News update
  • Parliament’s Budget Session to Begin on June 7     |     
  • BSF drone in BGB custody after crashing inside BD territory     |     
  • Bangladesh seeks China's involvement, support in Teesta project     |     
  • Rangpur’s Haribhanga mango may fetch Tk 250cr, harvest soon     |     

নির্বাচনের পর থালাপাতির নিরাপত্তা প্রটোকল প্রত্যাহার

গ্রীণওয়াচ ডেস্ক গনতন্ত্র 2026-05-07, 5:58pm

img_20260507_175616-b07fc7c09d0bc657cc777c3f438fa43d1778155124.jpg




তামিলনাড়ুর সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে চমকপ্রদ ফলাফল সত্ত্বেও সরকার গঠন নিয়ে জটিলতার জেরে সরকারি নিরাপত্তা প্রটোকল হারিয়েছেন রাজ্যের সম্ভাব্য মুখ্যমন্ত্রী এবং সাবেক চিত্রতারকা জোসেফ বিজয় চন্দ্রশেখর ওরফে থালাপতি বিজয়। 

বুধবার (৬ মে) থেকেই দেখা গেছে, সরকারি নিরাপত্তা প্রটোকল ছাড়াই চলাচল করছেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ ব্যাপারে তামিলনাড়ুর এক পুলিশের সঙ্গে যোগাযোগ করেছিল। রাজ্য পুলিশের এক জ্যেষ্ঠ কর্মকর্তা এ প্রসঙ্গে বলেন, বিজয়ের অনুরোধেই এ পদক্ষেপ নিয়েছে রাজ্য পুলিশ।

তিনি আমাদের অনুরোধ করেছিলেন যে মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণের আগ পর্যন্ত তিনি সরকারি নিরাপত্তা প্রটোকল পরিষেবা নিতে চান না। তার অনুরোধে সাড়া দিয়েই আমরা প্রটোকল প্রত্যাহার করেছি। তবে, তার জন্য আমাদের মৌলিক পাইলট নিরাপত্তা ব্যবস্থা জারি আছে এবং থাকবে। 

তামিলনাড়ুর বিধানসভায় মোট আসন ২৩৪; কোনো দল যদি সরকার গঠন করতে চায়— তাহলে সেই দল বা জোটকে অবশ্যই ১১৮ আসনে জয়ী হতে হবে।

বিজয়ের রাজনৈতিক দল তামিলাগা ভেত্রি কাজাগাম (টিভিকে) প্রতিষ্ঠিত হয়েছে ২০২৪ সালে। তারপর এবারের বিধানসভা নির্বাচনে প্রথম অংশ নিলো টিভিকে এবং প্রথমবারই ১০৮ আসনে জয়ী হয়েছে তার দল। বিজয় নিজে জয়ী হয়েছেন দুই আসনে।

তবে, প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা না থাকায় সরকার গঠন করতে পারছে না টিভিকে। বুধবার (৬ মে) কংগ্রেস টিভিকের সঙ্গে জোট করতে রাজি হয়েছে। তবে, তাদের বিধায়কের সংখ্যা মাত্র ৫ জন। ফলে প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা থেকে এখনও পিছিয়ে টিভিকে। প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা পেতে সাবেক বিধানসভার প্রধান বিরোধী দল বা এআইডিএমকে এবং তাদের জোটসঙ্গী ভিসিকে’র সঙ্গে যোগাযোগ করেছিল টিভিকে, কিন্তু এই দুই দলের কোনোটিই এখনও চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি।

বামপন্থি দলগুলির কাছেও জোট গঠনের প্রস্তাব দিয়েছিল টিভিকে । তবে, তামিলনাড়ুর পার্লামেন্টের দুই বামপন্থি দল সিপিআই এবং সিপিআই (মার্কসিস্ট) পরিষ্কার জানিয়ে দিয়েছে, তারা ডিএমকে নেতৃত্বাধীন জোটেই থাকবে। অপর রাজনৈতিক দল ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগও জানিয়েছে যে তারাও ডিএমকে-কেই সমর্থন করবে। কোনো রাজনৈতিক দল এখন পর্যন্ত বিজয়ের জোটে যোগ দেওয়া নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি।

বৃহস্পতিবার (৭ মে) তামিলনাড়ুর রাজ্য সরকারের মন্ত্রিসভার শপথ গ্রহণের কথা ছিল। কিন্তু জোট গঠনে জটিলতা দেখা দেওয়ায় তা পিছিয়ে গেছে। এর মধ্যেই বিজয়ের সরকারি প্রটোকল প্রত্যাহার করল পুলিশ।সূত্র : এনডিটিভি