
ঢাকায় শিল্পকলা একাডেমির সামনে দেয়ালে আঁকা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতি মোছার চেষ্টার ঘটনায় মারজিয়া খন্দকার রিমি ও সুজন মিয়াকে দুদিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জোনাইদ এ আদেশ দেন।
আসামিপক্ষের আইনজীবী মাসুদ রানা এ তথ্য নিশ্চিত করেছেন।
মাসুদ রানা বলেন, গত রোববার রিমি ও সুজনের দুদিন এবং আয়াস ও সাকিবুল হাসানকে তিন দিনের রিমান্ডের আদেশ দেন আদালত। তাদের রিমান্ড শেষে বিচারক আজ আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলা তদন্তকারী কর্মকর্তা শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল গাফফার হিমেল।
এর আগে, গত শনিবার শিল্পকলা একাডেমির সামনের প্রাচীরে রবীন্দ্রনাথ ঠাকুরের দেয়ালচিত্র মোছার চেষ্টা করেন একদল তরুণ। এ সময় পুলিশ বাধা দিলে উভয়পক্ষের মধ্যে বাগবিতণ্ডা হয়। ঘটনাস্থলে এক নারীকে রবীন্দ্রনাথের দেয়ালচিত্রে কালি দিতে দেখা যায়। সে সময় এক পুলিশ সদস্য তাকে বাধা দেন।
এ ঘটনায় অপরাধমূলক ষড়যন্ত্র, বিভিন্ন গোষ্ঠীর মধ্যে শত্রুতা সৃষ্টি এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে শাহবাগ থানার এসআই জিয়াউল হক বাদী হয়ে মামলা করেন।