
Low pressure-induced rainfall in Kalapara on Wednesday
পটুয়াখালী: উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূলে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে পটুয়াখালীর কুয়াকাটা উপকূলের আকাশ ঘন মেঘাচ্ছন্ন রয়েছে৷ মঙ্গলবার রাত নয়টা থেকে জেলার বিভিন্ন স্থানে থেমে থেমে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে।
এদিকে লঘুচাপের প্রভাবে উত্তাল হয়ে উঠছে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর। ছোট বড় ঢেউ তীরে আছড়ে পড়ছে। লঘুচাপটি আরো ঘনীভূত হওয়ার শংকা করছে আবহাওয়া অফিস। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও উপকূলীয় এলাকা দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই পটুয়াখালীর পায়রা, চট্রগ্রাম, কক্সবাজার ও মোংলা সমুদ্র বন্দরকে ০৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এছাড়া মাছধরা ট্রলার সমূহকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
আবহাওয়া অফিস বলছে, পটুয়াখালী, খুলনা, বরিশাল, নোয়াখালী, কুমিল্লা, চট্রগ্রাম এবং কক্সবাজার অঞ্চল সমূহের উপর দিয়ে দক্ষিন/ দক্ষিন পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো বা দমকা হাওয়া বয়ে যেতে পারে। তাই এসব নদী বন্দর সমূহকে ০১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। - গোফরান পলাশ