News update
  • 32 officials involved in ‘controversial’ 2018 polls get retirement     |     
  • Access to finance BD's weakest business pillar despite improvement      |     
  • BAU researchers develop duck plague vaccine using local virus     |     
  • Govt Restores Ad-Din Hospital Licence With Conditions     |     
  • PM Urges Editors to Balance Criticism with Govt Initiatives     |     

দেশকে সংঘাত ও অনিশ্চয়তার দিকে নিয়ে যাওয়া হচ্ছে -মুসলিম লীগ

রাজনীতি 2022-10-22, 9:14pm

BML News Pic 22 Oct 2022



জনগণের প্রত্যাশাকে উপেক্ষা করে ও অধিকাংশ বিরোধী দলের দাবী দাওয়ার কথা কর্ণপাত না করে ক্ষমতাসীনরা পরিকল্পিত ও উদ্দেশ্যমূলক ভাবে দেশকে অস্থিতিশীলতা, সংঘাত ও চরম অনিশ্চয়তার দিকে নিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন ঐতিহ্যবাহী রাজনৈতিক দল বাংলাদেশ মুসলিম লীগ নেতৃবৃন্দ। আজ (২২ অক্টোবর) বাদ যোহর বাংলাদেশ মুসলিম লীগের উদ্যোগে দলের সাবেক সভাপতি, সাবেক এমপি এ্যাড এ.এন.এম ইউসুফের ১৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দলের কেন্দ্রীয় কার্যালয়ে নির্বাহী সভাপতি আব্দুল আজিজ হাওলাদারের সভাপতিত্বে আয়োজিত এক স্মরণ সভা ও দোয়া মাহফিলে দলীয় নেতৃবৃন্দ উপরোক্ত মন্তব্য করেন। আরও উপস্থিত ছিলেন দলীয় মহাসচিব কাজী আবুল খায়ের, স্থায়ী কমিটির সদস্য আনোয়ার হোসেন আবুড়ী, সহ-সভাপতি নজরুল ইসলাম ও এ্যাড আফতাব হোসেন মোল্লা, অতি: মহাসচিব কাফী কাজী, সাংগঠনিক সম্পাদক খান আসাদ, কেন্দ্রীয় নেতা এ্যাড. আবু সাঈদ মোল্লা, ইঞ্জি: ওসমান গনী, আব্দুল খালেক, মোঃ মামুন প্রমুখ।

নেতৃবৃন্দ বলেন, ১৯৯৬সালে আন্দোলনের মাধ্যমে অর্জিত নিজেদেরই প্রস্তাবিত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটি ক্ষমতাসীনরা, ২০১১ সালে বাতিল করে দিয়ে দেশের রাজনৈতিক পরিবেশকে অস্থিতিশীল করে তুলেছে, যার এখনো কোন রাজনৈতিক সমাধান বের হয়নি। ক্ষমতাসীন সরকারের অধীনে অনুষ্ঠিত দশম ও একাদশ সংসদ নির্বাচন দুটি দেশীয় এবং আন্তর্জাতিক মহলে শুধু অগ্রহণযোগ্য ও প্রশ্নবিদ্ধই হয়নি বরং সম্পূর্ণ ইলেকশন সিস্টেম ও গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থাকেই নতুন সংকটে ফেলে দিয়েছে। এমতাবস্থায় নির্বাচন কমিশনকে ক্ষমতাসীনদের ক্ষমতার দাপটে প্রায়ই অসহায় হয়ে পড়তে দেখা যাচ্ছে, তারাও স্বাধীন ভাবে কাজ করতে পারছে না। বাংলাদেশের সিংহভাগ জনগণ বিশ্বাস করে বর্তমান প্রেক্ষাপটে ক্ষমতাসীন দলের অধীনে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অসম্ভব। জনগণের বিশ্বাসের সাথে একমত হয়ে বিরোধী দলগুলোর সংসদ ভেঙে দিয়ে -নিরপেক্ষ নির্বাচন কালীন সরকার ব্যবস্থা প্রবর্তনের দাবীকে, ক্ষমতাসীনরা ধারাবাহিকভাবে অবজ্ঞা ও উপেক্ষা করে, দেশকে আজ এক চরম অনিশ্চয়তা ও ভয়াবহ সংঘাতের পর্যায়ে নিয়ে এসেছে। বিভিন্ন আভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সংকটে সকলেই যখন ৭৪এর মত আরো একটি দুর্ভিক্ষের মুখোমুখি হওয়ার আশংকায় আশঙ্কিত, দ্রব্যমূল্যের ভয়াবহ লাগামহীন ঊর্ধ্বগতিতে জনজীবন বিপর্যস্ত, এরকম নাজুক সময়ে আভ্যন্তরীণ রাজনৈতিক সংকট থেকে সৃষ্ট সংঘাত গৃহযুদ্ধের দিকে মোড় নিলে অবাক হওয়ার কিছু থাকবে না। সার্বিক পরিস্থিতি বিবেচনায় মুসলিম লীগ নেতৃবৃন্দ ক্ষমতাসীনদের নিকট, অনতিবিলম্বে সংবিধান সংশোধন করে গ্রহণযোগ্য নির্বাচনকালীন সরকার ব্যবস্থা প্রবর্তনের জোর দাবী জানান। সভা শেষে এ্যাড. এ.এন.এম ইউসুফের স্মৃতিচারণ পূর্বক তার রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। - প্রেস বিজ্ঞপ্তি

সংবাদ প্রেরক - কাজী এ.এ কাফী, অতি: মহাসচিব, ০১৮১৭০১৪৪৪০