News update
  • Bangladesh, EU Push for FTA, Investment Pact Talks     |     
  • Over 1.14cr workers sent to Middle East in 22 years     |     
  • BNP finalizes 36 nominations for women’s seats in Parliament     |     
  • Alarming trans-fat levels in food despite regulations: BFSA      |     
  • BD, EU to sign Partnership Coop Agreement (PCA) Monday     |     

জামায়াতের নারী আসনে জুলাই শহীদ শিশু জাবিরের মা রোকেয়া বেগম

গ্রীণওয়াচ ডেস্ক নির্বাচন 2026-04-20, 9:50pm

rgterytryrt-f4b06b6cfa04c3211c8feb94f88504a91776700211.jpg




ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী তালিকা চূড়ান্ত করা হয়েছে।
এই তালিকায় বিশেষ গুরুত্ব পেয়েছেন জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ শিশু জাবির ইব্রাহিমের মা রোকেয়া বেগম।
সোমবার (২০ এপ্রিল) সন্ধ্যায় জোটের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে তার নাম ঘোষণা করা হয়।
জোট সূত্র জানায়, সংরক্ষিত নারী আসনের জন্য বরাদ্দকৃত ১৩টি পদের বিপরীতে প্রার্থীর নাম চূড়ান্ত করেছে ১১ দলীয় ঐক্য। এর মধ্যে ৮ জন জামায়াতে ইসলামী থেকে এবং বাকি ৫ জন শরিক দল ও বিশেষ ক্যাটাগরি থেকে মনোনীত হয়েছেন। শহীদ জননী হিসেবে রোকেয়া বেগমকে মনোনয়ন দিয়ে জোটটি জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষার প্রতি শ্রদ্ধা জানিয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
তালিকা অনুযায়ী, জামায়াতে ইসলামী থেকে মনোনীত অন্য প্রার্থীরা হলেন: নুরুন্নিসা সিদ্দীকা, মারজিয়া বেগম, অ্যাডভোকেট সাবিকুন্নাহার মুন্নি, নাজমুন নাহার নীলু, অধ্যাপক মাহফুজা হান্নান, সাজেদা সামাদ, শামছুন্নাহার বেগম ও ইঞ্জিনিয়ার মারদিয়া মমতাজ। এ ছাড়া শরিক দলগুলোর মধ্যে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে মনিরা শারমিন ও মাহমুদা আলম মিতু, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) চেয়ারম্যান তাসমিয়া প্রধান এবং বাংলাদেশ খেলাফত মজলিসের মাহবুবা হাকিম এই তালিকায় স্থান পেয়েছেন।
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে ১১ দলীয় নির্বাচনী ঐক্য ৭৭টি আসনে জয়লাভ করে। সংসদীয় বিধান অনুযায়ী, আনুপাতিক হারে জোটটি ১৩টি সংরক্ষিত নারী আসন লাভ করছে। অন্যদিকে, সংসদের মোট ৫০টি সংরক্ষিত নারী আসনের মধ্যে প্রধান রাজনৈতিক দল বিএনপি পেয়েছে ৩৬টি আসন।
আগামী কয়েক দিনের মধ্যেই এই তালিকা নির্বাচন কমিশনে জমা দেয়া হবে বলে জোটের পক্ষ থেকে জানানো হয়েছে।