
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে পরপর দুই মাসে মোট ৬ বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স দেশে এসেছে। এতে দেশের প্রবাসী আয়ে চাঙাভাব দেখা গেছে।
রোববার (১ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানিয়েছেন, সদ্যবিদায়ী জানুয়ারি মাসে দেশে রেমিট্যান্স এসেছে ৩১৭ কোটি বা ৩ দশমিক ১৭ বিলিয়ন মার্কিন ডলার।
দেশের ইতিহাসে কোনো এক মাসে এটি তৃতীয় সর্বোচ্চ ও চলতি অর্থবছরের দ্বিতীয় সর্বোচ্চ প্রবাসী আয়। বছর ব্যবধানে গত জানুয়ারিতে রেমিট্যান্স প্রবৃদ্ধি হয়েছে ৪৫ দশমিক ১০ শতাংশ। আর ২০২৫ সালের জানুয়ারিতে দেশে রেমিট্যান্স এসেছিল ২১৮ কোটি ৫০ লাখ ডলার।
এর আগে গত ডিসেম্বরে দেশে রেমিট্যান্স এসেছিল ৩২২ কোটি ৬৭ লাখ বা ৩ দশমিক ২২ বিলিয়ন ডলার। যা ছিল দেশের ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ ও চলতি অর্থবছরের কোনো এক মাসে আসা সর্বোচ্চ প্রবাসী আয়।
ব্যাংক কর্মকর্তারা বলছেন, সাধারণত রোজা, ঈদ ও বাংলা নববর্ষকে ঘিরে প্রবাসীরা তুলনামূলক বেশি অর্থ দেশে পাঠান। তবে এবার এসব মৌসুমি কারণের পাশাপাশি আসন্ন নির্বাচনকে কেন্দ্র করেও ডিসেম্বরের মতো জানুয়ারিতেও রেমিট্যান্স প্রবাহে ধারাবাহিকতা দেখা গেছে।
এদিকে, চলতি অর্থবছরের জুলাই থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত দেশে এসেছে ১ হাজার ৯৪৩ কোটি ৬০ লাখ ডলার রেমিট্যান্স। বছর ব্যবধানে যা বেড়েছে ২১ দশমিক ৮০ শতাংশ।
এর আগে গত নভেম্বরে দেশে এসেছিল ২৮৮ কোটি ৯৫ লাখ ২০ হাজার ডলার রেমিট্যান্স। গত অক্টোবর ও সেপ্টেম্বরে দেশে এসেছিল যথাক্রমে ২৫৬ কোটি ৩৪ লাখ ৮০ হাজার ও ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। এছাড়া গত আগস্ট ও জুলাইয়ে যথাক্রমে দেশে এসেছিল ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার ও ২৪৭ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স।