News update
  • 42-Year Rainfall Record Broken as Chattogram Floods     |     
  • Flash Flood Risk Rises as Rivers Swell: FFWC     |     
  • Switzerland Beat Colombia to Reach World Cup Last Eight     |     
  • Argentina beat Egypt 3-2 to reach World Cup quarter-finals     |     
  • Bangladesh Leads South Asia in FDI Growth: UNCTAD     |     

হামলাকারীর ‘সম্ভাব্য’ টার্গেট ছিলেন ট্রাম্প ও অন্যান্য কর্মকর্তারা: ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল

গ্রীণওয়াচ ডেস্ক সংঘাত 2026-04-27, 5:39am

eb992bb1e1f51f0ce22ffd7d9740c1689bc9dd70a48d76eb-83442ee5fc946c1c3db420c746d8d75b1777246786.jpg




ওয়াশিংটনে হিলটন হোটেলে হোয়াইট হাউস করেসপোনডেন্টসের নৈশভোজে গুলির ঘটনায় সম্ভাব্য টার্গেট ছিলেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ও তার প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা। ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চ এমনটাই বলেছেন বলে জানিয়েছে বিবিসি।

গত শনিবার (২৫ এপ্রিল) রাতে রাজধানী ওয়াশিংটনের হিলটন হোটেলে হোয়াইট হাউস করেসপনডেন্টস অ্যাসোসিয়েশনের নৈশভোজ অনুষ্ঠানে হঠাৎ গুলির ঘটনা ঘটে। এতে সেখানে চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়। তবে এ ঘটনায় শেষ পর্যন্ত শীর্ষ কোনো নেতা হতাহত হননি।

গুলির ঘটনায় কোল টমাস অ্যালেন নামে ৩১ বছর বয়সি এক যুবককে সন্দেহভাজন হামলাকারী হিসেবে গ্রেফতার করা হয়েছে। এখন তার ব্যাপারে তদন্ত চলছে। তবে প্রাথমিকভাবে তিনি মার্কিন প্রশাসনের কর্মকর্তাদের হত্যা করতে চেয়েছিলেন বলে মনে করা হচ্ছে।

বিবিসির প্রতিবেদন মতে, রোববার (২৬ এপ্রিল) মার্কিন সম্প্রচারমাধ্যম এনবিসির ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে দেয়া সাক্ষাৎকারে অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চ বলেন, অভিযুক্ত বন্দুকধারীর উদ্দেশ্য এখনও তদন্তাধীন, তবে ‘প্রাথমিক’ তথ্যে ইঙ্গিত পাওয়া গেছে যে তার টার্গেট ছিল প্রশাসনিক কর্মকর্তারা।

বন্দুকধারী হোটেলে অস্ত্রটি অ্যাসেম্বল (জোড়া লাগানো) করেছিলেন বলে যে খবর বেরিয়েছে, সেটা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। তবে হামলাকারী খুব বেশি দূর এগোতে পারেননি বলে উল্লেখ করেন ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল। তিনি বলেন, প্রেসিডেন্টের যে নিরাপত্তাবেষ্টনী, সেটার সামান্যই ভাঙতে পেরেছিলেন হামলাকারী।

ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল আরও জানান, সন্দেহভাজন ওই ব্যক্তি সম্ভবত লস অ্যাঞ্জেলেস থেকে ট্রেনে করে প্রথমে শিকাগো যান এবং পরে সেখান থেকে ওয়াশিংটন ডিসিতে আসেন। সোমবার (২৭ এপ্রিল) তার বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ আনা হবে বলে জানিয়েছেন টড ব্ল্যাঞ্চ।

টড ব্ল্যাঞ্চ এদিন আরও কয়েকটি মার্কিন সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন। সিবিএস নিউজের ‘ফেস দ্য নেশন’ অনুষ্ঠানে দেয়া সাক্ষাৎকারে টড ব্ল্যাঞ্চ আগের মন্তব্যেরই পুনরাবৃত্তি করে বলেন, তদন্তকারীরা বিশ্বাস করেন যে হামলাকারী ট্রাম্প প্রশাসনের সদস্যদের নিশানা করেছিলেন। তিনি তদন্তে কর্তৃপক্ষকে কোনো সহায়তা করছেন না।

সিবিএসকে ব্ল্যাঞ্চ আরও বলেন, তদন্তকারীরা জানতে পেরেছেন ওই ব্যক্তি ওয়াশিংটন হিলটন হোটেলে অবস্থান করছিলেন যেখানে অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছিল।