
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় জাঙ্গালিয়া ইউনিয়ন বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় পাঁচজন শিক্ষার্থী অংশ নিয়েও কেউ উত্তীর্ণ হতে পারেনি। অথচ বিদ্যালয়টিতে শিক্ষক রয়েছেন আটজন। শিক্ষার্থীর তুলনায় শিক্ষক বেশি থাকার পরও কেউ পাস না করায় শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের মধ্যে প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
অভিভাবক ও স্থানীয় বাসিন্দা হাবীবুর রহমান ভূঁইয়া বলেন, শিক্ষার্থী কম হলে প্রত্যেকের প্রতি আলাদা নজর দেওয়ার সুযোগ থাকার কথা। কিন্তু ফলাফল দেখে মনে হচ্ছে, শিক্ষকদের দায়িত্ব পালনে বড় ধরনের ঘাটতি রয়েছে। পাশাপাশি বিদ্যালয় পরিচালনা কমিটির দায়িত্ব পালনে অবহেলা রয়েছে। বিষয়টি তদন্ত করে প্রকৃত কারণ বের করা প্রয়োজন।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাকির ফলাফলের সত্যতা নিশ্চিত করে বলেন, বিদ্যালয় থেকে পাঁচজন শিক্ষার্থী মানবিক বিভাগে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল। তবে ফল বিপর্যয়ের কারণ সম্পর্কে তিনি কিছু বলতে রাজি হননি।
পাকুন্দিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ওমর ফারুক ভূঁইয়া বলেন, বিদ্যালয়টি থেকে এবার এসএসসি পরীক্ষায় পাঁচজন শিক্ষার্থী অংশ নিলেও পাঁচজনই অকৃতকার্য হয়েছে। এ বিষয়ে শিক্ষকদের দ্রুত কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে। তাদের জবাব পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি বিদ্যালয়টি পরিদর্শন করে শিক্ষার মান উন্নয়নে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।