News update
  • WMO Warns El Niño to Drive Global Extreme Weather     |     
  • SEC to be restructured with new leadership team: Finance Minister     |     
  • ‘May no other parent lose a child this way’, says Ramisa’s father     |     
  • 5 killed as car crashes into truck on Faridpur expressway      |     
  • Rawhide traders count losses as tanneries duck blame     |     

মাসজুড়ে একাধিক তাপপ্রবাহের শঙ্কা, কমতে পারে বৃষ্টি

গ্রীণওয়াচ ডেস্ক বিপর্যয় 2026-06-02, 4:35pm

fdgrtret-c172d3037ab7d4e90504d5cc3e4c7abf1780396534.jpg




জুন মাসে দেশের ওপর দিয়ে একাধিক মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এই মাসে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যার ফলে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকতে পারে। আবহাওয়া অধিদপ্তরের জুন মাসের দীর্ঘমেয়াদী পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, চলতি মাসে দেশে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাত হতে পারে। সাধারণত জুনের মাঝামাঝি সময়ে বর্ষা ঋতুর সূচনা হয় এবং আষাঢ় মাসে বছরের দ্বিতীয় সর্বোচ্চ (৪৫৯ মিলিমিটার) বৃষ্টিপাত হয়ে থাকে। তবে এবার সেই স্বাভাবিক ধারার ব্যত্যয় ঘটার ইঙ্গিত দিচ্ছে আবহাওয়া অফিস। বৃষ্টির প্রবণতা কম থাকায় মাসের অনেকটা সময় জুড়ে অস্বস্তিকর গরম অনুভূত হতে পারে। 

আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, জুন মাসে বঙ্গোপসাগরে এক বা একাধিক লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে একটি লঘুচাপ মৌসুমি নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনাও রয়েছে। সব মিলিয়ে মাসজুড়ে দুই থেকে তিনটি মৃদু (৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াস) থেকে মাঝারি (৩৮ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস) ধরনের তাপপ্রবাহ বয়ে যাওয়ার শঙ্কা প্রকাশ করা হয়েছে। 

এদিকে মঙ্গলবার(২ জুন) বিশ্ব আবহাওয়া সংস্থা (ডব্লিউএমও) জানিয়েছে, চলতি মাস থেকে আগস্টের মধ্যে বিশ্বজুড়ে তাপমাত্রা বৃদ্ধির জন্য দায়ী জলবায়ু পরিস্থিতি ‘এল নিনো’ সক্রিয় হওয়ার ৮০ শতাংশ সম্ভাবনা রয়েছে। জাতিসংঘের এই সংস্থাটির মতে, উষ্ণমণ্ডলীয় প্রশান্ত মহাসাগরের পানির তাপমাত্রা অস্বাভাবিক বেড়ে যাওয়ায় এল নিনো পরিস্থিতি তৈরি হচ্ছে।

এল নিনোর প্রভাবে বিশ্বজুড়ে তাপমাত্রা ও বৃষ্টিপাতের স্বাভাবিক নিয়মে বড় ধরনের পরিবর্তন আসতে পারে বলে সতর্ক করেছে সংস্থাটি। এর ফলে দক্ষিণ এশিয়াসহ বিভিন্ন অঞ্চলে একের পর এক প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি তৈরি হতে পারে। আঞ্চলিক জলবায়ু কেন্দ্রগুলোর পূর্বাভাস বিশ্লেষণ করে ডব্লিউএমও জানিয়েছে, এল নিনোর প্রভাবে দক্ষিণ এশিয়ায় এবারের মৌসুমে গড় বৃষ্টিপাতের চেয়ে কম বৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।