News update
  • COP31 Nations Push for Fossil Fuel Action, More Finance     |     
  • WFP Seeks $12.1bn to Feed 91 Million People in 2027     |     
  • Bangladesh Crosses 300 LEED-Certified Green Factories     |     
  • COP31 delivers deals for host Turkey as climate diplomacy stalls     |     
  • UNGA President Urges Four Steps for Rohingya Justice     |     

জামায়াতের ৪০ দিনের কর্মসূচি ঘোষণা

গ্রীণওয়াচ ডেস্ক রাজনীতি 2026-11-19, 5:08pm

img_20261119_170635-0434e6ccb59191a8a816c96632ff44371795086521.jpg




দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, আইনশৃঙ্খলার অবনতি ও বিজয়ের মাস ডিসেম্বর উপলক্ষে ৪০ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

আগামী ২১ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশব্যাপী এসব কর্মসূচি পালন করবে দলটি। এর মধ্যে সমাবেশ, বিক্ষোভ মিছিল, আলোচনা সভা, মানববন্ধন, বিজয় র‍্যালি, রক্তদান ও মেডিকেল ক্যাম্পের মতো কর্মসূচি রয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কর্মসূচি ঘোষণা করেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

ভারতে অবস্থানরত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে ইঙ্গিত করে সংবাদ সম্মেলনে মিয়া গোলাম পরওয়ার বলেন, ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামির দেশে ফেরার ঘোষণা ঘিরে দলটির লোকজনের সৃষ্ট সহিংসতা এবং গণভোটের গণরায় কার্যকর না করায় রাজনৈতিক দলগুলোর মধ্যে ক্ষোভ ও সংকট তৈরি হয়েছে। দিন যত যাচ্ছে, সংকট সমাধানের কোনো পথ দেখা যাচ্ছে না।

তিনি বলেন, ‘আজও দেশের ২২টির বেশি জেলায় সংঘাত-হানাহানির ঘটনা ঘটেছে। দুজন নিহত হয়েছেন। গতকাল হাসপাতালে ভাঙচুর, সংসদ সদস্যের বাড়ি ও রাজনৈতিক নেতাদের বাড়িতে হামলা হয়েছে। জামায়াতে ইসলামীর দোকানপাট ও বাসাবাড়িতেও ভাঙচুর, হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। একের পর এক এসব ঘটনা ঘটছে। পরিস্থিতি এখন শুধু গোপালগঞ্জে সীমাবদ্ধ নেই, সারা দেশে ছড়িয়ে পড়েছে।’

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, হত্যাকাণ্ড ও চাঁদাবাজির ঘটনায় উদ্বেগ প্রকাশ করে জামায়াতের এই নেতা বলেন, ‘সরকারের ব্যর্থতায় অব্যাহত অবনতিশীল পরিস্থিতির শিকার হচ্ছি আমরা। জনগণ খুবই চিন্তিত, দেশের সামনে কী হতে যাচ্ছে। জাতীয় সংকট মোকাবিলায় জনগণ, সরকার ও বিরোধী দলের মধ্যে ঐক্য গড়ে তোলার একটি সূত্র থাকতে হবে। কিন্তু সরকার সেই জায়গা থেকে ইচ্ছাকৃতভাবে সরে যাচ্ছে। গণভোটের গণরায় তারা মানছে না।

সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের কর্মসূচি মোকাবিলায় বিএনপি মাঠে থাকলেও জামায়াতের অবস্থান কী- এমন এক প্রশ্নের জবাবে মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘আমরাও মাঠেই আছি। আমরা তো আকাশে নেই। তবে প্রতিহত ও প্রতিরোধ শব্দের মধ্যে অনেক পার্থক্য আছে। আমরা জনগণকে নিয়েই ফ্যাসিবাদ প্রতিহত করব।

তিনি বলেন, ফ্যাসিবাদ প্রতিহত করার অর্থ গাড়ি পোড়ানো নয়, মানুষ খুন করা নয়। নিয়মতান্ত্রিক ও অহিংস আন্দোলনে জনগণই হচ্ছে আমাদের প্রতিহত করার বড় শক্তি। ফ্যাসিবাদকে মাঠে দাঁড়াতে আমরা দেব না। তবে আমাদের আন্দোলন হবে জনগণকে সঙ্গে নিয়ে এবং নিয়মতান্ত্রিকভাবে। আমরা কোনো সহিংসতার পথ উন্মুক্ত করে ফ্যাসিবাদের ফিরে আসার সুযোগ দিতে চাই না।

জামায়াত সেক্রেটারি বলেন, দেশপ্রেমিক, আধিপত্যবাদবিরোধী ও ফ্যাসিবাদবিরোধী জনগণকে ঐক্যবদ্ধ রাখতে চায় জামায়াত। রাজনৈতিক পরিস্থিতি ও বিজয়ের মাস ডিসেম্বর সামনে রেখে দলগতভাবে ৪০ দিনের কর্মসূচি নেওয়া হয়েছে।

জামায়াতের ৪০ দিনের কর্মসূচি হলো:

২১ নভেম্বর বাদ জোহর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে সন্ত্রাস-নাশকতা ও আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার প্রতিবাদে ঢাকায় সমাবেশ ও মিছিল।

২৫ নভেম্বর সন্ত্রাস-নাশকতা ও আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার প্রতিবাদে ১১টি মহানগরীতে (ঢাকা ছাড়া) সমাবেশ ও মিছিল। আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে মহিলা বিভাগের উদ্যোগে ঢাকায় মানববন্ধন।

২৬ নভেম্বর সন্ত্রাস-নাশকতা ও আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার প্রতিবাদে জেলা সদরে সমাবেশ ও মিছিল। জেলা সংগঠন আয়োজন করবে।

২৯ নভেম্বর ফিলিস্তিনের জনগণের সঙ্গে আন্তর্জাতিক সংহতি দিবস উপলক্ষে ঢাকায় আলোচনা সভা।

৩০ নভেম্বর সন্ত্রাস-নাশকতা ও আইন শৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার প্রতিবাদে দেশব্যাপী উপজেলা/থানা সদরে সমাবেশ ও মিছিল। উপজেলা/থানা সংগঠন আয়োজন করবে।

২ ডিসেম্বর পোশাকশিল্পে অস্থিরতা ও সংঙ্কট সমাধানে ঢাকায় আলোচনা সভা।

৬ ডিসেম্বর স্বৈরাচার পতন ও কেয়ারটেকার সরকার দিবস উপলক্ষে ঢাকায় আলোচনা সভা।

৯ ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে ঢাকায় আলোচনা সভা।

১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে আইনজীবীদের উদ্যোগে ঢাকায় আলোচনা সভা।

১৩ ডিসেম্বর ঢাকায় ব্যবসায়ী সম্মেলন।

১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালন।

১৫ ডিসেম্বর মহান বিজয় দিবস ঘিরে রাজধানীতে আলোচনা সভা।

১৬ ডিসেম্বর রাজধানীসহ দেশব্যাপী ‘বিজয় র‍্যালি’ আয়োজন করা হবে।

১৯ ডিসেম্বর শহীদ শরীফ ওসমান বিন হাদির শাহাদাত উপলক্ষে আলোচনা সভা ও দোয়া।

২০ ডিসেম্বর চিকিৎসকদের উদ্যোগে আলোচনা সভা।

২১ ডিসেম্বর প্রকৌশলীদের উদ্যোগে আলোচনা সভা।

২৩ ডিসেম্বর মহিলা বিভাগের উদ্যোগে আলোচনা সভা।

২৬-৩১ ডিসেম্বর দেশব্যাপী রক্তদান কর্মসূচি, মেডিক্যাল ক্যাম্প এবং যুদ্ধাহত ও অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের সহায়তা প্রদান।