News update
  • Disaster Risk Reduction Fair and Field Drill held in Kalapara     |     
  • Dhaka’s air ‘unhealthy’, ranks 10th globally on Sunday morning     |     
  • Malaysian PM postpones planned visit to Bangladesh, Thailand     |     
  • PM stresses skills-based, tech-driven higher education to tackle unemployment     |     
  • Multilateralism Needs a New Deal, Can Anyone Deliver it?     |     

তাপমাত্রা নামল ১১ ডিগ্রিতে, পঞ্চগড়ে বাড়ছে শীতের তীব্রতা

গ্রীণওয়াচ ডেস্ক আবহাওয়া 2026-11-29, 10:38am

pnycgrr-9ecd380d8b1acb721f4f367e1935b49f1795927125.jpg




দেশের সর্বউত্তরের জেলা পঞ্চগড়ে ক্রমেই জেঁকে বসছে শীত। হিমালয়ের পাদদেশে অবস্থিত এ জেলায় হিমেল বাতাস ও ঘন কুয়াশার কারণে প্রতিদিনই কমছে তাপমাত্রা। আজ রোববার (২৯ নভেম্বর) সকাল ৬টায় জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারে চলতি শীত মৌসুমের সর্বনিম্ন ১১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। 

এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৯ শতাংশ। এর আগের দিন শনিবার (২৮ নভেম্বর) জেলার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ২৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এ তথ্য নিশ্চিত করেছেন তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায়।

প্রতি বছরের মতো এবারও আগাম শীতের আমেজ শুরু হয়েছে হিমালয়ের পাদদেশে অবস্থিত সীমান্তবর্তী এ জেলায়। গত কয়েক দিন ধরে সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে হিমেল বাতাসের প্রভাবে দ্রুত কমতে শুরু করে তাপমাত্রা। রাতভর ঘন কুয়াশা ও তীব্র ঠান্ডার পর ভোরের দিকে শীতের প্রকোপ আরও বেড়ে যায়। তবে সকাল বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের দেখা মেলায় দিনের বেলায় কিছুটা উষ্ণতা অনুভূত হচ্ছে।

দিন ও রাতের তাপমাত্রার এমন পার্থক্যের কারণে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষ। ভোরের তীব্র শীত উপেক্ষা করেই জীবিকার তাগিদে কাজে বের হতে হচ্ছে রিকশাচালক, দিনমজুর ও পাথরশ্রমিকদের। শীতের কারণে স্বাভাবিক জীবনযাত্রায়ও প্রভাব পড়তে শুরু করেছে।

এদিকে আবহাওয়া পরিবর্তনের সঙ্গে সঙ্গে জেলার হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রগুলোতে শীতজনিত রোগীর সংখ্যাও ধীরে ধীরে বাড়ছে। বিশেষ করে শিশু ও বয়স্করা সর্দি, কাশি ও শ্বাসকষ্টজনিত সমস্যায় বেশি আক্রান্ত হচ্ছেন।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগার সূত্রে জানা গেছে, উত্তর-পশ্চিম দিক থেকে বয়ে আসা হিমেল বাতাসের কারণে তাপমাত্রা ক্রমেই কমছে। আগামী কয়েক দিনে তাপমাত্রা আরও কমে গিয়ে জেলায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় আরও জানান, পঞ্চগড়ে তাপমাত্রা ক্রমেই কমছে। আগামী দিনগুলোতে তাপমাত্রা আরও কমতে পারে। এতে এ অঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।