
কারিগরি (অনলাইন) ত্রুটির কারণে এইচএসসি ও সমমান পরীক্ষা ২০২৬-এর উত্তরপত্র পুনর্নিরীক্ষণসহ পুনর্মূল্যায়নের আবেদনের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। শনিবার (৭ নভেম্বর) আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পূর্বনির্ধারিত সময়সীমা অনুযায়ী শনিবার (৭ নভেম্বর) রাত ১২টা পর্যন্ত আবেদনের কথা থাকলেও তা বাড়িয়ে রোববার (৮ নভেম্বর) দুপুর ১২টা পর্যন্ত পুনর্নির্ধারণ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, এইচএসসি ও সমমান পরীক্ষা ২০২৬-এর পরীক্ষার্থী, অভিভাবক, প্রতিষ্ঠান প্রধান ও সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, কারিগরি ত্রুটির কারণে উত্তরপত্র পুনর্নিরীক্ষণসহ পুনর্মূল্যায়নের আবেদন প্রক্রিয়া শনিবার (৭ নভেম্বর) বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত বিঘ্নিত হয়.
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ কারণে অনেক পরীক্ষার্থী ওই সময়ে আবেদন করতে পারেননি। পরীক্ষার্থীদের বিষয়টি বিবেচনা করে উত্তরপত্র পুনর্নিরীক্ষণসহ পুনর্মূল্যায়নের আবেদনের শেষ সময় শনিবার রাত ১২টার পরিবর্তে রোববার (৮ নভেম্বর) দুপুর ১২টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।