
ইরানের একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় মধ্য ইসরাইলের বেইত শেমেশ শহরে অন্তত আটজন নিহত এবং প্রায় ২০ জন আহত হয়েছেন।
জেরুজালেম থেকে প্রায় ৩০ কিলোমিটার (১৯ মাইল) পশ্চিমে অবস্থিত ওই শহরে হামলার তথ্য জানিয়েছে একটি জরুরি চিকিৎসা সেবা সংস্থা।
রোববার (১ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।
টেলিভিশনে দেয়া এক বিবৃতিতে সংস্থাটির মুখপাত্র জাকি হেলার বলেন, ‘বেইত শেমেশে সরাসরি আঘাতে (ক্ষেপণাস্ত্রের) চারজন নিহত হয়েছেন।’
ইসরাইলি সেনাবাহিনী টেলিগ্রামে প্রকাশিত এক বিবৃতিতে জানিয়েছে, ঘটনাস্থলে অনুসন্ধান ও উদ্ধারকারী দল, চিকিৎসক দল এবং হতাহতদের সরিয়ে নিতে একটি হেলিকপ্টার কাজ করছে।
এদিকে সাইপ্রাসের দিকে দুটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে, যেখানে হাজার হাজার ব্রিটিশ সেনা অবস্থান করছে বলে জানিয়েছেন ব্রিটেনের প্রতিরক্ষামন্ত্রী জন হিলি।
স্কাই নিউজকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, আমরা মনে করি না যে এগুলো সাইপ্রাসকে লক্ষ্য করে ছোড়া হয়েছিল। তবে এটি স্পষ্ট উদাহরণ যে, পুরো অঞ্চলে ব্যাপকভাবে প্রতিক্রিয়া দেখানো একটি শাসনব্যবস্থা (ইরান) থেকে বাস্তব এবং ক্রমবর্ধমান হুমকি তৈরি হয়েছে এবং আমাদের সে অনুযায়ী পদক্ষেপ নিতে হবে।
ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী আরও জানান, শনিবার (২৮ ফেব্রুয়ারি) ইরানের হামলা বাহরাইনে অবস্থানরত ব্রিটিশ সেনাদের কয়েকশ গজ (কয়েকশ মিটার) দূরত্বে আঘাত হানে।
সৌদি আরবের রাজধানী রিয়াদেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বার্তা সংস্থা এএফপির বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, পূর্ব রিয়াদের বাসিন্দারা একাধিক জোরালো বিস্ফোরণের শব্দ শুনেছেন এবং আকাশে ধোঁয়া উড়তে দেখেছেন।