News update
  • COP31 Nears Close as ‘Weak’, ‘Compromised’ Draft Draws Fierce Backlash     |     
  • Bangladesh Begins Plan to Modernise Armed Forces: PM     |     
  • Govt Committed to Making Bangladesh a Dignified Nation: PM     |     
  • Rights Groups Urge Sanctions on Myanmar After ICJ Ruling     |     
  • PM Pays Tribute at Shikha Anirban on Armed Forces Day     |     

আইসিজের ঐতিহাসিক রোহিঙ্গা গণহত্যা রায়ের পাঁচটি মূল দিক

গ্রীণওয়াচ ডেস্ক মানবাধিকার 2026-11-20, 10:45am

rohinggaa_raayy_paanc_dik_thaamb-1-f283609caffde73ee8ae86ba7d3f4e291795149934.jpg

কক্সবাজারে আন্তর্জাতিক বিচার আদালতের রায় শুনছেন রোহিঙ্গা নাগরিকরা। ছবি : এএফপি



মিয়ানমার কর্তৃপক্ষ দেশটির সংখ্যালঘু রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে বলে রায় দিয়েছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)—এই প্রথম জাতিসংঘের শীর্ষ আদালত বিশ্বের জঘন্যতম এই অপরাধের জন্য কোনো রাষ্ট্রকে দোষী সাব্যস্ত করল। খবর বার্তা সংস্থা এএফপির।

১৯১ পৃষ্ঠার এই রায়ের মূল দিকগুলো নিচে তুলে ধরা হলো, যা আদালতে পড়ে শোনাতে প্রায় তিন ঘণ্টা সময় লেগেছে এবং এটি আইসিজের ৮০ বছরের ইতিহাসে দ্বিতীয় দীর্ঘতম রায়।

গণহত্যা

লাখ লাখ রোহিঙ্গা ভুক্তভোগী ঠিক এই মুহূর্তটিরই অপেক্ষায় ছিলেন। প্রশ্ন ছিল তাদের ওপর চালানো নৃশংসতা কি আন্তর্জাতিক আইনের কঠোর মানদণ্ড উত্তীর্ণ হয়ে গণহত্যা হিসেবে স্বীকৃতি পাবে?

শেষ পর্যন্ত, সাধারণত জটিল আইনি পরিভাষায় রায় দেওয়ার জন্য পরিচিত আইসিজে অত্যন্ত সুস্পষ্টভাবেই নিজের অবস্থান পরিষ্কার করেছে।

৯-৬ ভোটে গৃহীত এই রায়ে বলা হয়েছে, মিয়ানমার দেশটির উত্তর রাখাইন রাজ্যে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে।

একই ভোটের ব্যবধানে আদালত দেখতে পেয়েছেন যে, ১৯৪৮ সালের জাতিসংঘ গণহত্যা কনভেনশনের অধীনে এই অপরাধ প্রতিরোধ করার বাধ্যবাধকতা পালনে মিয়ানমার ব্যর্থ হয়েছে।

গণহত্যামূলক কর্মকাণ্ডে সন্দেহভাজন যেকোনো ব্যক্তির বিচার ও শাস্তি নিশ্চিত করতে মিয়ানমারকে অবিলম্বে এবং কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছে আইসিজে।

রায়ে বলা হয়েছে, মিয়ানমারকে চলমান যেকোনো গণহত্যামূলক কর্মকাণ্ড বন্ধ করতে হবে এবং ভবিষ্যতে কনভেনশনের এ ধরনের লঙ্ঘন প্রতিরোধ করতে হবে।

গণহত্যা প্রমাণ করতে হলে বিচারকদের কেবল গণহত্যামূলক কর্মকাণ্ড ঘটেছে এ বিষয়ে সন্তুষ্ট হলেই চলে না, বরং একটি নির্দিষ্ট জনগোষ্ঠীকে ধ্বংস করার উদ্দেশ্য ছিল কি না তাও প্রমাণ করতে হয়—যা একটি অত্যন্ত জটিল আইনি বাধা।

তবে বিচারকরা রায় দিয়েছেন যে, ‘একমাত্র যুক্তিসঙ্গত অনুমান’ হলো মিয়ানমার রোহিঙ্গা জনগোষ্ঠীর ‘একটি উল্লেখযোগ্য অংশকে’ ধ্বংস করার ইচ্ছা পোষণ করেছিল।

নিরাপদ প্রত্যাবাসন

গণহত্যা সংঘটিত হয়েছে বলে সিদ্ধান্তে পৌঁছানোর পর আদালত মিয়ানমারের করণীয়—আইনি পরিভাষায় যাকে প্রতিকার বলা হয়—সে বিষয়েও আদেশ জারি করেছেন।

আদালত মিয়ানমারকে বেশ কিছু পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন।

এরমধ্যে রয়েছে, মিয়ানমারের অভ্যন্তরে বা বিদেশে বাস্তুচ্যুত শরণার্থীদের নিরাপদ, স্বেচ্ছায় ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের সুযোগ দিতে এবং তা সহজতর করতে হবে কর্তৃপক্ষকে।

সহিংস দমন-পীড়নের সময় ক্ষতিগ্রস্ত বা হারানো সকল ব্যক্তিগত ও যৌথ সম্পত্তি ফিরিয়ে দিতে হবে অথবা সমমূল্যের সম্পদ দ্বারা প্রতিস্থাপন করতে হবে।

বিচারকরা আরও রায় দিয়েছেন যে, রোহিঙ্গারা যে ক্ষতির শিকার হয়েছে তার জন্য তাদের শারীরিক ও মানসিক পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে।

ক্ষতিপূরণ

আইসিজের রায়ে বলা হয়েচে, গণহত্যার কারণে সৃষ্ট ক্ষয়ক্ষতির জন্য রোহিঙ্গারা পর্যাপ্ত ক্ষতিপূরণ পাওয়ার অধিকারী।

আইসিজে ক্ষতিপূরণের কোনো নির্দিষ্ট অঙ্ক নির্ধারণ করেনি; আদালত জানিয়েছেন, পরবর্তী ধাপে তা নির্ধারণ করা হবে।

ক্ষতিপূরণের পরিমাণ এবং প্রদান পদ্ধতি উল্লেখ করে একটি প্রতিবেদন দাখিল করার জন্য আদালত মিয়ানমারকে দুই বছর সময় দিয়েছেন।

প্রতিবেদনটি পাওয়ার পর আইসিজে সিদ্ধান্ত নেবে মিয়ানমারের প্রস্তাবটি পর্যাপ্ত কি না।

তদন্ত

আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি)—যা ব্যক্তিগত দায়বদ্ধতা বিচার করে—বিপরীতে আইসিজে মূলত রাষ্ট্রগুলোর মধ্যকার বিরোধ নিষ্পত্তি করে।

তা সত্ত্বেও, আইসিজের রায়ে গণহত্যামূলক কর্মকাণ্ডে জড়িত সন্দেহভাজন যেকোনো ব্যক্তির বিরুদ্ধে দ্রুত তদন্ত পরিচালনার দায়িত্ব মিয়ানমারকে দেওয়া হয়েছে।

বিচারকরা রায় দিয়েছেন যে, নৃশংসতা তদন্তে মিয়ানমারের পূর্ববর্তী প্রচেষ্টাগুলো অপর্যাপ্ত ছিল।

আইসিজে বলেছে, মিয়ানমার প্রকৃত অর্থে তার সৈন্য ও কমান্ডারদের বিরুদ্ধে তদন্ত করেনি, কিংবা প্রমাণের ভিত্তিতে তাদের বিচার ও শাস্তি নিশ্চিত করেনি

হত্যাকাণ্ডের ব্যাপকতা

আদালত বলেছেন, জাতিসংঘের একটি স্বাধীন তথ্যানুসন্ধান মিশন কর্তৃক প্রতিষ্ঠিত—একটি অভিযানে অন্তত ১০ হাজার মানুষের মৃত্যুর যে অনুমান করা হয়েছিল, তা নথিপত্র দ্বারা সমর্থিত।

আইসিজে বলেছে, আদালতের সামনে উপস্থাপিত প্রমাণাদি সহিংসতার ব্যাপক ও প্রাণঘাতী প্রকৃতি প্রদর্শন করে... এবং এটি প্রমাণ করে যে মিয়ানমারের নিরাপত্তা বাহিনী হাজার হাজার রোহিঙ্গা বেসামরিক নাগরিককে হত্যা করেছে।

আদালত জানান, দমন-পীড়নের সময় রাখাইন রাজ্যে প্রায় ৮ লাখ ১৫ হাজার রোহিঙ্গা ছিল, যার অর্থ নিহতের সংখ্যা ছিল মোট জনসংখ্যার ১.২ শতাংশ। বেঁচে যাওয়াদের অধিকাংশই প্রতিবেশী বাংলাদেশে পালিয়ে যায়।

আইসিজে আরও জানিয়েছে যে, ২০১৭ সালের ওই ‘শুদ্ধি অভিযানের’ সময় অন্তত ১,৮৩৪টি ধর্ষণের ঘটনা ঘটেছিল।