
আগামী মাসে অজিদের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে অস্ট্রেলিয়ায় যাচ্ছে বাংলাদেশ দল। ইতোমধ্যে সিরিজের প্রস্তুতি শুরু করেছে টাইগাররা। তবে চলতি টানা বৃষ্টির কারণে অনুশীলন করতে অসুবিধা হয়েছে শান্তদের।
তাই অস্ট্রেলিয়া সিরিজের প্রস্তুতি কিছুটা ঘাটতি দেখছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। বৃহস্পতিবার (৩০ জুলাই) সংবাদ সম্মলেন এই কথা বলেন তিনি।
তিনি বলেন,বৃষ্টির কারণে সেভাবে প্রস্তুতি নেওয়া হয়নি। তবুও গ্রানাইটে, বোলিং মেশিনে প্রস্তুতি নেওয়ার চেষ্টা করেছি। প্রস্তুতির কথা বললে একটু তো ঘাটতি আছে।
২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে যাওয়া নিয়ে শান্ত বলেন, অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়ার সঙ্গে টেস্ট খেলছি, আমরা খুবই ভাগ্যবান। যদিও আমার মনে হয় গত ২৩ বছরে আমাদের সেখানে আরও ম্যাচ খেলা উচিত ছিল।
নিজেদের লক্ষ্য নিয়ে টাইগার অধিনায়ক বলেন, অস্ট্রেলিয়াতে আমাদের লক্ষ্য থাকবে কত ভালো ক্রিকেট খেলা যায়। আমরা যেভাবে খেলছি সেটা যেন কন্টিনিউ করতে পারি। আমরা যেন এর নিচে না যাই।
দলের পেসারদের ওপর বিশ্বাস রেখে শান্ত বলেন,অস্ট্রেলিয়ার কন্ডিশনে পেসাররা ২০ উইকেট নিতে পারবে বলে বিশ্বাস করি। পেসারদের সঙ্গে দুজন অভিজ্ঞ স্পিনারও আছে। মুশফিক ছাড়া বাকিরা সবাই অভিজ্ঞ। তাদের ২০ উইকেট নেওয়ার সামর্থ্য আছে।