News update
  • PM Proposes Five Urgent Steps to Resolve Rohingya Crisis     |     
  • Govt Appoints Indonesian Firm to Operate Cox’s Bazar SPM     |     
  • ADB lowers Bangladesh’s growth forecast to 4 % in FY2027     |     
  • El Niño Tests Global Readiness for a Changing Climate     |     
  • Dhaka's air quality recorded moderate on Wednesday morning      |     

হাম থেকে রক্ষায় ফরিদপুরের এক গ্রামে ৬০ বছর ধরে হচ্ছে বিশেষ পূজা

গ্রীণওয়াচ ডেস্ক বিবিধ 2026-04-11, 9:18pm

retwr23423-724d5c37c8ff6f2ece24e19e9c0838541775920707.jpg




ফরিদপুরের সদরপুরে হাম-বসন্তসহ বিভিন্ন সংক্রামক রোগ থেকে রক্ষা পাওয়ার আশায় প্রায় ছয় দশক ধরে বিশেষ ধর্মীয় আচার শীতলা পূজা পালন করে আসছেন গ্রামবাসী।

শনিবার (১১ এপ্রিল) বিকেলে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের মালোপাড়া গ্রামে এ পূজা অনুষ্ঠিত হয়। প্রতি বছরের মতো এবারও গ্রামের নারী-পুরুষ, শিশু-কিশোরসহ বিভিন্ন বয়সী মানুষ স্বতঃস্ফূর্তভাবে এ পূজায় অংশ নেন।

প্রতি বছরের মতো এবারও গ্রামজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। ঢাক-ঢোলের তালে মুখরিত হয়ে ওঠে পুরো গ্রাম। বিশেষ আকর্ষণ হিসেবে এদিন গ্রামবাসীরা কাদা-মাটিতে মেতে ওঠেন। আনন্দ-উল্লাসে একে অপরকে কাদা মাখিয়ে তারা উৎসবের আনন্দ ভাগাভাগি করেন, যা দীর্ঘদিনের ঐতিহ্যের অংশ।

স্থানীয়দের বিশ্বাস, শীতলা দেবীর পূজা করলে হাম, বসন্তসহ বিভিন্ন রোগ থেকে গ্রামবাসী সুরক্ষিত থাকে। সেই বিশ্বাস থেকেই প্রজন্মের পর প্রজন্ম ধরে এই পূজার আয়োজন করা হচ্ছে।

গ্রামের প্রবীণ বাসিন্দারা জানান, তাদের পূর্বপুরুষরা প্রায় ৬০ বছর আগে এ পূজার প্রচলন করেন। তখন এলাকায় হাম-বসন্তের প্রকোপ বেশি থাকায় রোগ থেকে মুক্তির আশায় এ পূজা শুরু হয়, যা এখনও অব্যাহত রয়েছে।

স্থানীয়দের মতে, আধুনিক চিকিৎসাব্যবস্থার উন্নতি হলেও এ ঐতিহ্যবাহী পূজা তাদের সাংস্কৃতিক ও ধর্মীয় বিশ্বাসের অংশ হয়ে দাড়িয়েছে। তাই প্রতি বছরই তারা যথাযোগ্য মর্যাদায় এই পূজা উদযাপন করে থাকেন।

এ বিষয়ে সংশ্লিষ্টরা জানান, এটি শুধু ধর্মীয় আচার নয়, বরং গ্রামবাসীর ঐক্য ও সম্প্রীতির প্রতীক হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।