
Human chain in Kalapara urging justice for the murder Shahidul Islam
পটুয়াখালী: কৃষিবিদ শহিদুল ইসলাম হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পটুয়াখালীর কলাপাড়ায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে উপজেলার মহিপুরে শিক্ষার্থী ও সর্বস্তরের জনগণের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা হত্যাকাণ্ডের বিচার দাবিতে বিভিন্ন শ্লোগান দিয়ে ব্যানার-প্ল্যাকার্ড প্রদর্শন করেন।
স্থানীয় মো. ফয়সাল গাজী বলেন, একজন নিরীহ ও সৎ কৃষিবিদকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার নিশ্চিত না হলে সমাজে অপরাধ প্রবণতা বাড়বে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন।
নিহত কৃষিবিদ শহিদুল ইসলাম'র বাবা মো. মতিউর রহমান বলেন, আমার ছেলেটা ছিল খুবই সৎ, পরিশ্রমী আর নিরীহ। সে কখনো কারও ক্ষতি করেনি। আজ তাকে যেভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে, তা আমি কোনোভাবেই মেনে নিতে পারছি না। একজন বাবা হিসেবে আমি শুধু আমার ছেলের হত্যার ন্যায় বিচার চাই। যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, তাদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক। আমি প্রশাসন ও সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি যাতে আর কোনো বাবাকে এভাবে সন্তান হারাতে না হয়।
মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল মহিপুর মৎস্য বন্দরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি শান্তিপূর্ণভাবে শেশ হয়। কর্মসূচিতে মহিপুর থানার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করেন।
এর আগে মাদারীপুরের শিবচরে নিখোঁজের তিন দিন পর কৃষিবিদ শহীদুল ইসলাম (৫২) এর হাত-পা বাঁধা লাশ উদ্ধার করে পুলিশ। শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার সূর্যনগর বাজারসংলগ্ন হাইওয়ে এক্সপ্রেসওয়ের নিচের একটি আন্ডারপাস থেকে লাশটি উদ্ধার করা হয়। শহীদুল ইসলাম আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কৃষি গবেষণা প্রতিষ্ঠান সিআইএমএমওয়াইটি-এর রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট কো-অর্ডিনেটর হিসেবে কর্মরত ছিলেন। - গোফরান পলাশ