
ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের শুরু করা এবং ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার শুরু করা চলমান যুদ্ধ বিশ্বব্যাপী জ্বালানির বাজারকে ওলটপালট করে দিইয়েছে। এমন পরিস্থিতিতে জ্বালানি তেলের সরবরাহ বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়া। খবর আল জাজিরার।
গত বৃহস্পতিবার (২০ নভেম্বর) চীনের শেনঝেনে অনুষ্ঠিত ত্রিপক্ষীয় শীর্ষ সম্মেলনের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এক যৌথ বিবৃতিতে বলেছেন, তারা সব দেশের সুবিধার্থে পরিশোধিত জ্বালানি তেলের উৎপাদন ও সরবরাহ বাড়ানোর পরিকল্পনা করছেন।
এই তিন নেতা ‘স্থিতিশীল জ্বালানি সরবরাহের গুরুত্বের’ ওপরেও জোর দিয়েছেন। তবে বিশ্লেষকরা এই পরিকল্পনার কার্যকারিতা নিয়ে সন্দিহান। কারণ, যুক্তরাষ্ট্রের হাতে অতিরিক্ত তেল পরিশোধনের সক্ষমতা প্রায় নেই বললেই চলে; রাশিয়ার জ্বালানি অবকাঠামোতে ইউক্রেনের ক্রমাগত হামলার কারণে তাদের সক্ষমতা সীমাবদ্ধ হয়ে পড়েছে; আর ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘাতের ফলে চীনের অপরিশোধিত তেল আমদানির প্রক্রিয়া ব্যাহত হচ্ছে।
ক্যাপিটাল ইকোনমিক্সের জলবায়ু ও পণ্য বিষয়ক জ্যেষ্ঠ অর্থনীতিবিদ হামাদ হোসেন বলেন, ‘এই ত্রিপক্ষীয় বিবৃতিকে বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ বাড়ানোর প্রথম পদক্ষেপ হিসেবে না দেখে, বরং একে কেবল রাজনৈতিক বাগাড়ম্বর হিসেবেই দেখা উচিত।’
মিডল ইস্ট কাউন্সিল অন গ্লোবাল অ্যাফেয়ার্সের অনাবাসিক জ্যেষ্ঠ ফেলো ফ্রেডেরিক স্নাইডার বলেন, ‘এই ঘোষণাটি মূলত ভোক্তা ও নিজ নিজ দেশের জনগণের অসন্তোষ প্রশমিত করার জন্য দেওয়া হয়েছে বলে মনে হচ্ছে। অতীতেও সরবরাহ বাড়ানোর এমন প্রচেষ্টা (যেমন—যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যকার ডিজেল চুক্তি) কোনো ফল বয়ে আনেনি।’ তাহলে, এই তিন নেতা যা বলেছেন তা কি অসম্ভব?
এই দেশগুলোর তেল শোধনাগারের সক্ষমতা কত বড়?
বিশ্বে তেল শোধনের সক্ষমতার দিক থেকে চীন ও যুক্তরাষ্ট্র সবার শীর্ষে রয়েছে; এরপরই রয়েছে রাশিয়া ও ভারত।
চীন
চীনের দৈনিক তেল শোধনের সক্ষমতা প্রায় ১৮ দশমিক ৫ থেকে ১৮ দশমিক ৮৩ মিলিয়ন ব্যারেল। তবে দেশটির তেল শোধন প্রক্রিয়া মূলত অপরিশোধিত তেল আমদানির ওপর নির্ভরশীল। হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সংঘাতের কারণে এই আমদানি প্রক্রিয়া মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। উপসাগরীয় অঞ্চলের তেল রপ্তানিকারক দেশগুলো সাধারণত এই প্রণালি দিয়েই অপরিশোধিত তেল পরিবহণ করে থাকে, যার একটি বড় অংশ এশিয়ায় পাঠানো হয়।
ইউএস এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশন (ইআইএ)-এর নভেম্বর মাসের একটি প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের দ্বিতীয় প্রান্তিকে চীনে অপরিশোধিত তেল আমদানির পরিমাণ দৈনিক ২১ লাখ ব্যারেল হ্রাস পেয়েছে এবং তৃতীয় প্রান্তিকে আরও আট লাখ ব্যারেল কমেছে।
যুক্তরাষ্ট্র
চলতি বছরের ১ জানুয়ারি পর্যন্ত যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেল শোধনের সক্ষমতা ছিল দৈনিক প্রায় ১ কোটি ৮১ লাখ ৬০ হাজার ব্যারেল। যুদ্ধ শুরুর পর থেকে উৎপাদন বেড়েছে এবং বর্তমানে তা প্রায় পূর্ণ সক্ষমতায় চলছে।
ইআইএ-এর অক্টোবর মাসের প্রতিবেদন অনুযায়ী, এ বছর যুক্তরাষ্ট্রের তেল শোধনাগারগুলো স্বাভাবিকের চেয়ে বেশি হারে কাজ করেছে। মে থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত শোধনাগারগুলোর ব্যবহারের হার গড়ে ৯৫ শতাংশেরও বেশি ছিল, যা ১৯৯৮ সালের পর থেকে ওই মাসগুলোতে সর্বোচ্চ।
রাশিয়া
ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সির তথ্যমতে, রাশিয়ার তেল শোধন সক্ষমতা দৈনিক প্রায় ৬৫ লাখ ব্যারেল। তবে রাশিয়ার জ্বালানি অবকাঠামোয় ইউক্রেনীয় ড্রোন হামলার ফলে তাদের তেল শোধন সক্ষমতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সির সেপ্টেম্বর মাসের প্রতিবেদনে উল্লেখ করা হয়, ‘জুন মাসে রাশিয়ার তেল শোধনাগারগুলোতে প্রক্রিয়াজাত তেলের পরিমাণ দৈনিক ৩৮ লাখ ব্যারেলে নেমে এসেছে, যা গত ২০ বছরের মধ্যে সর্বনিম্ন এবং আগের বছরের তুলনায় প্রায় ৩০ শতাংশ কম।’
ভারত
সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ভারতের তেল শোধন সক্ষমতা দৈনিক প্রায় ৫৩ লাখ ৬০ হাজার ব্যারেল। তবে নয়াদিল্লি অপরিশোধিত তেল আমদানির ওপর ব্যাপকভাবে নির্ভরশীল, আর হরমুজ প্রণালিতে সৃষ্ট অবরোধের কারণে এই আমদানি প্রক্রিয়া ক্ষতিগ্রস্ত হয়েছে।
যুক্তরাষ্ট্র কি আরও বেশি পেট্রোলিয়াম শোধন করতে পারে?
ইআইএ-এর তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের তেল শোধনাগারগুলো বর্তমানে তাদের সর্বোচ্চ সক্ষমতার কাছাকাছি পর্যায়ে কাজ করছে। সংস্থাটির নভেম্বরের প্রতিবেদন অনুযায়ী, এর প্রধান কারণ হলো বিশ্ববাজারে ডিজেল ও হালকা জ্বালানি তেল সরবরাহ সীমিত হয়ে পড়েছে। এতে আন্তর্জাতিক বাজারে যুক্তরাষ্ট্রের ডিজেল ও হালকা জ্বালানি তেলের চাহিদা বেড়ে গেছে।
অর্থনীতিবিদ হামাদ হোসেন বলেন, এ বছর তেলের দাম বেশি থাকায় আরও বেশি তেল শোধন করা লাভজনক হতে পারে, কিন্তু সমস্যা হলো—এমনটি করার মতো কোনো ‘অতিরিক্ত সক্ষমতা’ যুক্তরাষ্ট্রের নেই। ট্রাম্প প্রশাসন বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ বাড়ানোর বিষয়ে দৃঢ়প্রতিজ্ঞ। যুক্তরাষ্ট্রের জ্বালানি মন্ত্রী ক্রিস রাইট জানান, এই লক্ষ্য অর্জনে তার দপ্তর সম্ভাব্য সব তেল শোধনাগার পুনরায় চালু করার বিষয়ে আলোচনা করছে।
হামাদ হোসেন আরও বলেন, চীনে পেট্রোল ও ডিজেলের মজুত কম থাকায়, শোধনাগারগুলোর উৎপাদন বাড়লেও তা সম্ভবত রপ্তানির পরিবর্তে অভ্যন্তরীণ মজুত পুনরায় পূরণের কাজেই ব্যবহৃত হবে। এর ফলে বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ সীমিতই থেকে যাবে। তাই বিশ্ববাজারে জ্বালানির দাম কমাতে হলে মধ্যপ্রাচ্য থেকে পরিশোধিত জ্বালানি তেলের সরবরাহ বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ।