News update
  • Voting in presidential election Thursday     |     
  • Nairobi Biodiversity Talks Set the Stage for Key COP17 Decisions     |     
  • Indigenous Peoples Call for Meaningful Influence in Climate Discussions — Nia Tero     |     
  • Demand for an hour-long a weekly BTV program titled “Farmer’s Thoughts”     |     
  • ECNEC Approves 10 Projects Worth Tk 9,333 Crore     |     

রবি, ইআরএফ ও ব্রিটিশ কাউন্সিলের উদ্যোগে সাংবাদিকদের যোগাযোগ দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ

গ্রীণওয়াচ ডেস্ক বিজ্ঞান ও প্রযুক্তি 2026-06-28, 7:24pm

img_20260628_192011-7e3df5b917fcaf6cd5944a339e2207761782653059.jpg




অর্থনীতি বিষয়ক সাংবাদিকদের জন্য রবি, ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) এবং ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের যৌথ উদ্যোগে আয়োজিত পেশাগত দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন হয়েছে। এই প্রশিক্ষণ দ্রুত পরিবর্তনশীল গণমাধ্যম পরিবেশে কাজের জন্য প্রয়োজনীয় দক্ষতা অর্জনে অংশগ্রহণকারী সাংবাদিকদের সহায়তা করবে।

বিশেষায়িত এই প্রশিক্ষণে অর্থনীতি বিষয়ক সাংবাদিকরা অংশ নেন। এতে ইংরেজি ভাষার দক্ষতা, যোগাযোগ কৌশল এবং বাস্তব সাংবাদিকতায় এসব দক্ষতার কার্যকর প্রয়োগের বিষয়ে ব্যবহারিক প্রশিক্ষণ দেওয়া হয়। পাশাপাশি আধুনিক গণমাধ্যমের পরিবর্তনকে প্রভাবিত করছে এমন সমসাময়িক বিভিন্ন বিষয় সম্পর্কেও অংশগ্রহণকারীদের ধারণা দেওয়া হয়।

রবিবার (২৮ জুন) ঢাকার ফুলার রোডে অবস্থিত ব্রিটিশ কাউন্সিলের মিলনায়তনে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণ সফলভাবে সম্পন্নকারী সাংবাদিকদের সনদ প্রদান করা হয়।

অনুষ্ঠানে ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর স্টিফেন ফোর্বস বলেন, “অর্থনৈতিক স্বচ্ছতা নিশ্চিত করে বিশ্বের কাছে বাংলাদেশের অবস্থান আরও জোরদার করার ক্ষেত্রে সাংবাদিকরা প্রধান ভূমিকা রাখেন। তাদের পাশে থাকতে পেরে আমরা গর্বিত। মানুষের ক্ষমতায়নের চিন্তা নিয়ে রবি আমাদের কাছে এসেছে। রবির সঙ্গে আমরা এই বিনিয়োগে অংশগ্রহণ করছি যা গণমাধ্যমকর্মীদের সক্ষমতা বাড়াবে এবং একইসাথে দেশের সামগ্রিক অর্থনৈতিক ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে।

রবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জিয়াদ সাতারা বলেন, “রবি বিশ্বাস করে যে জ্ঞান ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে মানুষকে ক্ষমতায়ন করা সম্ভব। আমাদের ‘অ্যাডভান্সিং ডিজিটাল সোসাইটি’ উদ্যোগের লক্ষ্য হলো মানুষের জন্য এমন সুযোগ তৈরি করা, যাতে তারা ডিজিটাল অর্থনীতিতে সক্রিয়ভাবে অংশ নিতে পারে। সমাজে দীর্ঘমেয়াদি ইতিবাচক প্রভাব তৈরি এবং বাংলাদেশের টেকসই উন্নয়নে অবদান রাখবে—এমন উদ্যোগের প্রতি রবি প্রতিশ্রুতিবদ্ধ। এই উদ্যোগ সফল করতে মূল্যবান অংশীদারিত্ব ও সহযোগিতার জন্য আমরা ব্রিটিশ কাউন্সিলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই।

এই প্রশিক্ষণ সাংবাদিকদের পেশাগত যোগাযোগ দক্ষতার উন্নয়ন এবং পরিবর্তনশীল গণমাধ্যম পরিবেশের সঙ্গে খাপ খাওয়াতে সহায়তা করবে। ভবিষ্যতেও সাংবাদিকদের উন্নয়নে এ ধরনের উদ্যোগে রবি তাদের সহযোগিতা অব্যাহত রাখবে।”

ইআরএফ সভাপতি দৌলত আকতার মালা বলেন, “সাংবাদিকদের পেশাগত দক্ষতা উন্নয়নে ক্রমাগত শেখার সুযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের উদ্যোগ সাংবাদিকদের শুধু দক্ষতা বৃদ্ধি করে না, বরং পরিবর্তনশীল গণমাধ্যম পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে এবং জনগণের সঙ্গে বোঝাপড়া বৃদ্ধিতে কার্যকর ভূমিকা রাখতে সহায়তা করে।

সাংবাদিকদের সক্ষমতা বৃদ্ধিতে বিভিন্ন প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অর্থনীতি বিষয়ক সাংবাদিকদের উন্নয়নে সময়োপযোগী এই উদ্যোগ গ্রহণ করায় আমরা রবি ও ব্রিটিশ কাউন্সিলকে ধন্যবাদ জানাই।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রবির চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার ব্যারিস্টার সাহেদ আলম, পাবলিক অ্যাফেয়ার্স অ্যান্ড সাসটেইনেবিলিটি ডিরেক্টর শরীফ শাহ জামাল রাজ, ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর ও হেড অব মার্কেট জুনায়েদ আহমেদ, ইআরএফের সাধারণ সম্পাদক আবুল কাশেম এবং ব্রিটিশ কাউন্সিল ও রবির ঊর্ধ্বতন কর্মকর্তারা।