News update
  • 8 Die of Dengue as 1,595 More Are Hospitalised     |     
  • Hasina to Face Execution Process if She Returns: Prosecutor     |     
  • US to become 1st nation to fully shun a UNHR Council review     |     
  • Govt Sees No Legal Hurdle to Hasina’s Return: Adviser     |     
  • Egrets reappear along Buriganga after many years     |     

চোখে দেখা যায় না, তবুও দাম বিলিয়ন বিলিয়ন ডলার

গ্রীণওয়াচ ডেস্ক বিজ্ঞান ও প্রযুক্তি 2026-11-10, 6:41pm

img_20261110_184153-ed7641050073d4861d21d6507226b1131794314546.jpg




একটি কোম্পানির বিশাল কারখানা নেই, চোখে পড়ার মতো জমিজমা নেই, এমনকি পণ্য তৈরির জন্য বড় কোনো যন্ত্রপাতিও নেই। অথচ সেই কোম্পানির বাজারমূল্য কয়েকশ বিলিয়ন ডলার। অন্যদিকে, একটি ছোট্ট সফটওয়্যার, জনপ্রিয় একটি ব্র্যান্ডের নাম, কয়েক কোটি মানুষের ব্যবহারসংক্রান্ত তথ্য কিংবা একটি নতুন প্রযুক্তির পেটেন্টে মূল্য কখনও কখনও দৃশ্যমান সম্পদের চেয়েও অনেক বেশি।

এখানেই আধুনিক অর্থনীতির এক বিস্ময়কর বাস্তবতা: সম্পদ মানেই শুধু জমি, সোনা, ভবন বা যন্ত্রপাতি নয়। অনেক সময় সবচেয়ে দামি সম্পদটি থাকে মানুষের মস্তিষ্কে, কম্পিউটারের সার্ভারে কিংবা আইনের সুরক্ষায় থাকা কোনো ধারণার মধ্যে।

অর্থনীতির ভাষায় এসব সম্পদের বড় একটি অংশকে বলা হয় ইনট্যানজিবেল এ্যাসেট বা অদৃশ্য সম্পদ। এগুলো হাতে ধরা যায় না, কিন্তু ব্যবসার আয়, প্রতিষ্ঠানের প্রতিযোগিতার ক্ষমতা এবং ভবিষ্যৎ বাজারমূল্য নির্ধারণে বড় ভূমিকা রাখে।

এই অদৃশ্য সম্পদের জগতে সবচেয়ে আলোচিত তিনটি বিষয় হলো—ডেটা, মেধাস্বত্ব এবং জ্ঞানভিত্তিক সম্পদ।

১০ ট্রিলিয়ন ডলারের অদৃশ্য অর্থনীতি

অদৃশ্য সম্পদ যে কেবল প্রযুক্তি কোম্পানির আলোচনার বিষয়, তা নয়। বিশ্ব অর্থনীতির বিনিয়োগের ধরনই বদলে দিচ্ছে এই সম্পদ।

বিশ্ব মেধাস্বত্ব সংস্থা (ডব্লিউআইপিও) ও লুইস বিজনেস স্কুলের ২০২৬ সালের ওয়ার্ল্ড ইনট্যানজিবল ইনভেস্টমেন্ট হাইলাইটস প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালে ২৯টি অর্থনীতিতে অদৃশ্য সম্পদে বিনিয়োগ ১০ ট্রিলিয়ন ডলারের সীমা ছাড়িয়েছে। এই ২৯টি অর্থনীতি সম্মিলিতভাবে বিশ্বের মোট জিডিপির প্রায় ৫৭ শতাংশের প্রতিনিধিত্ব করে।

প্রতিবেদনটির আরও গুরুত্বপূর্ণ তথ্য হলো, ২০০৮ থেকে ২০২৫ সালের মধ্যে অদৃশ্য সম্পদে বিনিয়োগ বেড়েছে বছরে গড়ে ৩ দশমিক ৫ শতাংশ হারে। একই সময়ে ভবন, যন্ত্রপাতি ও অন্যান্য দৃশ্যমান সম্পদে বিনিয়োগ বেড়েছে মাত্র ০.৯৮ শতাংশ হারে। অর্থাৎ, এই সময়ে অদৃশ্য সম্পদে বিনিয়োগের প্রবৃদ্ধি দৃশ্যমান সম্পদের তুলনায় সাড়ে তিন গুণেরও বেশি।

এই বিনিয়োগের মধ্যে রয়েছে সফটওয়্যার, ডাটাবেজ, গবেষণা ও উন্নয়ন, ব্র্যান্ড, নকশা, সাংগঠনিক দক্ষতা এবং মেধাস্বত্ব।

তবে এখানে একটি পার্থক্য মনে রাখা জরুরি। ১০ ট্রিলিয়ন ডলার হলো অদৃশ্য সম্পদে এক বছরে করা বিনিয়োগের পরিমাণ; এটি পৃথিবীর সব অদৃশ্য সম্পদের মোট বাজারমূল্য নয়।

প্রতিবেদনটি আরও দেখিয়েছে, অদৃশ্য সম্পদে বিনিয়োগের পরিমাণে যুক্তরাষ্ট্র এগিয়ে। ২০২৫ সালে দেশটিতে এই বিনিয়োগ প্রায় ৫ ট্রিলিয়ন ডলারে পৌঁছায়। জাপান ও জার্মানিও বড় বিনিয়োগকারী অর্থনীতির তালিকায় রয়েছে। অন্যদিকে, জিডিপির তুলনায় অদৃশ্য সম্পদে বিনিয়োগের ঘনত্বে সুইডেন শীর্ষে।

অর্থাৎ, বিশ্ব অর্থনীতির প্রতিযোগিতা এখন শুধু কে কত কারখানা বানাল, কে কত জমি কিনল, সেই হিসাবের মধ্যে সীমাবদ্ধ নেই। কে কত ভালো প্রযুক্তি তৈরি করল, কার ডাটা বেশি কার্যকর, কার ব্র্যান্ডের প্রতি মানুষের আস্থা বেশি, এসবও অর্থনৈতিক শক্তির বড় মাপকাঠি হয়ে উঠছে।

ডাটা: নতুন যুগের সোনার খনি

আপনি প্রতিদিন মোবাইলে কী খুঁজছেন, কোন ভিডিও দেখছেন, অনলাইনে কী কিনছেন, কোথায় যাচ্ছেন কিংবা কোন খবর পড়ছেন- এসব কর্মকাণ্ডের মধ্য দিয়ে তৈরি হচ্ছে বিপুল পরিমাণ ডাটা।

এই তথ্যগুলো আলাদা আলাদা অবস্থায় হয়তো খুব বেশি মূল্যবান নয়। কিন্তু সঠিকভাবে সংগ্রহ, বিশ্লেষণ ও ব্যবহার করা গেলে এগুলো ব্যবসার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্পদে পরিণত হতে পারে।

ধরা যাক, একটি অনলাইন দোকান জানতে পারল, তার গ্রাহকদের বড় একটি অংশ প্রতি মাসের শেষ সপ্তাহে নির্দিষ্ট ধরনের পণ্য কেনেন। এই তথ্য ব্যবহার করে প্রতিষ্ঠানটি আগেই পণ্যের মজুত বাড়াতে পারে, বিজ্ঞাপন সাজাতে পারে এবং বিক্রির পরিকল্পনা করতে পারে।

একইভাবে, কোনো পরিবহন প্রতিষ্ঠান যাত্রীদের যাতায়াতের তথ্য বিশ্লেষণ করে বুঝতে পারে কোন রুটে কখন বেশি যাত্রী থাকে। একটি হাসপাতাল রোগীর তথ্য বিশ্লেষণ করে চিকিৎসাসেবার পরিকল্পনা উন্নত করতে পারে। কৃষি প্রতিষ্ঠান আবহাওয়া, মাটির অবস্থা ও ফসলের তথ্য ব্যবহার করে উৎপাদন বাড়ানোর কৌশল তৈরি করতে পারে।

ডাটার মূল্য এখানেই- এটি শুধু অতীতের ঘটনা সংরক্ষণ করে না; ভবিষ্যৎ সম্পর্কে সিদ্ধান্ত নিতেও সাহায্য করে।

অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থা (ওইসিডি) ২০২২ সালের এক গবেষণায় ডাটাকে অদৃশ্য সম্পদ হিসেবে বিবেচনা করেছে। সংস্থাটির মতে, ডাটা উৎপাদন ও সেবার গুরুত্বপূর্ণ উপাদান হয়ে উঠেছে। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তার অ্যালগরিদম প্রশিক্ষণ, ব্যবসায়িক সিদ্ধান্ত এবং উৎপাদনশীলতা বাড়ানোর ক্ষেত্রে এর ভূমিকা বাড়ছে।

তবে সব ডাটার মূল্য সমান নয়। ভুল, পুরোনো, অসম্পূর্ণ কিংবা অপ্রাসঙ্গিক তথ্যের বাণিজ্যিক মূল্য কম হতে পারে। আবার সঠিক, হালনাগাদ, নির্ভরযোগ্য এবং নির্দিষ্ট কাজে ব্যবহারযোগ্য তথ্য একটি প্রতিষ্ঠানের বড় প্রতিযোগিতামূলক সুবিধা তৈরি করতে পারে।

এখানে ব্যক্তিগত গোপনীয়তার বিষয়টিও গুরুত্বপূর্ণ। কোনো প্রতিষ্ঠানের কাছে মানুষের তথ্য থাকলেই যে সে ইচ্ছামতো তা ব্যবহার বা বিক্রি করতে পারবে, এমন নয়। তথ্য সংগ্রহ, সংরক্ষণ ও ব্যবহারের ক্ষেত্রে আইন, সম্মতি এবং নিরাপত্তার বিষয় রয়েছে।

মেধাস্বত্ব: একটি ধারণাও হতে পারে কোটি টাকার সম্পদ

একজন বিজ্ঞানী নতুন কোনো ওষুধ তৈরির প্রযুক্তি আবিষ্কার করলেন। একজন প্রকৌশলী তৈরি করলেন নতুন যন্ত্রের নকশা। একজন লেখক লিখলেন বই, একজন সংগীতশিল্পী তৈরি করলেন গান। একজন উদ্যোক্তা গড়ে তুললেন এমন একটি ব্র্যান্ড, যার নাম শুনলেই মানুষ পণ্যের মান সম্পর্কে ধারণা পায়।

এসব সৃষ্টির পেছনে রয়েছে মানুষের জ্ঞান, শ্রম, সময় ও সৃজনশীলতা। এগুলোর আইনি সুরক্ষার ব্যবস্থাকেই বলা হয় মেধাস্বত্ব বা ইন্টেলেকচুয়াল প্রপার্টি।

মেধাস্বত্বের কয়েকটি গুরুত্বপূর্ণ ধরন রয়েছে:

পেটেন্ট: নতুন কোনো আবিষ্কার বা প্রযুক্তিগত উদ্ভাবনের জন্য নির্দিষ্ট শর্তে আইনি অধিকার দেয়। ফলে নির্দিষ্ট সময় পর্যন্ত আবিষ্কারটির বাণিজ্যিক ব্যবহারে আবিষ্কারক বা অধিকারী বিশেষ নিয়ন্ত্রণ পান।

কপিরাইট: বই, গান, চলচ্চিত্র, ছবি, সফটওয়্যার, সংবাদচিত্রসহ সৃজনশীল কাজের প্রকাশ ও ব্যবহারের ক্ষেত্রে স্রষ্টার অধিকার রক্ষা করে।

ট্রেডমার্ক: কোনো প্রতিষ্ঠানের নাম, লোগো, প্রতীক বা পণ্যকে অন্যদের থেকে আলাদা করতে সাহায্য করে। যেমন একটি পরিচিত ব্র্যান্ডের লোগো দেখেই ক্রেতা পণ্যটি চিনতে পারেন।

ইন্ডাস্ট্রিয়াল ডিজাইন: কোনো পণ্য বা সামগ্রীর বাহ্যিক নকশা ও আকৃতির সুরক্ষা দেয়।

ট্রেড সিক্রেট বা বাণিজ্যিক গোপনীয়তা: কোনো প্রতিষ্ঠানের গোপন সূত্র, উৎপাদনপদ্ধতি, ব্যবসায়িক কৌশল কিংবা বিশেষ তথ্যকে সুরক্ষিত রাখে।

একটি প্রতিষ্ঠানের কারখানা অন্য কেউ কিনে নিতে পারে, যন্ত্রপাতির নকল তৈরি করতে পারে। কিন্তু আইনিভাবে সুরক্ষিত কোনো পেটেন্ট, কপিরাইট বা ব্র্যান্ডের অধিকার সহজে নিজের করে নেওয়া যায় না। এখানেই মেধাস্বত্বের অর্থনৈতিক শক্তি।

বিশ্ব মেধাস্বত্ব সংস্থা (ডব্লিউআইপিও) বলছে, মেধাস্বত্ব ও সংশ্লিষ্ট অদৃশ্য সম্পদ আধুনিক জ্ঞানভিত্তিক অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি। এগুলো উদ্ভাবন, উৎপাদনশীলতা, ব্র্যান্ডের সুনাম এবং বাজারে প্রতিযোগিতার সক্ষমতা বাড়াতে সাহায্য করে।

একটি ব্র্যান্ডের নাম কেন এত দামি?

ধরা যাক, বাজারে একই ধরনের দুটি জুতা পাওয়া যায়। দুটির উপাদান, গুণমান ও উৎপাদন খরচ প্রায় একই। কিন্তু একটি বিশ্বখ্যাত ব্র্যান্ডের, অন্যটি অপরিচিত প্রতিষ্ঠানের।

অনেক ক্রেতা পরিচিত ব্র্যান্ডের জুতাটির জন্য বেশি দাম দিতে রাজি হন। কারণ তারা শুধু জুতা কিনছেন না; কিনছেন পরিচিতি, আস্থা, অভিজ্ঞতা এবং একটি নির্দিষ্ট মানের প্রত্যাশা। এটাই ব্র্যান্ডের অদৃশ্য মূল্য।

ব্র্যান্ডের নাম বা লোগো নিজে কোনো পণ্য নয়। কিন্তু সেটি ক্রেতার সিদ্ধান্তকে প্রভাবিত করে, বাজারে প্রতিষ্ঠানের অবস্থান শক্ত করে এবং অনেক ক্ষেত্রে বেশি দামে পণ্য বিক্রির সুযোগ তৈরি করে।

ডব্লিউআইপিও-র ২০২৬ সালের প্রতিবেদনে ব্র্যান্ডকে অদৃশ্য সম্পদের একটি গুরুত্বপূর্ণ বিনিয়োগ ক্ষেত্র হিসেবে আলাদা গুরুত্ব দেওয়া হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, সফটওয়্যার, ডাটাবেজ, সাংগঠনিক দক্ষতা ও ব্র্যান্ড- এসব সম্পদ আধুনিক প্রতিষ্ঠানের মূল্য তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

একটি ব্র্যান্ড তৈরি করতে বছরের পর বছর সময় লাগে। বিজ্ঞাপন, পণ্যের মান, গ্রাহকের অভিজ্ঞতা এবং বিশ্বাসের মাধ্যমে সেটি গড়ে ওঠে। কিন্তু একবার প্রতিষ্ঠিত হলে ব্র্যান্ড নিজেই প্রতিষ্ঠানের বড় সম্পদে পরিণত হতে পারে।

সফটওয়্যার ও অ্যালগরিদম: যন্ত্রের চেয়েও দামি হতে পারে কোড

একটি স্মার্টফোনের ভেতরে থাকা যন্ত্রাংশ চোখে দেখা যায়। কিন্তু ফোনটি কীভাবে কাজ করবে, কোন অ্যাপ কীভাবে চলবে, কোন তথ্য ব্যবহারকারীকে দেখানো হবে- এসব নিয়ন্ত্রণ করে সফটওয়্যার।

একটি সফটওয়্যার তৈরি করতে হাজার হাজার ঘণ্টার গবেষণা, পরিকল্পনা ও কোডিং প্রয়োজন হতে পারে। কিন্তু তৈরি হয়ে গেলে একই সফটওয়্যার লাখ লাখ বা কোটি কোটি মানুষের কাছে পৌঁছে দেওয়া সম্ভব।

এখানে উৎপাদনের ধরনটাই আলাদা। একটি কারখানায় নতুন পণ্য তৈরি করতে প্রতিবার কাঁচামাল ও শ্রমের প্রয়োজন হয়। কিন্তু একটি সফটওয়্যারের মূল সংস্করণ তৈরি হওয়ার পর তা আরও বহু ব্যবহারকারীর কাছে পৌঁছে দিতে তুলনামূলক কম অতিরিক্ত খরচ হতে পারে।

আবার অ্যালগরিদম কোনো প্রতিষ্ঠানের ব্যবসায়িক শক্তির উৎস হতে পারে। কোন গ্রাহককে কোন পণ্য দেখানো হবে, কোন ভিডিওটি কার সামনে আসবে কিংবা কোন পথে পণ্য পৌঁছালে সময় ও খরচ কম হবে, এসব সিদ্ধান্তে অ্যালগরিদম কাজ করে।

কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে এই সম্পদের গুরুত্ব আরও বেড়েছে। একটি এআই মডেলের পেছনে থাকে গবেষণা, সফটওয়্যার, প্রশিক্ষণ-ডেটা, কম্পিউটিং অবকাঠামো এবং দক্ষ মানুষের কাজ। এর অনেক কিছুই সরাসরি দেখা যায় না, কিন্তু পুরো প্রযুক্তিটির কার্যকারিতা নির্ভর করে এগুলোর ওপর।

মানুষের মেধা ও দক্ষতাও কি সম্পদ?

একটি প্রতিষ্ঠানের সবচেয়ে মূল্যবান সম্পদ সব সময় তার ভবন বা যন্ত্রপাতি নয়। কখনও কখনও তার প্রকৌশলী, গবেষক, ডিজাইনার, সাংবাদিক, চিকিৎসক কিংবা দক্ষ ব্যবস্থাপকদের জ্ঞানই প্রতিষ্ঠানের সবচেয়ে বড় শক্তি।

একজন দক্ষ কর্মী বছরের পর বছর অভিজ্ঞতা অর্জন করেন। তিনি জানেন কীভাবে জটিল সমস্যার সমাধান করতে হয়, কীভাবে কম খরচে ভালো পণ্য তৈরি করা যায় কিংবা কীভাবে গ্রাহকের আস্থা অর্জন করতে হয়।

এই জ্ঞানকে বলা হয় মানবসম্পদ বা হিউম্যান ক্যাপিটাল। আবার প্রতিষ্ঠানের ভেতরে কাজ করার পদ্ধতি, দলগত অভিজ্ঞতা, ব্যবস্থাপনা ও সাংগঠনিক দক্ষতাকে বলা হয় অরগানাইজাল ক্যাপিটাল।

এগুলো সব সময় কোনো সম্পদ হিসেবে প্রতিষ্ঠানের হিসাবের খাতায় দেখা যায় না। কিন্তু উৎপাদনশীলতা, উদ্ভাবন ও দীর্ঘমেয়াদি সাফল্যে এগুলোর প্রভাব অনেক বড়।

একটি প্রতিষ্ঠানের যন্ত্রপাতি কিনে নেওয়া সম্ভব। কিন্তু তার কর্মীদের অভিজ্ঞতা, কাজের সংস্কৃতি ও বছরের পর বছর ধরে তৈরি হওয়া দক্ষতার হুবহু নকল তৈরি করা সহজ নয়।

অদৃশ্য সম্পদের দাম নির্ধারণ করা হয় কীভাবে?

এখানেই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। একটি জমির দাম নির্ধারণ করা তুলনামূলক সহজ। জমির আয়তন, অবস্থান ও বাজারদর জানা যায়। কিন্তু একটি সফটওয়্যার, ব্র্যান্ড কিংবা ডাটাবেজের মূল্য কত, তা নির্ধারণ করা অনেক কঠিন।

সাধারণত কয়েকটি পদ্ধতিতে অদৃশ্য সম্পদের মূল্যায়ন করা হয়।

প্রথমত, ভবিষ্যতে সম্পদটি কত আয় তৈরি করতে পারে, তা হিসাব করা হয়। যেমন একটি সফটওয়্যার থেকে আগামী কয়েক বছরে কত সাবস্ক্রিপশন আয় আসতে পারে।

দ্বিতীয়ত, একই ধরনের সম্পদ তৈরি করতে বা কিনতে কত খরচ হবে, তা বিবেচনা করা হয়।

তৃতীয়ত, একই ধরনের সম্পদ বাজারে কত দামে বিক্রি বা লাইসেন্স দেওয়া হয়েছে, তার সঙ্গে তুলনা করা হয়।

তবে সব অদৃশ্য সম্পদের মূল্য এভাবে নির্ভুলভাবে নির্ধারণ করা যায় না। একটি জনপ্রিয় ব্র্যান্ডের সুনাম, একটি প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ জ্ঞান কিংবা একটি বিশাল ডাটাবেজের ভবিষ্যৎ ব্যবহার কতটা আয় তৈরি করবে, তা অনেক সময় অনিশ্চিত।

আন্তর্জাতিক আর্থিক প্রতিবেদন মানদণ্ড আইএএস ৩৮ অনুযায়ী, কোনো অদৃশ্য সম্পদকে হিসাবের খাতায় স্বীকৃতি দিতে হলে সেটি শনাক্তযোগ্য হতে হবে, ভবিষ্যতে অর্থনৈতিক সুবিধা আসার সম্ভাবনা থাকতে হবে এবং তার ব্যয় নির্ভরযোগ্যভাবে পরিমাপ করা সম্ভব হতে হবে।

এ কারণেই কোনো প্রতিষ্ঠানের নিজস্বভাবে তৈরি করা ব্র্যান্ড, গ্রাহক তালিকা বা সুনাম সব সময় তার ব্যালান্স শিটে আলাদা সম্পদ হিসেবে দেখা যায় না। অথচ বাস্তবে সেগুলোর বাণিজ্যিক মূল্য অনেক বড় হতে পারে।

অদৃশ্য সম্পদের ঝুঁকিও কম নয়

অদৃশ্য সম্পদের মূল্য যেমন অনেক বেশি হতে পারে, তেমনি এগুলোর ঝুঁকিও রয়েছে।

একটি প্রতিষ্ঠানের ডেটাবেজ হ্যাক হলে গ্রাহকের তথ্য ফাঁস হতে পারে। কোনো সফটওয়্যারের নিরাপত্তা দুর্বল হলে ব্যবসা ক্ষতিগ্রস্ত হতে পারে। কোনো প্রতিষ্ঠানের জনপ্রিয় ব্র্যান্ডের সুনাম নষ্ট হলে বিক্রি কমে যেতে পারে।

মেধাস্বত্বের ক্ষেত্রেও রয়েছে চ্যালেঞ্জ। পেটেন্ট বা কপিরাইট লঙ্ঘন হলে আইনি লড়াই শুরু হতে পারে। আবার কোনো প্রযুক্তি পুরোনো হয়ে গেলে তার বাণিজ্যিক মূল্য দ্রুত কমে যেতে পারে।

কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে আরও একটি প্রশ্ন সামনে এসেছে- প্রশিক্ষণের জন্য ব্যবহৃত ডাটা ও সৃজনশীল কাজের অধিকার কার? কোনো ছবি, লেখা, গান বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা হলে তার দায় কার ওপর পড়বে? এসব প্রশ্নের উত্তর খুঁজতে বিশ্বজুড়ে আইন ও নীতিমালা নিয়ে আলোচনা চলছে।

অর্থাৎ, অদৃশ্য সম্পদ তৈরি করাই যথেষ্ট নয়, সেগুলোকে সুরক্ষিত রাখা, সঠিকভাবে ব্যবহার করা এবং আইনি অধিকার নিশ্চিত করাও জরুরি।

ভবিষ্যতের সম্পদ চোখে দেখা যাবে না, কিন্তু তার প্রভাব হবে বাস্তব

একসময় একটি দেশের অর্থনৈতিক শক্তি বোঝার জন্য দেখা হতো তার কত জমি আছে, কত কারখানা আছে, কত সোনা মজুত আছে কিংবা কত পণ্য উৎপাদন করতে পারে। এখন সেই হিসাবের সঙ্গে যুক্ত হয়েছে আরও কিছু বিষয়- দেশটির প্রযুক্তিগত জ্ঞান কতটা উন্নত, তার প্রতিষ্ঠানগুলো কতটা উদ্ভাবনী, ডাটা কতটা কার্যকরভাবে ব্যবহার করতে পারে এবং বিশ্ববাজারে তার ব্র্যান্ডের অবস্থান কেমন।

অদৃশ্য সম্পদ মানে কল্পিত সম্পদ নয়। এর অর্থনৈতিক প্রভাব বাস্তব। এটি নতুন ব্যবসা তৈরি করে, কর্মসংস্থান বাড়ায়, উৎপাদনশীলতা উন্নত করে এবং কোনো প্রতিষ্ঠান বা দেশকে অন্যদের চেয়ে এগিয়ে দিতে পারে।

সোনা বা জমি চোখে দেখা যায়। কিন্তু একটি পেটেন্ট, একটি সফটওয়্যার, একটি ব্র্যান্ড কিংবা একটি কার্যকর ডাটাবেজের মূল্য বোঝা যায় তার তৈরি করা অর্থনৈতিক সুবিধায়।

ভবিষ্যতের সবচেয়ে বড় সম্পদ আর গুদামে জমা থাকবে না, থাকবে সার্ভারে, গবেষণাগারে, মানুষের মেধায় এবং আইনের সুরক্ষায় থাকা সৃজনশীল ধারণায়।

পৃথিবীর অর্থনীতি তাই ধীরে ধীরে এমন এক বাস্তবতার দিকে এগোচ্ছে, যেখানে সম্পদের মূল্য নির্ধারণে তার ওজন নয়, বরং তার জ্ঞান, ব্যবহার ও ভবিষ্যৎ সম্ভাবনাই হয়ে উঠছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।