News update
  • Consumers face fresh burden as 12kg LPG cylinder price rises to Tk 2,060     |     
  • Cabinet Approves 29 Public Holidays for Bangladesh in 2027     |     
  • Extreme heat linked to over 5,500 excess preterm births in BD     |     
  • Talks on Ganges to be based on BD’s legitimate demands: Shama     |     
  • Safe food drive: Tk 35.5 lakh fined, 28 cases filed in October     |     

একমাত্র মেসির ভোট পেয়ে যা বললেন মাজা

গ্রীণওয়াচ ডেস্ক ফুটবল 2026-11-03, 7:51am

img_20261103_074939-7544fb2239bb7a1b6951eee4121dd03e1793670673.jpg




কোপা ট্রফির ভোটের ফল প্রকাশের পর আলোচনায় উঠে এসেছেন বায়ার লেভারকুসেনের তরুণ মিডফিল্ডার ইব্রাহিম মাজা। বর্ষসেরা তরুণ ফুটবলারের স্বীকৃতির জন্য তাকে ভোট দিয়েছেন কেবল একজনই। আর সেই ভোটদাতা লিওনেল মেসি। আর্জেন্টাইন মহাতারকার কাছ থেকে এমন স্বীকৃতি পেয়ে রীতিমতো বিস্মিত মাজা।

কোপা ট্রফির ভোট দেন সাবেক ব্যালন ডি’অর জয়ীরা। এবারের ভোটে অধিকাংশ সাবেক তারকার পছন্দের তালিকায় ছিলেন লামিন ইয়ামাল ও পাউ কুবারসি। তাদের ভোট দিয়েছেন মেসিও। তবে এই দুজনের পর তৃতীয় পছন্দ হিসেবে মাজার নাম রেখেছেন আটবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকা। ফলে পুরো ভোটের তালিকায় মাজার একমাত্র ভোটদাতা মেসি।

জার্মান সংবাদমাধ্যম কিকারকে দেওয়া সাক্ষাৎকারে মেসির কাছ থেকে পাওয়া স্বীকৃতির অনুভূতি জানিয়েছেন আলজেরিয়ান এই ফুটবলার। তিনি বলেন, প্রথমে বিষয়টি নিয়ে না ভেবে ম্যাচে মনোযোগ ধরে রাখতে চেয়েছিলেন। তবে ফল প্রকাশের পর ফোনে একের পর এক বার্তা আসতে শুরু করে।

মাজা বলেন, ‘আমি প্রথমে ম্যাচের দিকে মনোযোগ দিতে চেয়েছিলাম এবং বিষয়টি মন থেকে সরিয়ে রাখার চেষ্টা করছিলাম। এরপর অনেক বার্তা আসতে শুরু করে। ম্যাচ শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করছিলাম, খবরটি সত্যি নাকি মিথ্যা জানার জন্য। মেসির কাছ থেকে এমন কিছু আশা করিনি।’

তিনি আরও বলেন, ‘আমি নিজেকে বিচলিত হতে না দেওয়ার চেষ্টা করছিলাম। কিন্তু কিছু বার্তা আসতে শুরু করে। এই স্বীকৃতি পাওয়া এবং মেসির মতো একজন খেলোয়াড়ের দ্বারা নির্বাচিত হওয়া আমার জন্য বিরাট সম্মানের।’

বিশ্বকাপেও মুখোমুখি হয়েছিলেন মেসি ও মাজা। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে আর্জেন্টিনার বিপক্ষে আলজেরিয়ার হয়ে ৮২ মিনিট খেলেন মাজা। অন্যদিকে ৮০তম মিনিটে মাঠ ছাড়েন মেসি। ম্যাচটিতে ৩-০ গোলে হেরে যায় আলজেরিয়া। পরে জর্ডানকে হারিয়ে এবং অস্ট্রিয়ার সঙ্গে ড্র করে শেষ ৩২-এ জায়গা করে নেয় দলটি। তবে নকআউট পর্বে সুইজারল্যান্ডের কাছে হেরে বিদায় নিতে হয় তাদের।

বিশ্বকাপে চার ম্যাচেই আলজেরিয়ার শুরুর একাদশে ছিলেন মাজা। গোল কিংবা অ্যাসিস্ট করতে না পারলেও ক্লাব ফুটবলে দারুণ ছন্দে রয়েছেন ২০ বছর বয়সী এই মিডফিল্ডার। লেভারকুসেনে নতুন কোচ কার্লেস মার্তিনেজের অধীনে নিয়মিত খেলার সুযোগ পাচ্ছেন তিনি। সব প্রতিযোগিতা মিলিয়ে ১১ ম্যাচে করেছেন তিন গোল, সঙ্গে রয়েছে তিনটি অ্যাসিস্ট।

২০২৫ সালের গ্রীষ্মে বুন্দেসলিগার ক্লাব লেভারকুসেনের সঙ্গে ২০৩০ সাল পর্যন্ত চুক্তি করেন মাজা। ক্লাবের হয়ে পারফরম্যান্সের পাশাপাশি এবার ফুটবল বিশ্বের অন্যতম সেরা তারকা মেসির স্বীকৃতিও যোগ হলো তার অর্জনের তালিকায়।