News update
  • Dhaka Ranks 6th Among World's Most Polluted Cities on Thursday      |     
  • World Leaders See Tarique as Transformative Leader: Adviser     |     
  • Guterres Urges Climate Justice Pact at COP31     |     
  • Global Climate Action Stalls for Five Years: Report     |     
  • COP31 Update: Developing Nations Demand Action, Reject      |     

ইউরোপে থাকা মার্কিন ঘাঁটিতে হামলার হুমকি ইরানের

গ্রীণওয়াচ ডেস্ক সংঘাত 2026-11-12, 9:54am

iraaner_humki_thaamb-906464b598f175e38b9edf1eb2e0e6b11794455640.jpg




ইসলামিক প্রজাতন্ত্র ইরানের ওপর হামলার জন্য ব্যবহৃত হলে মধ্যপ্রাচ্যের বাইরে—এমনকি ইউরোপে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতেও আঘাত হানার হুমকি দিয়েছেন দেশটির নিরাপত্তা প্রধান মহসিন রেজাই। খবর বার্তা সংস্থা এএফপির।

লেবাননভিত্তিক আল মায়াদিন টিভিতে বুধবার (১১ নভেম্বর) সম্প্রচারিত এক সাক্ষাৎকারে মহসিন রেজাই বলেন, ‘যদি কোনো মার্কিন বিমান কোনো মার্কিন সামরিক ঘাঁটি—তা কোনো ইউরোপীয় দেশ বা অন্য কোনো দূরবর্তী অঞ্চলে অবস্থিত হলেও—ইরানে বোমা ফেলার উদ্দেশ্যে উড্ডয়ন করে, তবে আমরা সেই ঘাঁটিগুলোতেও পাল্টা হামলা চালাব।’

মহসিন রেজাই জানান, যুক্তরাষ্ট্রের নতুন করে পরিচালিত যেকোনো হামলার জবাবে ইরান আমেরিকার আরও দূরবর্তী সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করবে—যার মধ্যে এমন ঘাঁটিগুলোও থাকবে যেখানে আমরা এখনো হামলা চালাইনি। তবে নির্দিষ্ট কোনো ঘাঁটির নাম উল্লেখ করেননি তিনি।

তেহরানে গ্রহণ করা এই সাক্ষাৎকারে মহসিন রেজাই আরও বলেন, ‘আমরা এমন কিছু দ্বীপেও আঘাত হানতে পারি যা তারা মনে করে আমাদের ক্ষেপণাস্ত্রের নাগালের বাইরে রয়েছে।’

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর মধ্যপ্রাচ্যজুড়ে এ যুদ্ধের দাবানল ছড়িয়ে পড়ে।

এর জবাবে ইরান অঞ্চলজুড়ে একের পর এক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়; একই সঙ্গে লেবানন, ইয়েমেন এবং ইরাকে তাদের সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোও এই যুদ্ধে জড়িয়ে পড়ে।

যুদ্ধ অবসানের লক্ষ্যে কাতার ও পাকিস্তানের নেতৃত্বে বর্তমানে কূটনৈতিক মধ্যস্থতা প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

সংঘাত শুরুর পর থেকে বন্ধ করে রাখা জ্বালানি পরিবহনের অত্যন্ত গুরুত্বপূর্ণ পথ 'হরমুজ প্রণালি' পুনরায় খুলে দেওয়ার বিনিময়ে ওয়াশিংটনকে সম্পদ বাজেয়াপ্তকরণ বাতিল এবং নিষেধাজ্ঞা তুলে নেওয়াসহ একাধিক শর্ত মানতে বাধ্য করার ওপর জোর দিচ্ছে তেহরান।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বারবার এই যুদ্ধের মূল কারণ হিসেবে ইরানের পারমাণবিক কর্মসূচিকে দায়ী করে আসলেও, রেজাই জানিয়েছেন যে, পারমাণবিক বিষয়টি বর্তমানে আলোচনার অংশ নয়। তেহরান ইতোমধ্যেই তাদের 'রেড লাইন' বা চূড়ান্ত সীমা নির্ধারণ করে দিয়েছে, যার মধ্যে রয়েছে—তারা ইরানের বাইরে সমৃদ্ধ ইউরেনিয়ামের ক্ষুদ্রাতিক্ষুদ্র অংশও পাঠাবে না।

ইরানের অর্থনীতিকে দুর্বল করার সফল প্রচেষ্টার কথা উল্লেখ করে মঙ্গলবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান, সেখানে নতুন করে হামলার প্রয়োজন নেই।

ইরান যুদ্ধের অজনপ্রিয়তার কারণে সম্প্রতি অনুষ্ঠিত মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টির পরাজয়ের পর ওয়াশিংটনও নতুন করে হামলা চালানোর হুমকি কিছুটা কমিয়ে এনেছে বলে মনে হচ্ছে।