News update
  • Journalism’s main task is to question power: Swapon     |     
  • Rohingya Crisis: Global Community Urges Long-Term Strategy     |     
  • PM Orders Study on Restoring Universal Stipends for Girls     |     
  • President urges KSA to make hajj more convenient for Bangladeshi pilgrims     |     
  • Second Teesta Bridge: Costly shortcut that heavy vehicles cannot take     |     

বিশ্বকাপের ম্যাচ অফিসিয়ালদের তালিকা প্রকাশ ফিফার, আর্জেন্টিনা-ব্রাজিল থেকে ১৮ জন

গ্রীণওয়াচ ডেস্ক ফুটবল 2026-04-11, 10:01am

0bc53bb1ba139ccc9f52b796814cc74408146c578998c4e5-5eda10f9d25aed375234ea8a38c228171775880118.jpg




সবচেয়ে বড় বিশ্বকাপ, তাই ম্যাচ অফিসিয়ালদের বহরটাও সবচেয়ে বড়। ২০২৬ ফিফা বিশ্বকাপের ১০৪টি ম্যাচ পরিচালনা করতে ৬টি ফেডারেশনের ৫০টি সদস্য দেশের ১৭০ জন ম্যাচ অফিসিয়ালের বিশাল বহরের তালিকা প্রকাশ করেছে ফিফা।

১৭০ জন ম্যাচ অফিসিয়ালের মধ্যে ৫২ জন রেফারি, ৮৮ জন সহকারী রেফারি ও ৩০ জন ভিডিও রেফারি। কেবল আর্জেন্টিনা ও ব্রাজিল থেকেই আছেন ১৮ জন। দুই দেশ থেকে মূল রেফারি ৩, সহকারী রেফারি ৫ ও ভিডিও রেফারি একজন করে। অন্য ৪৮টি দেশ থেকে ম্যাচ অফিসিয়াল আছেন গড়ে ৩ জন করে।

ফিফা এক বিবৃতি দিয়ে তাদের তালিকা প্রকাশ করে। সেখানে বলা হয়, প্রায় তিন বছরের এই বাছাই সম্পন্ন হয়েছে ফিফার দীর্ঘদিনের ‘গুণগত মান সবার আগে’ নীতির ভিত্তিতে। পাশাপাশি, সাম্প্রতিক বছরগুলোতে ফিফা টুর্নামেন্ট, আন্তর্জাতিক এবং দেশীয় প্রতিযোগিতায় তাদের ধারাবাহিক পারফরম্যান্সকেও বিবেচনায় নেওয়া হয়েছে।

ফিফার প্রধান রেফারি অফিসার ও রেফারি কমিটির চেয়ারম্যান পিয়েরলুইজি কলিনা। তালিকা প্রকাশ করে তিনি বলেছেন, ‘নির্বাচিত ম্যাচ অফিসিয়ালরা বিশ্বসেরা। তারা গত তিন বছরে চিহ্নিত ও পর্যবেক্ষণ করা বৃহত্তর একদল কর্মকর্তার অংশ ছিলেন। তারা বিভিন্ন সেমিনারে অংশগ্রহণ করেছেন এবং ফিফা টুর্নামেন্টে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও, দেশীয় ও আন্তর্জাতিক ম্যাচে তাদের পারফরম্যান্স নিয়মিতভাবে মূল্যায়ন করা হয়েছে। নির্বাচিত কর্মকর্তারা আমাদের ফিটনেস কোচ ও চিকিৎসা দলের কাছ থেকে ব্যাপক সহায়তা পেয়েছেন এবং পেতে থাকবেন, যার মধ্যে ফিজিওথেরাপিস্ট ও মানসিক বিশেষজ্ঞও অন্তর্ভুক্ত। আমাদের লক্ষ্য হলো, তারা যেন ৩১ মে মায়ামিতে পৌঁছানোর সময় সর্বোত্তম শারীরিক ও মানসিক অবস্থায় থাকেন।’

আগামী ১১ জুন মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার ম্যাচ দিয়ে শুরু হবে এবারের বিশ্বকাপ। প্রথমবারের মতো ৪৮টি দলের অংশগ্রহণে তিন দেশে অনুষ্ঠিত হবে এই আসর। ১৯ জুলাই মেটলাইফ স্টেডিয়ামে ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে টুর্নামেন্টের।