News update
  • Nairobi Biodiversity Talks Set the Stage for Key COP17 Decisions     |     
  • Indigenous Peoples Call for Meaningful Influence in Climate Discussions — Nia Tero     |     
  • Demand for an hour-long a weekly BTV program titled “Farmer’s Thoughts”     |     
  • ECNEC Approves 10 Projects Worth Tk 9,333 Crore     |     
  • Dhaka ranks 6th among world’s most polluted cities     |     

“কৃষকের ভাবনা” শীর্ষক সপ্তাহে এক ঘণ্টার মতবিনিময় অনুষ্ঠান বিটিভিতে সম্প্রচারের দাবি

কৃষি 2026-08-19, 6:13pm

leaders-of-the-national-farmers-unity-foundation-on-tuesday-handed-over-a-petition-to-information-and-broadcasting-minister-zahiruddin-swapan-c1c31fd0d97bf9dccc7f154d3f7d50e71787142009.png

Leaders of the National Farmers Unity Foundation on Tuesday handed over a petition to Infomation and Broadcasting Minister Zahiruddin Swapan.



জাতীয় কৃষক ঐক্য ফাউন্ডেশন “কৃষকের ভাবনা” শীর্ষক সাপ্তাহিক এক ঘণ্টার মতবিনিময় অনুষ্ঠান সম্প্রচারের আবেদন জানিয়েছে। গতকাল মঙ্গলবার তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং মহাপরিচালক, বাংলাদেশ টেলিভিশন-এর বরাবরে দেয়া এক দরখাস্তে ফাউন্ডেশনের নেতারা এ আবেদন জানান।

দরখাস্তে ফাউন্ডেশন নেতারা বলেন, বাংলাদেশের অর্থনীতি, খাদ্যনিরাপত্তা ও গ্রামীণ জীবনের মূল ভিত্তি আমাদের কৃষকসমাজ। দেশের কৃষকেরা প্রতিনিয়ত উৎপাদন খরচ বৃদ্ধি, কৃষিপণ্যের ন্যায্যমূল্যের অভাব, সার-বীজ-কীটনাশকের মূল্য ও সরবরাহ, সেচ, কৃষিঋণ, ফসল সংরক্ষণ, বাজারজাতকরণ, জলবায়ু পরিবর্তন, রোগবালাইসহ নানাবিধ সমস্যার সম্মুখীন হচ্ছেন।

অনেক ক্ষেত্রে কৃষকের প্রকৃত সমস্যা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে যথাযথভাবে তুলে ধরার সুযোগ সীমিত। আবার কৃষি কর্মকর্তা ও বিশেষজ্ঞদের কাছ থেকে কৃষকের সরাসরি প্রশ্নের উত্তর পাওয়ারও পর্যাপ্ত সুযোগ নেই।

এ অবস্থায় বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে “কৃষকের ভাবনা” নামে একটি নিয়মিত সাপ্তাহিক মতবিনিময় অনুষ্ঠান চালু করা হলে কৃষক ও কৃষি বিভাগের মধ্যে সরাসরি যোগাযোগের একটি কার্যকর প্ল্যাটফর্ম সৃষ্টি হতে পারে।

প্রস্তাবিত ‘কৃষকের ভাবনা’ অনুষ্ঠানের সময়সীমা ১ ঘণ্টা, সপ্তাহে একদিন, মেয়াদ বছরব্যাপী বলে তারা উল্লেখ করেছেন।

তারা প্রস্তাব করেন, বাংলাদেশের প্রতিটি বিভাগ থেকে পর্যায়ক্রমে ২ জন করে কৃষক প্রতিনিধি, সংশ্লিষ্ট বিষয়ের একজন কৃষি কর্মকর্তা/কৃষি বিশেষজ্ঞ এবং অনুষ্ঠান সঞ্চালক এই অনিষ্ঠানে থাকবেন। অনুষ্ঠানে কৃষকেরা সরাসরি তাঁদের বাস্তব সমস্যাগুলো - কৃষিপণ্যের ন্যায্যমূল্য, সার, বীজ ও কীটনাশক, সেচ ও বিদ্যুৎ, কৃষিঋণ, কৃষি যান্ত্রিকীকরণ, রোগবালাই ও ফসলের ক্ষতি, ফসল সংরক্ষণ ও গুদাম, কৃষিপণ্য বাজারজাতকরণ, কৃষিপণ্যের আমদানি-রপ্তানি, জলবায়ু পরিবর্তনের প্রভাব, পাহাড়ি ও উপকূলীয় কৃষকের সমস্যা, কৃষকের জন্য সরকারি সুযোগ-সুবিধা,  কৃষি ভর্তুকি ও প্রণোদনা এবং কৃষি প্রযুক্তি ও আধুনিক চাষাবাদ -  তুলে ধরবেন। 

অনুষ্ঠানে উপস্থিত কৃষি কর্মকর্তা/বিশেষজ্ঞ সংশ্লিষ্ট প্রশ্নের উত্তর দেবেন এবং সম্ভাব্য সমাধান, সরকারি সহায়তা ও করণীয় সম্পর্কে কৃষকদের দিকনির্দেশনা দেবেন।

প্রয়োজনে কোনো সমস্যা তাৎক্ষণিকভাবে সমাধানযোগ্য না হলে সেটি নথিভুক্ত করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, অধিদপ্তর বা দপ্তরে পাঠানোর ব্যবস্থা করা যেতে পারে। পরবর্তী অনুষ্ঠানে সেই সমস্যার অগ্রগতি সম্পর্কেও কৃষকদের জানানো যেতে পারে।

জাতীয় কৃষক ঐক্য ফাউন্ডেশন মনে করে এ ধরনের অনুষ্ঠান নিয়মিত সম্প্রচার হলে কৃষক, কৃষি কর্মকর্তা  ও সরকার এই তিন পক্ষের মধ্যে সরাসরি যোগাযোগ তৈরি হবে।

একই সঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলের কৃষকের বাস্তব সমস্যা জাতীয় পর্যায়ে উঠে আসবে এবং সমস্যাগুলোর সমাধানের পথও উন্মুক্ত হবে। কৃষকের সফলতা, উদ্ভাবন ও ভালো কৃষি পদ্ধতিও দেশের অন্যান্য কৃষকের কাছে ছড়িয়ে দেওয়া সম্ভব হবে।

বিশেষ করে প্রত্যন্ত, পাহাড়ি, হাওর, চর ও উপকূলীয় এলাকার কৃষকদের সমস্যাগুলো জাতীয় গণমাধ্যমে তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ সুযোগ সৃষ্টি হবে।

“কৃষকের ভাবনা”  নামে সপ্তাহে প্রস্তাবিত এক ঘণ্টার একটি বছরব্যাপী কৃষক-কেন্দ্রিক মতবিনিময় অনুষ্ঠান বাংলাদেশ টেলিভিশনে পরীক্ষামূলকভাবে চালু করার জন্য ফাউন্ডেশনের নেতারা আবেদন করেন।

জাতীয় কৃষক ঐক্য ফাউন্ডেশন প্রয়োজনে অনুষ্ঠানের বিষয় নির্বাচন, কৃষক প্রতিনিধি মনোনয়ন এবং মাঠপর্যায়ের কৃষকদের সমস্যা বিষয়ক তথ্য সংগ্রহে বাংলাদেশ টেলিভিশনকে সহযোগিতা করতে আগ্রহী বলে দরখাস্তে উল্লেখ করা হয়। - প্রেস বিজ্ঞপ্তি