![]()
শহীদ শরিফ ওসমান হাদি হত্যার তদন্ত এবং জড়িতদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে যাওয়ার পথে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের গুলিতে আহত হওয়ার বিষয়টি অস্বীকার করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা জোনের উপকমিশনার (ডিসি) মো. মাসুদ আলম। তিনি বলেন, কোনো প্রকার বুলেট ব্যবহার করা হয়নি। হয়ত নিক্ষেপ করা সাউন্ড গ্রেনেডে আহত হয়েছেন। কোনো বুলেট নিক্ষেপের বিষয়টি মিথ্যা।
আজ শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে সাংবাদিকদের এ কথা বলেন ডিসি মাসুদ আলম।
ইনকিবাল মঞ্চের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে জানানো হয়, আজ জাতিসংঘের অধীনে শরিফ ওসমান হাদি হত্যার তদন্ত এবং জড়িতদের বিচারের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে বিক্ষোভ মিছিল নিয়ে যাত্রাকালে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান ও টিয়ারগ্যাস ব্যবহার করে। এ ঘটনায় ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবেরসহ প্রায় অর্ধশতাধিক আহত হয়েছে। এ সময় জাবের গুলিবিদ্ধ হয়েছেন।
যদি ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা জোনের ডেপুটি কমিশনার (ডিসি) মো. মাসুদ আলম বলেছেন, কোনো প্রকার বুলেট ব্যবহার করা হয়নি। এটি মিথ্যা।
মাসুদ আলম বলেন, ৫ আগস্টের পর থেকে এখন পর্যন্ত এখানে কোনো প্রকার গুলি করা হয়নি। আমি ঘটনাস্থলে শুরুতে ছিলাম না। যতটুকু জেনেছি, সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করা হয়েছে।
জাবের গুলিবিদ্ধ হওয়ার বিষয় জানতে চাইলে ডিসি মাসুদ আলম বলেন, দেখুন, রাবার বুলেটও নিক্ষেপ করা হয়নি। ওনারা যদি বলে থাকেন, সেটা মিথ্যা। কোনো প্রকার বুলেট ব্যবহার করা হয়নি। আপনারা তো জানেন, সাউন্ড গ্রেনেড কাছাকাছি ফুটলে তখন আহত হয়। হয়ত নিক্ষেপ করা সাউন্ড গ্রেনেড ওনাদের কাছাকাছি ফুটেছে, তাই আহত হয়েছেন। কোনো বুলেট নিক্ষেপের বিষয়টি মিথ্যা।
রমনার ডিসি আরও বলেন, আমি শেষ দিকে এসেছিলাম, তখন দেখি তারা প্রায় ছত্রভঙ্গ। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।