, নতুন এই চিকিৎসা ক্যানসারকে চিরতরে থামাতে না পারলেও রোগীদের হাতে আরও কিছুটা সময় এনে দিতে পারে।
পরীক্ষাটিতে রোগীদের গড়ে দেড় বছর ধরে পর্যবেক্ষণে রাখা হয়েছিল এবং এই সময়ের মধ্যে কারো কারো ক্যানসার ফিরে আসেনি।
এই ক্যানসারগুলোর কোনোটিকে দীর্ঘমেয়াদে নিয়ন্ত্রণে রাখা সম্ভব কি না এবং তা কতদিনের জন্য, তা বুঝতে আরও দীর্ঘমেয়াদী গবেষণার প্রয়োজন।
প্রথম ও দ্বিতীয় পর্যায়ের এই পরীক্ষায় যে ইতিবাচক দিকগুলো দেখা গেছে তা হলো-
৯০ শতাংশ রোগীর ক্ষেত্রে টিউমারের বৃদ্ধি থেমে গেছে।
৬০ শতাংশের কিছু বেশি রোগীর টিউমার সংকুচিত বা অদৃশ্য হতে দেখা গেছে।
প্রায় ৮ শতাংশ রোগীর, বা প্রতি ১২ জনে একজনের ক্ষেত্রে, সিটি স্ক্যানে টিউমার আর শনাক্ত করা যায়নি।
দীর্ঘতর আয়ু
যুক্তরাষ্ট্রের মেমোরিয়াল স্লোন কেটারিং ক্যানসার সেন্টারের ড. উংকি পার্ক, যিনি এই পরীক্ষার সাথে যুক্ত ছিলেন, তিনি বলেন, এখন পর্যন্ত পাওয়া ফলাফলগুলো অত্যন্ত উৎসাহব্যঞ্জক।
ড. উংকি পার্ক বলেন, ‘আমরা কেবল টিউমারের সাড়া দেওয়ার উচ্চ হারই দেখছি না, বরং আরও গভীর ইতিবাচক পরিবর্তন এবং রোগ নিয়ন্ত্রণের সময়কাল প্রায় দ্বিগুণ হতে দেখছি, যা শেষ পর্যন্ত রোগীদের দীর্ঘতর আয়ু নিশ্চিত করতে পারে।
ডারাক্সনরাসিব হলো একটি 'টার্গেটেড ইনহিবিটর' চিকিৎসা, যা ইতিমধ্যেই যুক্তরাষ্ট্রে অনুমোদিত। এটি অধিকাংশ অগ্ন্যাশয়ের ক্যানসারে পাওয়া আরএএস নামক নির্দিষ্ট কিছু মিউটেশন বা জিনগত পরিবর্তনকে আটকে দিয়ে নিষ্ক্রিয় করার মাধ্যমে কাজ করে, যেগুলো টিউমার বৃদ্ধিতে সহায়তা করে।
ফুসফুস এবং ডিম্বাশয়ের ক্যানসারসহ আরও কয়েক ডজন ক্যানসারে একই ধরনের মিউটেশন থাকতে পারে, যার অর্থ হলো এই ওষুধটি আরও অনেক রোগীকেও সাহায্য করতে পারে।
ড. স্যাম গডফ্রে বলেন, ‘আমি আশা করব, অগ্ন্যাশয়ের ক্যানসারে আমরা যে প্রাথমিক সাফল্য দেখতে শুরু করেছি, তা অন্যান্য ক্যানসারের ক্ষেত্রেও প্রয়োগ করা সম্ভব হবে।’ তিনি আরও বলেন, ‘দীর্ঘমেয়াদী পরীক্ষা এবং ফলাফল অত্যন্ত গুরুত্বপূর্ণ। ক্যানসার ফিরে আসতে পারে এবং স্ক্যানে কোনো চিহ্ন না দেখা গেলেও, আরও কিছুটা সময় পার না হওয়া পর্যন্ত আপনি নিশ্চিতভাবে জানতে পারবেন না যে আপনি ক্যানসারমুক্ত কি না।’
ইউরোপীয় ক্যানসার সম্মেলন 'ইওআরটিসি-এনসিআই-এএসিআর সিম্পোজিয়াম ২০২৬'-এর চেয়ারপারসন অধ্যাপক এলেনা গারাল্ডা বলেন, ‘এই ফলাফলগুলো রোমাঞ্চকর কারণ এগুলো দেখায় যে এই সমন্বিত চিকিৎসা রোগীদের সামগ্রিক বেঁচে থাকার সম্ভাবনা এবং টিউমার পুনরায় বাড়তে শুরু করার মধ্যবর্তী সময়কাল উল্লেখযোগ্যভাবে উন্নত করতে পারে।’
যুক্তরাষ্ট্রে মোট ক্যানসারের প্রায় ৩ শতাংশ হলো অগ্ন্যাশয়ের ক্যানসার এবং ক্যানসারজনিত মোট মৃত্যুর প্রায় ৮ শতাংশ এর কারণে ঘটে, যা প্রতি বছর প্রায় ৫৩ হাজার মানুষের প্রাণ কেড়ে নেয়।
ক্যানসার রিসার্চ ইউকে-র তথ্য অনুযায়ী, ব্রিটেনে প্রতি বছর ১১,৫০০ জন এই রোগে আক্রান্ত হিসেবে শনাক্ত হন এবং প্রায় ১০,২০০ জন মারা যান।
এর লক্ষণগুলোর মধ্যে জন্ডিস, ত্বকে চুলকানি, গাঢ় রঙের প্রস্রাব, ফ্যাকাশে মল, আকস্মিক ওজন হ্রাস, ক্লান্তি এবং উচ্চ তাপমাত্রা (জ্বর) অন্তর্ভুক্ত থাকতে পারে।