পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ায় শাহআলম হাওলাদার (৬০) নামের এক আওয়ামীলীগ নেতাকে পিটিয়ে গুরুতর জখম করেছে সন্ত্রাসীরা। শনিবার রাত সাড়ে সাতটার দিকে উপজেলার বালিয়াতলী ইউনিয়ন পরিষদ সংলগ্ন চৌরাস্তা এলাকায় এঘটনা ঘটে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শে.বা.চি.ম হাসপাতালে প্রেরন করেন। মো: শাহআলম বালিয়াতলী ০৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি।
ভুক্তভোগি শাহআলম বলেন, তিনি ৮৩ শতাংশ জমি বিক্রি করেছেন এবং জমির বায়না বাবদ ক্রেতার কাছ থেকে ৫ লাখ টাকা নেন। টাকা নিয়ে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ইউনিয়ন পরিষদ সংলগ্ন চৌরাস্তা বাজার থেকে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দেন তিনি। এসময় পেছন থেকে রুমান, দীন ইসলাম ও তুহিন নামের তিন সন্ত্রাসী কাঠের চলা (লাঠি) দিয়ে তাকে এলোপাতারি মারধর শুরু করেন। এতে তার ডান হাত, ডান পা সহ শরীরের বিভিন্ন স্থান গুরুতর জখম হয়।
আহত শাহালম মোল্লা'র অভিযোগ, বালিয়াতলী ইউনিয়ন বিএনপির সভাপতি মজিবর হাওলাদারের নির্দেশনায় সন্ত্রাসী হামলা করা হয়েছে।
কলাপাড়া হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. পলি সাহা বলেন, তার শরীরের বিভিন্ন স্থানে জখম হয়েছে। তবে পায়ের গোড়ালির অবস্থা গুরুতর। তাই প্রাথমিক চিকিৎসা শেষে তাকে বরিশাল রেফার করা হয়েছে।
বালিয়াতলী ইউনিয়ন বিএনপির সভাপতি মজিবর হাওলাদার বলেন, আমি ব্যক্তিগত কাজে কলাপাড়াতে ছিলাম এ বিষয়ে আমি কিছু জানিনা। আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রনোদিত।
কলাপাড়া থানার ওসি নজরুল ইসলাম বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হইবে। - গোফরান পলাশ