News update
  • Dhaka Ranks 14th Among World's Most Polluted Cities on Sunday      |     
  • MoFA Says Indian Media Misreported PM's November 19 Speech     |     
  • Gold Falls Below Tk 2 Lakh per Bhori for First Time in a Year     |     
  • COP31 Nears Close as ‘Weak’, ‘Compromised’ Draft Draws Fierce Backlash     |     
  • Bangladesh Begins Plan to Modernise Armed Forces: PM     |     

পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৮ কোটি ২১ লাখ টাকা

গ্রীণওয়াচ ডেস্ক বিবিধ 2026-11-22, 8:56am

paaglaa_msjider_daanbaakse_mill_18_kotti_21_laakh_ttaakaa-ccdd215963f9ee6c68def99e899a59321795316188.jpg




কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী পাগলা মসজিদের দানসিন্দুকের টাকা ১৪ ঘণ্টা ধরে গণনা শেষে এ যাবৎকালের সর্বোচ্চ ১৮ কোটি ২১ লাখ ৬৯ হাজার ৫১৭ টাকা পাওয়া গেছে। আজ শনিবার (২১ নভেম্বর) সকালে মসজিদের ১৫টি লোহার দানসিন্দুক খুলে পাওয়া রেকর্ড ৫১ বস্তা টাকা দিনব্যাপী গণনা করা হয়। এসব নগদ অর্থ ছাড়াও দানবাক্সে বিপুল পরিমাণ স্বর্ণ ও রুপার অলংকার এবং বিদেশি মুদ্রা পাওয়া গেছে, যার মূল্য পরে নির্ধারণ করা হবে।

গণনা শেষে আজ রাত সোয়া ১০টার দিকে টাকার চূড়ান্ত পরিমাণ নিশ্চিত করেন রূপালী ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) মোহাম্মদ আলী হারেছী। তিনি জানান, দানসিন্দুকগুলো থেকে ১৮ কোটি ২১ লাখ ৬৯ হাজার ৫১৭ টাকা পাওয়া গেছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নিরাপত্তায় টানা ১৪ ঘণ্টাব্যাপী এই গণনা কার্যক্রমে মাদ্রাসার ৩০০ জন শিক্ষার্থী, ১০ জন শিক্ষক এবং রূপালী ব্যাংকের ১৩০ জন কর্মকর্তা অংশ নেন।

এর আগে চার মাস ২৪ দিন পর চলতি বছরের ২৭ জুন দানসিন্দুক খুলে ৪৩ বস্তা টাকা গণনা করে ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার ১৪৬ টাকা পাওয়া গিয়েছিল। সে সময়ও বিপুল পরিমাণ স্বর্ণ ও রুপার অলংকার এবং বিদেশি মুদ্রা পাওয়া গিয়েছিল।

 শনিবার সকাল সাড়ে সাতটার দিকে কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম, কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সোহানা নাসরিন, অতিরিক্ত পুলিশ সুপার মো. শরিফুল হক, জেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক মাওলানা নাজমুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইশতিয়াক ইমন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. এরশাদুল আহমেদ এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুল হাসান মারুফের উপস্থিতিতে দানসিন্দুকগুলো খোলা হয়। এ সময় বিপুলসংখ্যক পুলিশ, আনসার ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সোহানা নাসরিন জানান, ৫১ বস্তা নগদ টাকা ছাড়াও বরাবরের মতো স্বর্ণ ও রুপার অলংকারসহ বিভিন্ন দেশের মুদ্রা এসব দানবাক্সে পাওয়া গেছে। তিনি আরও বলেন, মসজিদের দানের অর্থ মাদ্রাসা ও এতিমখানাসহ পাগলা মসজিদ কমপ্লেক্সের ব্যয় নির্বাহের পাশাপাশি জনকল্যাণমুখী বিভিন্ন খাতে ব্যয় করা হয়ে থাকে।