
A parked Jeep was set ablaze in Kuakata on Saturday, 28 November 2026.
পটুয়াখালী: পটুয়াখালীর কুয়াকাটায় সড়কের পাশে দীর্ঘদিন ধরে পার্কিং করে রাখা পর্যটকবাহী একটি পরিত্যক্ত জিপে (চান্দেরগাড়ী) অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাত ১টার দিকে কুয়াকাটা চৌরাস্তার পূর্ব পাশে হোটেল আল-বেলালের সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, একসময় পর্যটকদের কুয়াকাটার বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরিয়ে দেখানোর কাজে ব্যবহৃত হতো জিপটি। তবে দীর্ঘদিন ধরে সেটি ওই স্থানে পার্কিং করে রাখা ছিল। বৃহস্পতিবার গভীর রাতে হঠাৎ গাড়িটিতে আগুন জ্বলতে দেখে স্থানীয়রা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন এবং নিয়ন্ত্রণে আনেন।
গাড়ির মালিক মো. ইমরান জানান, দীর্ঘদিন ধরে গাড়িটি ওই স্থানে পার্কিং করে রাখা হতো। ঘটনার সময় তিনি বাড়িতে ছিলেন। হঠাৎ খবর পান, কে বা কারা তার গাড়িতে আগুন দিয়েছে। দ্রুত ঘটনাস্থলে এসে দেখেন, আশপাশের লোকজন আগুন নেভানোর চেষ্টা করছেন।
তিনি বলেন, এটি যদি পাগল কিংবা দুর্ঘটনাবশত আগুন লাগার ঘটনা হতো, তাহলে অনেক আগেই এমন কিছু ঘটতে পারত। আমার ধারণা, কোনো দুষ্কৃতিকারী পরিকল্পিতভাবে গাড়িটিতে আগুন দিয়েছে। আমি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চাই।
প্রত্যক্ষদর্শী মো. শাহীন গাজী বলেন, আমরা কয়েকজন সৈকত এলাকায় আড্ডা দিচ্ছিলাম। হঠাৎ দেখি গাড়িটিতে দাউ দাউ করে আগুন জ্বলছে। পরে দৌড়ে এসে আগুন নেভানোর চেষ্টা করি।
এ বিষয়ে বক্তব্য জানতে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামিম হাওলাদারের সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিঁনি কেটে দেয়ায় বক্তব্য জানা যায়নি। - গোফরান পলাশ