News update
  • Philip Sangma arrested for aiding Hadi murder suspects escape     |     
  • Govt Issues Notice on Visa Extension for Expatriates     |     
  • Khamenei Warns US, Israel in First Speech as Leader     |     
  • Protests, Walkout Mark President’s Address in Parliament     |     
  • UNSC fails to adopt resolution for halting Middle East crisis     |     

ঈদের ছুটিতে ডিজিটাল লেনদেন সচল রাখার নির্দেশ

গ্রীণওয়াচ ডেস্ক ব্যাঙ্কিং 2026-03-11, 7:27am

mobaail_phon_lenden_thaamb_0-a62e7d6a9c0f7fcc6f04854473ce63181773192465.jpg




ঈদুল ফিতরকে সামনে রেখে দেশে ডিজিটাল লেনদেন সেবা যেন নিরবচ্ছিন্ন থাকে সেই নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।  ঈদের ছুটিকালীন গ্রাহকেরা যেন এটিএম, পিওএস, কিউআর কোড, ইন্টারনেট ব্যাংকিং, অনলাইন ইপেমেন্ট গেটওয়ে ও মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে সহজে লেনদেন করতে পারেন, তা নিশ্চিত করতে তফসিলি ব্যাংক, এমএফএস প্রদানকারী প্রতিষ্ঠান এবং পেমেন্ট সেবাদাতাদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

একই সঙ্গে এটিএম বুথে পর্যাপ্ত টাকা সরবরাহ, সিস্টেমের নিরাপত্তা এবং গ্রাহকদের দ্রুত সহায়তা দিতেও নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। 

বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট থেকে এ সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়।

নির্দেশনায় ঈদের ছুটিতে সব লেনদেনের ক্ষেত্রে কোনো অবস্থাতেই গ্রাহক যেন হয়রানির শিকার না হয়, তার ব্যবস্থা করতে এবং সার্বক্ষণিক হেল্প লাইনে সহায়তা করতে বলা হয়েছে।  

এটিএম বুথের ক্ষেত্রে নির্দেশনায় বলা হয়েছে, সার্বক্ষণিক এটিএম সেবা নিশ্চিত করতে হবে, এটিএম বুথে কোনো ধরনের কারিগরি ত্রুটি দেখা দিলে দ্রুততম সময়ে সমাধান করতে হবে। পর্যাপ্ত টাকা সরবরাহ নিশ্চিত করতে হবে, এটিএম বুথে সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে, প্রয়োজনে সংশ্লিষ্ট ব্যাংকের কর্মকর্তারা এটিএম বুথ পরিদর্শন করবেন।

পিওএস ও কিউআর কোড এর ক্ষেত্রে সার্বক্ষণিক পিওএস এবং কিউআর কোড ভিত্তিক সেবা নিশ্চিত করা এবং জাল-জালিয়াতি রোধে মার্চেন্ট এবং গ্রাহককে সচেতন করতে হবে। ইন্টারনেট ব্যাংকিং অনলাইন ই-পেমেন্ট গেটওয়ের ক্ষেত্রে কার্ডভিত্তিক ‘কার্ড নট প্রেজেন্ট’ লেনদেনের ক্ষেত্রে টু ফ্যাক্টর অথেনটিকেশন ব্যবস্থা চালু রাখতে হবে।

মোবাইল ফিন্যানশিয়াল সার্ভিস (এমএফএস) প্রদানকারী সব ব্যাংক এবং তাদের সাবসিডিয়ারি কোম্পানিকে নিরবচ্ছিন্ন লেনদেন এবং এজেন্ট পয়েন্টে পর্যাপ্ত নগদ অর্থের সরবরাহ নিশ্চিত করতে হবে। এছাড়া যে কোনো অংকের লেনদেনের তথ্য তাৎক্ষণিকভাবে এসএমএস এলার্ট সার্ভিসের মাধ্যমে গ্রাহকদেরকে জানাতে নির্দেশনায় বলা হয়েছে।