
জীবনের নতুন অধ্যায়ে পা রাখতে চলেছেন তরুণ প্রজন্মের জনপ্রিয় সংগীতশিল্পী শেখ সাদী। ইতোমধ্যে পারিবারিক আয়োজনে বাগদান সেরেছেন তিনি। তবে আংটিবদলের সিদ্ধান্তটি পরিকল্পিত নয় বলেই জানিয়েছেন গায়ক।
বাগদানের খবর প্রকাশ্যে আসতেই শুরু হয়েছেন নতুন আলোচনা। কাকে বিয়ে করছেন গায়ক, সেটি জানতে আগ্রহী ভক্তরা। জানা গেছে, সাদীর হবু স্ত্রীর নাম সুরাইয়া আফরোজ। যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় প্রশাসনে স্নাতক সম্পন্ন করেছেন তিনি।
শেখ সাদীর বাবা-মা যুক্তরাষ্ট্রে থাকেন। সেখান থেকেই তারা পুত্রবধূ হিসেবে একজনকে পছন্দ করেন। পরিবারের সিদ্ধান্তে সম্মতি দেন গায়কও। এরপর কিছুদিন আগে দেশে ফিরে ঢাকার শাহজাদপুরে কনের বাসায় দুই পরিবারের ঘনিষ্ঠদের উপস্থিতিতে সম্পন্ন হয় তাদের বাগদান।
ইউটিউব ও ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে সংগীতজগতে উঠে আসা শেখ সাদী ইতোমধ্যে একাধিক হিট গান উপহার দিয়েছেন। বিশেষ করে ‘ললনা’ গানটি তাকে ব্যাপক পরিচিতি এনে দেয়। বিভিন্ন সময় অভিনয়ের প্রস্তাব পেলেও শেষ পর্যন্ত গানেই মনোযোগ দিয়েছেন এই শিল্পী। প্রস্তুত রয়েছে তার নতুন একাধিক গান।