News update
  • Dhaka, Beijing sign 13 MoUs to deepen cooperation across key areas     |     
  • China Eyes Teesta Project, Trade Boost With Bangladesh     |     
  • PM Tarique, Li Qiang Hold Bilateral Talks in Beijing     |     
  • Bangladesh’s external debt stands at $78.22 billion: Khosru     |     
  • PM invites Chinese cos to expand value chains into Bangladesh     |     

বাইফার ৫ম আসরে পুরস্কৃত সেরা তারকারা

গ্রীণওয়াচ ডেস্ক সেলিব্রিটি 2026-05-10, 10:40am

65y7546543-782a5ce06e49c4f94d97b7b6266da7ef1778388053.jpg




তারকাদের গ্ল্যামারাস উপস্থিতি, আলো ঝলমলে মঞ্চ আর পুরস্কারপ্রাপ্তির আনন্দ নিয়ে শেষ হলো ‘নতুনধরা প্রেজেন্টস ইটিভি বাইফা অ্যাওয়ার্ডস ২০২৬’-এর আসর। বরাবরের মতো এবারের আসরেও সেরা তারকাদের পুরস্কৃত করেছে বাইফা।

শুক্রবার (৮ মে) সন্ধ্যায় রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে বসে বাইফার ৫ম আসর। এ আসরে শোবিজ অঙ্গনের শতাধিক তারকার উপস্থিতিতে পুরো আয়োজন রূপ নেয় এক বর্ণিল উৎসবে।

ইমতু ও নাদিয়া আফরিন মিমের উপস্থাপনায় লালগালিচায় তারকাদের আগমনের মধ্য দিয়ে শুরু হয় উৎসবের আবহ। গ্ল্যামমুভ জোনজুড়ে ছিল আলোর ঝলকানি, ক্যামেরার ফ্ল্যাশ আর ভক্তদের উচ্ছ্বাস।

অনুষ্ঠানে বাইফা অ্যাওয়ার্ডসের চেয়ারম্যান মেরিনা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন আহমেদ স্বপন। বিশেষ অতিথি ছিলেন ভূমি মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন বাইফার অ্যাডভাইজার মো. মানসুরুল হক, ডিরেক্টর অন্তু করিম, প্রতিষ্ঠাতা শাহরিয়ার স্বপন এবং একুশে টেলিভিশনের চেয়ারম্যান আব্দুস সালাম।

আয়োজকদের ভাষ্য, দেশীয় বিনোদন শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে আরও শক্ত অবস্থানে পৌঁছে দেয়ার লক্ষ্য নিয়েই এবারের আয়োজন সাজানো হয়েছে।

এবারের আসরের বিশেষ আকর্ষণ ছিল বাইফার শিশুতোষ চলচ্চিত্র গুপ্তধনের খোঁজে–এর ট্রেলার উন্মোচন। পাশাপাশি চলচ্চিত্র, নাটক, সংগীত, ওটিটি ও ডিজিটাল কনটেন্ট মিলিয়ে ২৯টি বিভাগে শিল্পী ও কলাকুশলীদের সম্মাননা প্রদান করা হয়।

বাইফায় পুরস্কার পেলেন যারা

* অনুষ্ঠানের শুরুতেই আজীবন সম্মাননা তুলে দেয়া হয় ঢালিউডের কিংবদন্তি অভিনেত্রী কোহিনূর আখতার সুচন্দা ও কিংবদন্তি সঙ্গীতশিল্পী সাবিনা ইয়াসমিনের হাতে। দর্শকদের করতালিতে মুহূর্তটি হয়ে ওঠে আবেগঘন ও স্মরণীয়।

* চলচ্চিত্র বিভাগে জুরি বোর্ডের বিচারে এবারের আসরে সেরা চলচ্চিত্র নির্বাচিত হয়েছে ‘বনলতা এক্সপ্রেস’। এ ছবির জন্য সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন শরিফুল রাজ। অন্যদিকে ‘সাবা’ সিনেমায় অভিনয়ের জন্য জুরি বোর্ডের বিচারে সেরা অভিনেত্রী নির্বাচিত হয়েছেন মেহজাবীন চৌধুরী। একই বিভাগে সেরা চলচ্চিত্র পরিচালক নির্বাচিত হয়েছেন রেদওয়ান রনি।

জনপ্রিয় বিভাগে ‘দম’ সিনেমার জন্য সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন আফরান নিশো। জনপ্রিয় অভিনেত্রীর সম্মাননা উঠেছে সাবিলা নূরের হাতে। আর ‘দম’ সিনেমার জন্য সেরা ব্রেকথ্রু পারফরম্যান্সের স্বীকৃতি পেয়েছেন চঞ্চল চৌধুরী।

* নাটক বিভাগে ‘ফ্যামিলি ম্যান’-এর জন্য জুরি বোর্ডের বিচারে সেরা অভিনেতা নির্বাচিত হয়েছেন ফারহান আহমেদ জোভান। ‘পুতুলের বিয়ে’ নাটকে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন তানজিন তিশা। সেরা নির্মাতা প্রবীর রায় চৌধুরী।

অন্যদিকে পপুলার বিভাগে ‘এটা আমাদেরই গল্প’ নাটক থেকে সেরা অভিনেতা হয়েছেন খায়রুল বাশার, সেরা অভিনেত্রী কেয়া পায়েল ও সেরা ব্রেকথ্রু পারফরম্যান্স দীপা খন্দকার।

* ওটিটি বিভাগে ‘বোহেমিয়ান ঘোড়া’-এর জন্য জুরি বোর্ডের বিচারে সেরা অভিনেতা নির্বাচিত হয়েছেন মোশাররফ করিম। একই কাজের জন্য সেরা ব্রেকথ্রু সম্মাননা পেয়েছেন রুনা খান।

জনপ্রিয় বিভাগে সেরা অভিনেতা হয়েছেন তৌসিফ মাহবুব এবং সেরা অভিনেত্রীর সম্মাননা পেয়েছেন সাদিয়া আয়মান। জুরি বোর্ডের বিচারে সেরা অভিনেত্রী নির্বাচিত হয়েছেন তানজিকা আমিন। সেরা নির্মাতা হয়েছেন যৌথভাবে অমিতাভ রেজা চৌধুরী ও ভিকি জাহেদ।

* সংগীত বিভাগে জুরি বোর্ডের বিচারে যৌথভাবে সেরা শিল্পীর পুরস্কার পেয়েছেন দিলশাদ নাহার কনা ও সোমনুর মনির কোনাল। ‘যদি মনটা চুরি করি’ ও ‘ও জান’ গানের জন্য তারা এ স্বীকৃতি অর্জন করেন।

জনপ্রিয় বিভাগে সেরা গায়ক নির্বাচিত হয়েছেন ইমরান মাহমুদুল (পরী) এবং সেরা গায়িকার পুরস্কার পেয়েছেন দোলা রহমান (বিলেত রাজা)। 

প্রসঙ্গত, দেশীয় শিল্প, সংস্কৃতি ও সৃজনশীলতাকে বিশ্বদরবারে তুলে ধরার এক স্বপ্নযাত্রার নাম ‘বাইফা’। এবারের পুরস্কার বিতরণী পর্বে জনপ্রিয় অভিনেতা খায়রুল বাশার ও অভিনেত্রী তানজিন তিশার প্রাণবন্ত উপস্থাপনায় মঞ্চে পরিবেশিত হয় নৃত্য, গান, ফ্যাশন শো। এতে অংশ নেন সাবিলা নূর, দীঘি, ইরফান সাজ্জাদ, দোলা রহমান, আদর আজাদ, চাঁদনী, নমিরা, বারিষা হক, সেমন্তি সৌমি, সালমা, ঝিলিক, পূজা, স্বপ্নীল ও শরিফুল রাজের মতো জনপ্রিয় তারকারা।