News update
  • Bangladesh Rise to Highest-Ever Sixth in Test Rankings     |     
  • President Mirza Fakhrul Begins Official Duties at Bangabhaban     |     
  • PM calls for fair, merit-based promotions in Navy, Air Force     |     
  • Four New Ministers, Two State Ministers Get Portfolios     |     
  • China Mulls Bid to Host 2028 UN Climate Talks     |     

নারী আসনে বিএনপির কারা মনোনয়ন পাবেন, জানালেন রিজভী

গ্রীণওয়াচ ডেস্ক রাজনীতি 2026-04-10, 2:49pm

regterwerewqeq-1a4b31a9769dfee9ae5293393e7c56c71775810950.jpg




ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে বিএনপি। প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে বিগত আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা, শিক্ষাগত যোগ্যতা এবং সংসদে কথা বলার যোগ্যতা সম্পন্ন নারীদেরই অগ্রাধিকার দেয়া হবে।

শুক্রবার (১০ এপ্রিল) বেলা ১১টার দিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন ফরম বিক্রি কার্যক্রম উদ্বোধনের সময় এ কথা জানান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, নয়া পল্টন কার্যালয় থেকে সংরক্ষিত নারী আসনের ফরম বিতরণ শুরু হয়েছে। চলবে আগামী রোববার (১২ এপ্রিল) পর্যন্ত। ফরম নিতে ২ হাজার টাকা এবং জামানত হিসেবে ৫০ হাজার টাকা নেয়া হবে।

দেশের বিভিন্ন এলাকা থেকে মনোনয়ন প্রত্যাশীরা এসেছেন জানিয়ে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, ‘মনোনয়নের বিষয়টি দলের পার্লামেন্টারি বোর্ড সিদ্ধান্ত নেবে। যারা গত ১৬-১৭ বছর নিপীড়ন ও নির্যাতনের স্বীকার হয়েছেন, তাদের প্রত্যাশা থাকবে। বিগত আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা, শিক্ষাগত যোগ্যতা এবং সংসদে কথা বলার যোগ্যতাসহ অন্যান্য যোগ্যতাও বিবেচনায় রাখা হবে।’

কেন্দ্রীয়ভাবে মনোনয়ন প্রত্যাশীদের দলীয় শৃঙ্খলা মানারও অনুরোধ জানিয়ে তিনি বলেন, ‘সংসদের প্রাণবন্ত আলোচনা চালু রাখতে হবে। এটাই গণতন্ত্রের আসল শক্তি।’ 

আগামী ১২ মে ভোটের দিন রেখে ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। গত বুধবার (৮ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে এ তফসিল ঘোষণা করেন ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ।

ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ ২১ এপ্রিল। মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ২২ ও ২৩ এপ্রিল। আপিল করা যাবে ২৬ এপ্রিল। আপিল নিষ্পত্তি হবে ২৭ ও ২৮ এপ্রিল। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৯ এপ্রিল। প্রতীক বরাদ্দ দেয়া হবে ৩০ এপ্রিল। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ মে।

জাতীয় সংসদের ৩৫০ আসনের মধ্যে নারীদের জন্য সংরক্ষিত আসন ৫০টি। ত্রয়োদশ জাতীয় সংসদে বিএনপি ৩৫টি, বাংলাদেশ জামায়াতে ইসলামী ১১টি ও জাতীয় নাগরিক পার্টি-এনসিপি পাচ্ছে ১টি সংরক্ষিত নারী আসন।