
ইউরোপের দেশ স্পেনে আজ রোববার (২৯ নভেম্বর) অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় নির্বাচন৷ পেদ্রো সানচেজের পরাজয় ও মাদ্রিদে ডানপন্থি শক্তির উত্থান ঘটলে দেশটির অভিবাসন, প্রতিরক্ষা ও গাজা বিষয়ক নীতিতে বড় ধরনের পরিবর্তন আসতে পারে৷
ইউরোপীয় ইউনিয়নে বর্তমানে যে কয়েকজন সোশ্যাল ডেমোক্র্যাটিক প্রধানমন্ত্রী রয়েছেন, পেদ্রো সানচেজ তাদের মধ্যে অন্যতম৷ একই সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের যেসব সদস্য রাষ্ট্রে এখনও সোশ্যাল ডেমোক্র্যাটরা ক্ষমতায় রয়েছে, আয়তনে স্পেন তাদের মধ্যে সবচেয়ে বড়৷
আট বছরেরও বেশি সময় ক্ষমতায় থাকার পর, অক্টোবরের শুরুতে সানচেজ আগাম নির্বাচনের ঘোষণা দেন৷ তার তিন দিন আগেই স্পেনেরআবাসন সংকটমোকাবিলায় আনা দুটি জরুরি সিদ্ধান্ত পার্লামেন্টে প্রত্যাখ্যাত হয়েছিল৷
সোমবার প্রকাশিত জনমত জরিপ অনুসারে, নির্বাচনি লড়াই বেশ হাড্ডাহাড্ডি হতে যাচ্ছে৷ জরিপেরক্ষণশীল ‘পিপলস পার্টি' (পিপি) প্রায় ৩২ শতাংশ ও সানচেজের নেতৃত্বাধীন সোশ্যালিস্টরা ৩১ শতাংশ ভোট পেতে পারে বলে আভাস দেওয়া হয়েছে৷
ডানপন্থি পপুলিস্ট দল ‘ভক্স' প্রায় ১৭ শতাংশ ভোট নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে৷ জরিপের অনুমান অনুযায়ী, পিপি ও ভক্স জোটবদ্ধ হলে তারা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারে৷
ব্রাসেলসভিত্তিক ‘ইউরোপিয়ান পলিসি সেন্টার'-এর নীতি বিশ্লেষক হাভিয়ের কার্বোনেল ডয়চে ভেলেকে বলেন, মাদ্রিদে সরকার পরিবর্তন হলে ইউরোপের মধ্য-বামপন্থি রাজনীতির অন্যতম প্রভাবশালী কণ্ঠস্বর হারিয়ে যাবে৷
কার্বোনেল বলেন, “তিনটি বিশেষ অবস্থানের কারণে সানচেজঅন্যদের চেয়ে আলাদা ছিলেন: মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে চ্যালেঞ্জ জানানোর সাহস, ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের প্রতি সমর্থন ও ইউরোপে অভিবাসনের পক্ষে জোরালো অবস্থান৷”
রক্ষণশীল দল ‘পিপি' অভিবাসন নিয়ন্ত্রণের ওপর জোর দিচ্ছে৷ তবে যেসব খাতে শ্রমঘাটতি রয়েছে, সেসব খাতে কর্মীদের জন্য তারা পথ খোলা রাখতে চায়৷ অন্যদিকে, ‘ভক্স' অভিবাসন আরও কঠোরভাবে সীমিত করে প্রত্যাবাসনের হার বাড়াতে চায় ও নতুন করে অনিয়মিত পথে আসা অভিবাসীদের বৈধতা দেয়ার প্রক্রিয়া পুরোপুরি বন্ধ করতে চায়৷
ন্যাটোর নতুন লক্ষ্যমাত্রা অনুসারে ২০৩৫ সালের মধ্যে জিডিপির ৫ শতাংশ সামরিক ও সামগ্রিক নিরাপত্তা খাতে ব্যয় করার বিষয়টির বিরোধিতা করেছেন সানচেজ৷ ‘পিপি'ও ‘ভক্স' দুই দলই প্রতিরক্ষা খাতে বিনিয়োগ বাড়ানোর পক্ষে৷ তবে তাদের নির্বাচনি ইশতেহারে সুনির্দিষ্ট কোনো অঙ্কের উল্লেখ নেই৷
২০২৪ সালের মে মাসে স্পেন আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়৷ হাভিয়ের কার্বোনেলের ধারণা, যদি নতুন কোনো রক্ষণশীল সরকার ক্ষমতায় আসে, তবে ফিলিস্তিনিদের সমর্থনে তাদের কণ্ঠস্বর আগের চেয়ে অনেক দুর্বল হয়ে পড়বে৷