News update
  • Non-performing loans surpass Tk 6 lakh crore     |     
  • BERC Cuts 12kg LPG Cylinder Price to Tk 1,585     |     
  • Govt to procure 4 LNG cargoes to meet energy demand     |     
  • PM Unveils 10-Year Energy Roadmap to Support $1T Economy     |     
  • As Spain swelters, a centuries-old accessory is having a moment     |     

নেপালের বিপর্যয়ে তারকারা, কেউ দিলেন কোটি অর্থ, কেউ ছুটলেন দুর্গতদের কাছে

গ্রীণওয়াচ ডেস্ক সেলিব্রিটি 2026-09-03, 7:53am

napel-8cb982cc764483b0c68aa960d4992fe71788400406.png




নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন এশিয়ার বিভিন্ন দেশের তারকারা। কেউ অর্থ সহায়তা দিয়েছেন, কেউ ত্রাণ বিতরণে সরাসরি যুক্ত হয়েছেন, আবার কেউ নিজেদের কনসার্টের পুরো আয় দুর্গতদের জন্য দেওয়ার ঘোষণা দিয়েছেন।

গত ২৬ আগস্ট হিমালয় অঞ্চলে হিমবাহ ধসের পর বরফ, পাথর ও কাদার স্রোতে ভয়াবহ বিপর্যয় নেমে আসে। এতে নেপালের বিভিন্ন অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সর্বশেষ আন্তর্জাতিক প্রতিবেদনে দেশটিতে মৃতের সংখ্যা ১ হাজার ১১৮ জনে পৌঁছেছে এবং ৩ হাজার ৯০০-এর বেশি মানুষ এখনো নিখোঁজ। দুর্গম এলাকায় উদ্ধার অভিযানও চলছে।

এই পরিস্থিতিতে ভারতীয় সংগীতশিল্পী ও সুরকার বিশাল মিশ্র নেপাল ও ভারতের আসামে দুটি বিশেষ কনসার্ট আয়োজনের ঘোষণা দিয়েছেন। ‘পেহলে ভি ম্যায়’ ও ‘কাইসে হুয়া’খ্যাত এই শিল্পী জানিয়েছেন, দুটি কনসার্ট থেকে পাওয়া পুরো অর্থ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য দেওয়া হবে। তবে কনসার্টের তারিখ এখনো ঘোষণা করা হয়নি।

দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় কে-পপ ব্যান্ড স্ট্রে কিডসের সদস্য লি নোও ব্যক্তিগতভাবে বড় অঙ্কের সহায়তা দিয়েছেন। গত ২৮ আগস্ট ওয়ার্ল্ড ভিশনের মাধ্যমে ১০ কোটি দক্ষিণ কোরীয় উন অনুদান দিয়েছেন তিনি। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৮৭ লাখ টাকার কাছাকাছি। এই অর্থ ক্ষতিগ্রস্ত শিশু ও পরিবারগুলোর খাবার, আশ্রয়, বিশুদ্ধ পানি ও স্যানিটেশন ব্যবস্থায় ব্যয় করা হবে।

বিদেশি তারকাদের পাশাপাশি নেপালের শিল্পীরাও দুর্গতদের পাশে দাঁড়িয়েছেন। জনপ্রিয় জুটি মদন কৃষ্ণ শ্রেষ্ঠ ও হরি বংশ আচার্য যৌথভাবে ২ লাখ নেপালি রুপি দিয়েছেন। অভিনেতা বিরাজ ভট্ট দিয়েছেন ১ লাখ ৫১ হাজার রুপি। অভিনেত্রী নিতা ধুঙ্গানা এবং সংগীতশিল্পী রচনা রিমাল ও বেনিশা পৌডেল দিয়েছেন ১ লাখ রুপি করে। অভিনেতা অনমোল কেসিও ত্রাণ কার্যক্রমে অর্থ সহায়তার কথা জানিয়েছেন, যদিও এর পরিমাণ প্রকাশ করেননি।

অনেক তারকা আবার সরাসরি দুর্গত এলাকায় গিয়ে ত্রাণ পৌঁছে দিচ্ছেন। মিস নেপাল দীপমালা ধাকাল ‘হামি নেপাল’-এর সঙ্গে নুওয়াকোটে ত্রাণ বিতরণ করেছেন। সংগীতশিল্পী দুর্গেশ থাপা খাবার ও পোশাক দেওয়ার পাশাপাশি ক্ষতিগ্রস্তদের জন্য খাবার পরিবেশন করেছেন। অভিনেতা পল শাহ নুওয়াকোটের পিপালতারে ৪০০ পরিবারের কাছে কম্বল, গদি, পোশাক, নুডলস, বিস্কুট, খাবার স্যালাইন ও স্যানিটারি প্যাড পৌঁছে দিয়েছেন।

বলিউড অভিনেতা সোনু সুদও নেপালের মানুষের পাশে দাঁড়িয়েছেন। তিনি দেশটিতে গিয়ে দুর্গতদের সঙ্গে দেখা করার পাশাপাশি ভারত থেকে খাবার ও প্রয়োজনীয় ত্রাণসামগ্রী পাঠানোর কথা জানিয়েছেন। আগামী কয়েক মাসও সহায়তা চালিয়ে যাওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি।

নেপালে জন্ম নেওয়া বলিউড অভিনেত্রী মনীষা কৈরালাও দুর্যোগ নিয়ে সরব হয়েছেন। দুর্গতদের জন্য প্রার্থনার আহ্বানের পাশাপাশি নেপালের পর্যটনশিল্প সচল রাখতে পর্যটকদের দেশটি ভ্রমণের আহ্বান জানিয়েছেন তিনি। তাঁর মতে, বিপর্যয়ের পর দেশটির অর্থনীতি ঘুরে দাঁড়াতে পর্যটন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

এদিকে নেপালের আরও কয়েকজন শিল্পী ত্রাণ তহবিলে অনুদান দিয়েছেন। প্রযোজক সুশীল পোখরেল ৩৩ হাজার ৩৩৩ রুপি, সংগীতশিল্পী শিবা পরিয়ার ও আলিনা চৌহান ২৫ হাজার রুপি করে এবং রাধিকা হামাল ২১ হাজার রুপি দিয়েছেন। চলচ্চিত্র উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান দিনেশ ডিসি তাঁর অর্ধমাসের বেতন ত্রাণ তহবিলে দেওয়ার ঘোষণা দিয়েছেন।

নেপালের এই ভয়াবহ দুর্যোগে তাই অর্থ সহায়তার পাশাপাশি সরাসরি ত্রাণ কার্যক্রম ও জনসচেতনতা তৈরিতে যুক্ত হয়েছেন বিনোদন জগতের অনেক পরিচিত মুখ। তাঁদের এই উদ্যোগ এখন জরুরি ত্রাণের পাশাপাশি ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসন ও পুনর্গঠনের পথেও সহায়তা করছে।