
Coast Guard members seize illegal fishing nets in Kalapara on Saturday 31 October 2026
পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়া উপজেলার খাপড়াভাঙ্গা নদীতে অভিযান চালিয়ে তিনটি অবৈধ আর্টিসনাল ট্রলিং বোটসহ তিন জন জেলেকে আটক করেছে কোস্ট গার্ড সদস্যরা। এ সময় বোটগুলো থেকে নিষিদ্ধ ৯টি বেহুন্দি জাল, ৬টি উইংস ও ৬টি ট্রলডোর জব্দ করা হয়।
শুক্রবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
কোস্ট গার্ড সূত্রে জানা যায়, গত ২৯ অক্টোবর রাত ১১টার দিকে মহিপুর ব্রিজ সংলগ্ন খেয়াঘাট এলাকায় কোস্ট গার্ড স্টেশন নিজামপুর ও মৎস্য অধিদপ্তর যৌথভাবে একটি অভিযান পরিচালনা করে। অভিযানকালে খাপড়াভাঙ্গা নদী থেকে অবৈধ আর্টিসানাল ট্রলিং বোটসহ তাদের আটক করা হয়।
আটককৃত জেলেরা হলেন—নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চর জব্বর ইউনিয়নের জাহাজমারা গ্রামের মো. হানিফের ছেলে মো. মাকসুদ, একই উপজেলার চর হাসান গ্রামের আনা মিয়ার ছেলে মো. বাবুল এবং লক্ষ্মীপুরের রামগতি (আলেকজান্ডার) উপজেলার শিখা গ্রামের মো. হান্নানের ছেলে মো. ফরহাদ।
মিডিয়া কর্মকর্তা সাব্বির আলম সুজন জানান, জব্দকৃত বোট, জাল ও ট্রলিং সরঞ্জামসহ আটককৃত জেলেদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। - গোফরান পলাশ