News update
  • SSC and Equivalent Exams Begin Nationwide     |     
  • US, Iran Signal War Readiness as Talks Hang in Balance     |     
  • Bangladesh, EU Push for FTA, Investment Pact Talks     |     
  • Over 1.14cr workers sent to Middle East in 22 years     |     
  • BNP finalizes 36 nominations for women’s seats in Parliament     |     

হামের প্রকোপ না কমা পর্যন্ত স্কুল বন্ধ রাখতে হাইকোর্টে রিট

গ্রীণওয়াচ ডেস্ক ক্যাম্পাস 2026-04-02, 2:49pm

dfsdfasdasd-e70b06555cb082d0deeba83c560bcb461775119796.jpg




হামের প্রকোপ না কমা পর্যন্ত স্কুল বন্ধ রাখতে নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট দায়ের করেন আইনজীবী লুৎফে জাহান পূর্ণিমা।

একইসঙ্গে সম্প্রতি দেশে হামের কারণে ৪৭ শিশু মৃত্যুর ঘটনায় উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন চাওয়া হয়েছে।

রিটে স্বাস্থ্য মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে। রিটে মৃত্যুর সংখ্যা, সংক্রমণ, টিকাদানের হার ও টিকার প্রাপ্যতাসহ পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিলের নির্দেশনা চাওয়া হয়েছে।

পাশাপাশি টিকাদানে ঘাটতি, সরবরাহ সংকট ও দেরির কারণ খুঁজতে স্বাধীন তদন্তের দাবিও জানানো হয়। আবেদনকারীর দাবি, এসব ব্যর্থতা সংবিধানের ২৭, ৩১ ও ৩২ অনুচ্ছেদের লঙ্ঘন। দ্রুত দেশব্যাপী জরুরি টিকাদান কর্মসূচি চালুর নির্দেশনা চেয়ে আদালতের হস্তক্ষেপ কামনা করা হয়েছে।

এই প্রাদুর্ভাব আসলেই হামের না-কি অন্য কোন রোগ, সেটিরও তদন্তের নির্দেশনা চেয়েছেন রিটকারী আইনজীবী।

আগামী সপ্তাহে হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চে রিট আবেদনের ওপর শুনানি হতে পারে। 

এর আগে বুধবার (১ এপ্রিল) ২৪ ঘণ্টার মধ্যে বাংলাদেশের শিশুদের হামের টিকার ব্যবস্থা করতে সরকারকে আইনি নোটিশ পাঠান মানবাধিকার কর্মী ও সুপ্রিম কোর্টের আইনজীবী একলাছ উদ্দিন ভূঁইয়া। 

স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য সচিব ও স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালককে এ নোটিশ পাঠানো হয়।

বর্তমানে দেশজুড়ে আতঙ্কের নাম অত্যান্ত সংক্রামক ব্যাধি হাম। দেশের বিভিন্ন জেলায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে ছোঁয়াচে এই রোগ। রাজশাহী, বরিশাল, ময়মনসিংহসহ বেশ কিছু জেলায় ভয়াবহ রূপ নিয়েছে এ রোগের প্রাদুর্ভাব। হামের প্রাদুর্ভাব নিয়ে ভয়ংকর তথ্য সামনে চলে এসেছে।

জানা গেছে, হামে আক্রান্ত শিশুদের ৬০ ভাগের বেশির বয়স ৯ মাসের কম। যাদের কেউই হামের টিকা পায়নি। সাধারণত নিয়মিত কর্মসূচির আওতায় প্রথম ডোজ ৯ মাস এবং দ্বিতীয় ডোজ ১৫ মাস বয়সে দেয়া হয়। তবে বর্তমান পরিস্থিতি অনুযায়ী, ৯ মাসের পরিবর্তে এখন ছয় মাস বয়সেই প্রথম ডোজ টিকা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য অধিদফতর।