News update
  • Tobacco use can undermine fertility, UN health agency warns     |     
  • Dengue Deaths Hit Record High as 9 Die in 24 Hours     |     
  • 'Kalo Datina' Caught in Bay of Bengal, Sold for 40,000 Taka     |     
  • Bangladesh Assumes UNGA Presidency in Historic Milestone     |     
  • President Urges Dialogue to Resolve Bangladesh-India Issues     |     

সুতা আমদানিতে নতুন শর্ত এনবিআরের

গ্রীণওয়াচ ডেস্ক ট্যাক্স 2026-09-08, 9:04pm

nbr-1-16724cc88c5615e4cf1831cb00d19c5a1788879845.jpg




১০ থেকে ৩০ কাউন্টের কটন সুতা আমদানিতে এতদিন যেই বিশেষ সুবিধা দেওয়া হতো, এখন সেই সুবিধা প্রত্যাহার করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। একইসঙ্গে কিছু শর্ত পূরণ করে ব্যাংক গ্যারান্টির মাধ্যমে এই সুতা আমদানির সুযোগ রাখা হয়েছে।

আজ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) এ সংক্রান্ত এক আদেশ এনবিআরের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

এনবিআরের দ্বিতীয় সচিব কাজী রায়হানুজ্জামানের গতকাল সোমবারের সই করা এক আদেশে বলা হয়, টেক্সটাইল খাতের বিভিন্ন সমস্যা পর্যালোচনা ও সমাধানের জন্য গঠিত আন্তঃমন্ত্রণালয় কমিটির বৈঠকে বাংলাদেশ কাস্টমস ট্যারিফের এইচএস কোড ৫২০৫, ৫২০৬ ও ৫২০৭ এর আওতাভুক্ত ১০ থেকে ৩০ কাউন্টের কটন সুতা আমদানির ক্ষেত্রে বিশেষ সুবিধা প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একইসঙ্গে ব্যাংক গ্যারান্টি জমা দিয়ে এসব পণ্য আমদানির ব্যবস্থা রাখা হয়েছে। দেশীয় শিল্পের স্বার্থ সুরক্ষা এবং প্রকৃত রপ্তানিকারকদের প্রয়োজনীয় কাঁচামাল পাওয়ার সুযোগ সহজ করতেই নতুন ব্যবস্থা চালু করা হয়েছে। 

নতুন নিয়মে আমদানিকারকদের একাধিক শর্ত পালন করতে হবে। সংশ্লিষ্ট কাস্টমস স্টেশনে বিজিএমইএ, বিকেএমইএ বা বিটিএমএর প্রত্যয়নপত্র জমা দিতে হবে। পাশাপাশি আমদানির সময় প্রযোজ্য শুল্ক ও করের সমপরিমাণ অর্থের নিশ্চয়তা দিতে হবে এবং কার্যকর ব্যাংক গ্যারান্টি দাখিল করতে হবে। আমদানি করা কাঁচামাল ব্যবহার করে উৎপাদিত পণ্য পুরোপুরি রপ্তানি হয়ে গেলে সংশ্লিষ্ট লাইসেন্সিং কর্তৃপক্ষের প্রত্যয়নপত্রের ভিত্তিতে ওই ব্যাংক গ্যারান্টি অবমুক্ত করা যাবে।

কাস্টমস আইন, ২০২৩-এর ২৬৬ ধারায় দেওয়া ক্ষমতাবলে জারি করা এই আদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে। তবে আদেশ জারির আগেই আমদানি করা পণ্য কিংবা ইতোমধ্যে সম্পন্ন হওয়া কার্যক্রমের ক্ষেত্রে নতুন নির্দেশনা প্রযোজ্য হবে না।