News update
  • India Says Hasina Cannot Conduct Politics From Its Soil     |     
  • Bangladesh’s Bat-Making Hub Eyes Global Cricket Market     |     
  • Landslide Deaths: Rohingya Refugees Pay For A Warmer Climate      |     
  • Middle East crisis: Humanitarian fallout worsening by the day     |     
  • The climate pattern, El Niño, putting millions at risk     |     

ওটিটিতে আসছে সাদ-তুষির ‘অ্যানি’

গ্রীণওয়াচ ডেস্ক সেলিব্রিটি 2026-07-30, 10:50am

anni-afc227d967fb6c43a9b2b18379a8a7a51785387049.jpg




আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মঞ্চে বাংলাদেশের নাম উজ্জ্বল করার পর এবার দেশের দর্শকদের জন্য মুক্তি পাচ্ছে বহুল আলোচিত মিনি সিরিজ ‘অ্যানি’। শীঘ্রই জনপ্রিয় দেশীয় ওটিটি প্ল্যাটফর্ম ‘আইস্ক্রিন’-এ মুক্তি পাচ্ছে নাজিফা তুষি অভিনীত, নির্মাতা আবদুল্লাহ মোহাম্মাদ সাদের এই মিনিসিরিজ।

সিরিজটি দেশে মুক্তির লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (২৯ জুন) ‘আইস্ক্রিন’-এর প্রধান কার্যালয়ে নির্মাতা ও প্রযোজকদের উপস্থিতিতে চুক্তিটি সম্পন্ন হয়।

এ সময় উপস্থিত ছিলেন ইমপ্রেস টেলিফিল্ম ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, ‘অ্যানি’র নির্মাতা আবদুল্লাহ মোহাম্মাদ সাদ, প্রযোজক এহসানুল হক বাবু, সহ-প্রযোজক শিহাব নূরুন নবী, তানভীর হোসেন ও অন্যান্যরা।

প্রযোজক এহসানুল হক বাবু বলেন, ‘সেরিয়েনক্যাম্প ফেস্টিভ্যাল পেরিয়ে এবার আইস্ক্রিনের মাধ্যমে দেশের দর্শকদের কাছেও সিরিজটি পৌঁছে দিতে পারছি, যা আমাদের জন্য অত্যন্ত আনন্দের। আমরা বিশ্বাস করি, দর্শক ‘অ্যানি’র গল্প, নির্মাণশৈলী ও অভিনয়ে ভিন্ন এক অভিজ্ঞতা উপভোগ করবেন।’

সিরিজে নাম ভূমিকায় থাকা নাজিফা তুষির পাশাপাশি আরও অভিনয় করেছেন ইয়াশ রোহান, সাইমন সাদিক, সারিকা সাবরিন, ফারহানা মিঠু, নাজাহ সহ অনেকে।

এর আগে গত ৯ জুন জার্মানির কোলন শহরে অনুষ্ঠিত ‘সেরিয়েনক্যাম্প ফেস্টিভ্যাল’-এ ‘অ্যানি’র বিশ্ব প্রিমিয়ার অনুষ্ঠিত হয়। শুধুমাত্র ওয়েব সিরিজের জন্য নিবেদিত এই এক্সক্লুসিভ উৎসবে এবারই প্রথম বাংলাদেশের কোনো সিরিজ প্রদর্শিত হওয়ার বিরল গৌরব অর্জন করল।

এর আগে, ২০১৬ সালে নিজের প্রথম সিনেমা ‘লাইভ ফ্রম ঢাকা’ দিয়ে আলোচনায় আসেন সাদ। এরপর ২০২১ সালে দ্বিতীয় ছবি ‘রেহানা মরিয়ম নূর’ দিয়ে দেশজুড়ে আলোচনা সৃষ্টি করে জায়গা করে নিয়েছিলেন ফ্রান্সের সম্মানজনক কান চলচ্চিত্র উৎসবের গুরুত্বপূর্ণ বিভাগ ‘আঁ সার্তে রিগার’-এ। এটি ছিল কান চলচ্চিত্র উৎসবে অফিশিয়াল সিলেকশনে বাংলাদেশের প্রথম কোনো চলচ্চিত্র। এ ছাড়াও বিশ্বজুড়ে ১৫টির অধিক আন্তর্জাতিক উৎসবে জায়গা করে নিয়েছিল সাদের এই নির্মাণ।