
তুমুল উত্তেজনার মধ্যে শেষ হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এবারের নির্বাচনে নিরঙ্কুশ জয়লাভ করেছে বিএনপি। দেশ পরিচালনায় ৭১-এর পক্ষের শক্তি আসায় সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের অনুভূতি জানিয়েছেন প্রখ্যাত যাদুশিল্পী, বাঁশী বাদক ও চিত্রশিল্পী জুয়েল আইচ।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) ফেসবুক প্রোফাইলে নতুন একটি ছবি আপলোড করেন জুয়েল আইচ। ছবিতে দেখা যাচ্ছে, লাল-সবুজ পতাকার সামনে দৃঢ় প্রত্যয়ে মুষ্টিবদ্ধ হাত উঁচু করে দাঁড়িয়ে তিনি।
ক্যাপশনে জুয়েল আইচ লেখেন, ৩০ লক্ষ ভাই বোনের বিভীষিকাময় আত্মত্যাগের বিনিময়ে অর্জিত বাংলাদেশ কোনোদিন পরাজিত হবে না।
এরপরই মন্তব্যের ঘরে প্রতিক্রিয়া জানাতে শুরু করেন নেটিজেনরা। একজন লেখেন, ‘জয় বাংলা জয় ১৯৭১।’
আরেকজন লেখেন, ‘মুক্তিযুদ্ধের বিপক্ষে কোনো বাঙালি কখনো যাইতে পারবে না। এটলিস্ট যারা পাক বাহিনীর নৃশংসতা স্বচক্ষে দেখেছে! স্যালুট বস! ফজু পাগলা! বিপুল ভোটে বিজয়ী।’
প্রসঙ্গত, জুয়েল আইচ একজন বীর মুক্তিযোদ্ধা। একুশে পদক প্রাপ্ত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এ ব্যক্তিত্ব বর্তমানে দেশের শিশুদের অধিকার প্রতিষ্ঠায় ইউনিসেফের অ্যাডভোকেট হিসেবে কাজ করছেন।