News update
  • Measles: With 2 more suspected deaths; toll reaches 746 in BD     |     
  • Dhaka hopes India will come forward on Ganges Water Treaty     |     
  • Rising water levels in three Feni rivers trigger fresh flood fears     |     
  • Bangladesh's Maritime ports asked to hoist cautionary signal No 3     |     
  • SC Restores Caretaker Govt, Referendum Provisions     |     

হাইকোর্টে আমির হামজার আগাম জামিন

গ্রীণওয়াচ ডেস্ক রাজনীতি 2026-04-27, 12:31pm

6yrty5464565-ad0fc9764faa3cf8dcb122312fe7eef41777271483.jpg




মানহানির মামলায় কুষ্টিয়া-৩ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মুফতি আমির হামজাকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। আজ সোমবার (২৭ এপ্রিল) বিচারপতি জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আমির হামজার পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির। সঙ্গে ছিলেন অ্যাডভোকেট সাদ্দাম হোসেন।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. আশিকুজ্জামান নজরুল, সহকারী অ্যাটর্নি জেনারেল মো. আলামিন।

পরে আইনজীবী শিশির মনির বলেন, হাইকোর্ট মুফতি আমির হামজাকে ৮ সপ্তাহ বা মামলার বিচার শেষ না হওয়া পর্যন্ত আগাম জামিন দিয়েছেন। উপযুক্ত সময়ে তিনি সিরাজগঞ্জের আদালতে আত্মসমর্পণ করবেন।

এর আগে মানহানির মামলায় হাইকোর্টে আগাম জামিন আবেদন করেন কুষ্টিয়া-৩ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মুফতি আমির হামজা।

গত ২১ এপ্রিল কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নেতা আমির হামজার বিরুদ্ধে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নিয়ে মানহানিকর মন্তব্য করার অভিযোগে করা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। সিরাজগঞ্জের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এ বিষয়ে নির্দেশ দেন।

গত ২৬ মার্চ যখন কুষ্টিয়া সদরের একটি মসজিদে জুমার খুতবার আগে আলোচনা করতে গিয়ে তিনি জ্বালানিমন্ত্রীকে ‘নাস্তিক’ও ‘ইসলামবিদ্বেষী’ বলে অভিহিত করেন। এই মন্তব্যের প্রেক্ষিতে ২ এপ্রিল অ্যাডভোকেট হুমায়ুন কবীর কর্নেল একটি মানহানি মামলা দায়ের করেন। আদালত মুফতি আমির হামজাকে হাজির হওয়ার জন্য সমন জারি করলেও তিনি যথাসময়ে উপস্থিত না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

উল্লেখ্য, এর আগেও তার বিরুদ্ধে বিভিন্ন সময় উসকানিমূলক ও বিতর্কিত বক্তব্য দেওয়ার অভিযোগ উঠেছিল।