News update
  • Philip Sangma arrested for aiding Hadi murder suspects escape     |     
  • Govt Issues Notice on Visa Extension for Expatriates     |     
  • Khamenei Warns US, Israel in First Speech as Leader     |     
  • Protests, Walkout Mark President’s Address in Parliament     |     
  • UNSC fails to adopt resolution for halting Middle East crisis     |     

ঈদযাত্রায় নতুন লঞ্চ সার্ভিস চালু হবে কবে, জানালো সরকার

গ্রীণওয়াচ ডেস্ক বিবিধ 2026-03-13, 8:32am

retertytr-15ab684a33e8f09776ffd24ae22453d51773369173.jpg




আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নাড়ির টানে বাড়ি ফেরা মানুষের যাতায়াত সহজ ও স্বস্তিদায়ক করতে বড় উদ্যোগ নিয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়। যাত্রীদের অতিরিক্ত চাপ সামাল দিতে এবং বিকল্প পথ তৈরির লক্ষ্যে আগামী ১৭ মার্চ থেকে নতুন কয়েকটি নৌরুটে নিয়মিত লঞ্চ ও স্টিমার সার্ভিস চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নৌপরিবহন মন্ত্রণালয়ের বরাত দিয়ে পাঠানো এক সরকারি তথ্য বিবরণীতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

তথ্য বিবরণীতে জানানো হয়, সড়কপথের ওপর চাপ কমাতে এবং নদীমাতৃক বাংলাদেশের দক্ষিণাঞ্চলের মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে এবার নুতন রুটগুলোকে প্রাধান্য দেওয়া হয়েছে। নতুন এই নৌযানগুলো নির্ধারিত রুটগুলোতে নিয়মিতভাবে যাতায়াত করবে।

সরকারি নির্দেশনা অনুযায়ী, এবার দুটি প্রধান পয়েন্ট থেকে নতুন নৌরুটগুলো কার্যকর হবে। কাঞ্চন ব্রিজ সংলগ্ন শিমুলিয়া ট্যুরিস্ট ঘাট থেকে শিমুলিয়া-ডেমরা-চাঁদপুর-বরিশাল রুটে প্রথমবারের মতো নৌযান চলাচল শুরু করবে। এই রুটটি চালুর ফলে নারায়ণগঞ্জের রূপগঞ্জ ও ডেমরা অঞ্চলের মানুষ সরাসরি চাঁদপুর ও বরিশালে যাতায়াতের সুযোগ পাবেন।

অন্যদিকে, রাজধানীর মোহাম্মদপুর সংলগ্ন বসিলা লঞ্চঘাট থেকে বসিলা-সদরঘাট-ইলিশা-গলাচিপা নৌরুটেও নিয়মিত লঞ্চ ও স্টিমার সার্ভিস চালু করা হচ্ছে। এতে গাবতলী ও মোহাম্মদপুর এলাকার যাত্রীদের সদরঘাটের অসহনীয় যানজট এড়িয়ে সরাসরি পটুয়াখালীর গলাচিপা কিংবা ভোলার ইলিশা যাওয়ার পথ সুগম হবে। আগামী ১৭ মার্চ আনুষ্ঠানিকভাবে এই সার্ভিসগুলোর যাত্রা শুরু হবে।

নৌপরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, নতুন এই রুটগুলোতে যাতে যাত্রীদের নিরাপত্তা বিঘ্নিত না হয় এবং নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি আদায় না করা হয়, সে জন্য কঠোর নজরদারি চালানো হবে। বিআইডব্লিউটিএ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে প্রতিটি ঘাটে নিরাপত্তা চৌকি স্থাপন করা হবে। বিশেষ করে লঞ্চের ফিটনেস পরীক্ষা এবং ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী পরিবহন রোধে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।