News update
  • Bangladesh, EU Push for FTA, Investment Pact Talks     |     
  • Over 1.14cr workers sent to Middle East in 22 years     |     
  • BNP finalizes 36 nominations for women’s seats in Parliament     |     
  • Alarming trans-fat levels in food despite regulations: BFSA      |     
  • BD, EU to sign Partnership Coop Agreement (PCA) Monday     |     

প্রথমবার শ্রীলঙ্কাকে হারাল বাংলাদেশ

গ্রীণওয়াচ ডেস্ক ক্রিকেট 2026-04-20, 5:28pm

erteyrtyrtyt-f0db29a68d76f7ee28ad363392da8c7d1776684480.jpg




শ্রীলঙ্কা নারী দলের দারুণ শুরুর পর শেষদিকে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। ৪৫ রানের মধ্যে ৬ উইকেট তুলে নিয়ে দুইশ রানেই আটকে রাখে লঙ্কানদের। এরপর ব্যাটিংয়ে অনবদ্য পারফরম্যান্স করেন শারমিন আক্তার সুপ্তা ও স্বর্ণা আক্তার। তাদের ব্যাটিংয়ে সহজ জয়ের পথে ছিল বাংলাদেশ নারী দল। কিন্তু শেষদিকে দ্রুত উইকেট হারিয়ে কঠিন করে জিতল ম্যাচ।

আজ সোমবার (২০ এপ্রিল) রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে আগে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ২০২ রান করে শ্রীলঙ্কা। জবাব দিতে নেমে ৪৮.৩ ওভারে ৭ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ।

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রতম ম্যাচে শ্রীলঙ্কাকে ৩ উইকেটে হারাল বাংলাদেশ। এতে প্রথমবারের মতো ওয়ানডেতে লঙ্কানদের হারানোর কীর্তি গড়ল টাইগ্রেসরা। 

ওয়ানডে ম্যাচে ২০৬ রানের লক্ষ্যটা বড় ছিল না। কিন্তু সেটি তাড়া করতে নেমেও শুরুতেই বড় ধাক্কা খেল বাংলাদেশ। দলীয় পাঁচ রানের মধ্যেই ফিরে গেলেন দুই ওপেনার জুয়াইরিয়া ফেরদৌস (৫ বলে ৫) আর শারমিন সুলতানা (৩ বলে ০)।

তিন নম্বরে নামা শারমিন আক্তার সুপ্তা আর চার নম্বরে নামা অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি দলের হাল ধরার চেষ্টা করেন। কিন্তু উইকেটে থিতু হয়েও ইনিংস বড় করতে পারেননি জ্যোতি। ২৯ বলে ১৩ রান করে তিনি ফিরলে ভাঙে ২৯ রানের জুটি।

এই ধাক্কা সামলে বাংলাদেশকে জয়ের আশা দেখান সুপ্তা আর পাঁচ নম্বরে নামা সোবহানা মোস্তারি। চতুর্থ উইকেটে ৮৭ রানের জুটি গড়েন এই দুজন। সোবহানা চোট নিয়ে মাঠ ছাড়লে শেষ হয় এই জুটি। রিটায়ার্ড হার্ট হয়ে ফেরার আগে ৫৬ বলে ৪১ রান করেন তিনি।

এরপর স্বর্ণা আক্তারকে নিয়ে আরেকটি পঞ্চাশোর্ধ্ব রানের জুটি গড়েন সুপ্তা। পঞ্চম উইকেটের এই জুটি থেকে আসে ১০২ বলে ৭৮ রান। হাফসেঞ্চুরি তুলে নিয়ে সেঞ্চুরির দিকে ছুটছিলেন সুপ্তা। অবশ্য তার আগেই তাকে থামতে হয়। ১২৭ বলে ৮৬ রান করে ফেরেন তিনি।

সুপ্তা যখন ফেরেন ততক্ষণে বাংলাদেশ অনেকটাই জয়ের বন্দরে পৌঁছে গেছেন। কিন্তু এরপরও দ্রুত ৩ উইকেট হারিয়ে শঙ্কা তৈরি করেছিল বাংলাদেশ। সুপ্তা ফেরার পর দ্রুতই ফিরে যান স্বর্ণা (৪৮ বলে ৩৫), রিতুমনি (৫ বলে ০) আর রাবেয়া খান (৪ বলে ১)।

তবে আর কোনো অঘটন ঘটতে দেননি নাহিদ আক্তার আর সুলতানা খাতুন। দুজন মিলে ৬ রানের সমীকরণ মিলিয়ে বাংলাদেশকে জয়ের বন্দরে নিয়ে যায়।

শ্রীলঙ্কা নারী দলের হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট শিকার করেন দেউমি বিহাঙ্গা। দুটি উইকেট নেনমালকি মাদারা। একটি করে উইকেট যায় নিমাশা মিপেজ ও ইনোকা রানাবীরার ঝুঁলিতে।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা দারুণ করেছিল শ্রীলঙ্কা। উদ্বোধনী জুটিতেই ৬৮ রান তুলে ফেলে সফরকারীরা। লঙ্কান অধিনায়ক হাসিনি পেরেরাকে ফিরিয়ে সেই জুটি ভাঙেন রিতুমনি। হাসিনি ফেরেন ৪১ বলে ২৭ রান করে। তিন নম্বরে নামা হারশিতা সামিরাবক্রিমাকে দ্রুতই ফেরান রিতু। ৬ বলে ২ রান করে ফেরেন তিনি।

চার নম্বরে নামা হানসিমা করুণারত্নকে নিয়ে তৃতীয় উেইকেটে পঞ্চাশোর্ধ্ব রানের জুটি গড়েন ইমেশা দুলানি। হাফসেঞ্চুরি তুলে নিয়ে ৭৭ বলে ৫২ করা ইমেশাকে ফিরিয়ে সেই জুটি ভাঙেন সুলতানা খাতুন।

ইমেশা ফিরলেও আরেকপ্রান্ত আগলে রেখে হাফসেঞ্চুরি তুলে নেন হানসিমাও। ৭১ বলে ৫৪ রান করা এই ব্যাটারকে থামান সোবহানা মোস্তারি। পাঁচ নম্বরে নেমে ৩৮ বলে ৩০ রান করা কাভিশা দিলহারিকে ফেরান রিতুমনি।

একটা সময় মনে হচ্ছিল আড়াইশ ছাড়িয়ে যাবে শ্রীলঙ্কার রান। কিন্তু শেষদিকে প্রতিরোধ গড়ে বাংলাদেশ। শেষের ৪৫ রানে ৬ উইকেট তুলে নেয় টাইগ্রেস বোলরারা। এতে দুইশ রানেই থামে লঙ্কানরা।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট শিকার করেন রিতুমনি। দুটি উইকেট নেন নাহিদ রানা। একটি করে উইকেট যায় মারুফা আক্তার, সুলতানা খাতুন, রাবেয়া খান আর সেবাহানা মোস্তারির ঝুঁলিতে।