
বেশ দেখেশুনেই শুরু করেছিলেন সাদমান ইসলাম। পাকিস্তানি পেসারদের সামলাচ্ছিলেন ভালোভাবেই। কিন্তু নতুন বোলার আসতেই হতাশ করলেন তিনিও। হাসান আলীর প্রথম বলেই ফিরলেন স্লিপে ক্যাচ দিয়ে। দ্রুতই দুই উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে গেছে বাংলাদেশ।
আজ শুক্রবার (৮ মে) মিরপুরে শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে এই রিপোর্ট লেখা পর্যন্ত ১৩ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ৩৮ রান তুলেছে বাংলাদেশ।
উইকেট শিকারের আশায় বোলিংয়ে পরিবর্তন আনলেন পাকিস্তানের অধিনায়ক শান মাসুদ। সেই ফাঁদেই পা দিল বাংলাদেশ। হাসান আলীর প্রথম বলেই পরাস্ত হলেন সাদমান। হাসানের সিম মুভমেন্টের কাছে নতি স্বীকার করে তৃতীয় স্লিপে সালমান আগাকে ক্যাচ দেন এই টাইগার ব্যাটার। ফেরেন ৩০ বলে ১৩ রান করে।
এখন উইকেটে আছেন নাজমুল হোসেন শান্ত আর মুমিনুল হক।
জীবন পেয়েও হতাশ করে ফিরলেন জয়
প্রথম ওভারে দারুণ শুরুর পর কিছুটা ধুঁকতে দেখা গেল বাংলাদেশকে। নতুন বলের সুইংয়ে পরাস্ত হচ্ছিলেন ব্যাটাররা। পঞ্চম ওভারে মাহমুদুল হাসান জয় ক্যাচও তুলে দিয়েছিলেন স্লিপে। সেবার বেঁচে গেলেও সপ্তম ওভারে ভাগ্য আর সহায় হয়নি জয়ের। ফিরেছেন শাহিন শাহ আফ্রিদির বলে।
সপ্তম ওভারের প্রথম বলে শাহিন আফ্রিদির সুইং করে বেড়িয়ে যাওয়া বল জয়ের ব্যাট ছুঁয়ে চলে যায় উইকেটরক্ষক মোহাম্মদ রিজওয়ানের হাতে। বল তালুবন্দি করতে কোনো ভুল করেননি তিনি। জয় ফেরেন ১৯ বলে ৮ রান করে।
যে একাদশ নিয়ে মাঠে বাংলাদেশ
তিন পেসার আর দুই স্পিনার নিয়ে বোলিং আক্রমণ সাজিয়েছে বাংলাদেশ। পেস বিভাগে আলোচিত নাহিদ রানার সঙ্গে আছেন চোট থেকে ফেরা তাসকিন আহমেদ আর ইবাদত হোসেন। দুই স্পিনার হিসেবে একাদশে জায়গা পেয়েছেন মেহেদী হাসান মিরাজ আর তাইজুল ইসলাম।
বাংলাদেশের একাদশ
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, মুমিনুল ইসলাম, লিটন দাস, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন, নাহিদ রানা।
পাকিস্তানের বিপক্ষে টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট খেলতে মাঠে নেমেছে বাংলাদেশ ও পাকিস্তান। দুই দলেরই এটি বছরের প্রথম টেস্ট। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন পাকিস্তান অধিনায়ক শান মাসুদ।