News update
  • El Niño May Push 49 Million More Into Acute Hunger     |     
  • Acting President Urges Unity on National Interest     |     
  • Strong El Nino to dominate global climate in late 2026: WMO     |     
  • July Mass Uprising Day Today     |     
  • PM Inaugurates July Mass Uprising Memorial Museum     |     

চীনের আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ২১

গ্রীণওয়াচ ডেস্ক দূর্ঘটনা 2026-05-05, 11:54am

rtgretwerewr-0d12f28ef61634cb65d6a9487d234c5f1777960450.jpg




চীনের একটি আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণের খবর পাওয়া গেছে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম আজ জানিয়েছে, মধ্য চীনের একটি আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ২১ জন নিহত এবং ৬১ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (৫ মে) দেশটির বার্তা সংস্থা সিনহুয়া এ তথ্য জানিয়েছে।

রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি ও সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়, সোমবার স্থানীয় সময় বিকেল ৪টা ৪০ মিনিটে হুনানের রাজধানী চাংশা শহরে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এলাকাটি আতশবাজি উৎপাদনের কেন্দ্র হিসেবে পরিচিত। ‘হুয়াশেং ফায়ারওয়ার্কস ম্যানুফ্যাকচারিং অ্যান্ড ডিসপ্লে কোম্পানি’ নামের কারখানায় এই বিস্ফোরণ ঘটে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, কারখানার বিশাল এলাকা জুড়ে ঘন ধোঁয়া উড়তে দেখা গেছে। বিস্ফোরণে ভবনগুলো ধসে পড়েছে এবং ধ্বংসস্তূপ ছড়িয়ে আছে। তবে রয়টার্স এসব ফুটেজ স্বতন্ত্রভাবে যাচাই করতে পারেনি। সাউথ চায়না মর্নিং পোস্টের তথ্য অনুযায়ী, প্রায় ৫০০ দমকলকর্মী, উদ্ধারকারী এবং চিকিৎসা কর্মী দুর্ঘটনাস্থলে কাজ করেছেন।

বিস্ফোরণের কারণ উদঘাটন এবং এই ঘটনার জন্য কঠোর জবাবদিহিতা নিশ্চিত করতে দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট শি জিনপিং। একই সঙ্গে তিনি স্থানীয় কর্মকর্তাদের প্রধান শিল্পগুলোতে ঝুঁকি ও বিপদ নিয়ন্ত্রণ ব্যবস্থা জোরদার করার নির্দেশ দিয়েছেন, যাতে জনগণের জীবন ও সম্পদের সুরক্ষা নিশ্চিত করা যায়।

অবজারভেটরি অব ইকোনমিক কমপ্লেক্সিটির তথ্য অনুযায়ী, গত বছর চীন ১ দশমিক ১৪ বিলিয়ন ডলারের আতশবাজি রফতানি করেছে, যা বৈশ্বিক বাজারের দুই-তৃতীয়াংশেরও বেশি।

উল্লেখ্য বড় দুর্ঘটনা বা প্রাণহানির ঘটনায় স্থানীয় কর্তৃপক্ষকে প্রায়ই ‘গুরুত্বপূর্ণ নির্দেশনা’ দেন শি জিনপিং। গত সপ্তাহেও দেশের দুর্যোগ মোকাবিলা সক্ষমতা বাড়ানোর আহ্বান জানান তিনি। এছাড়া গত নভেম্বরে হংকংয়ের ওয়াং ফুক কোর্ট কমপ্লেক্সে অগ্নিকাণ্ডে ১৬৮ জন নিহত হওয়ার পরও নির্দেশনা দিয়েছিলেন তিনি।সূত্র: এনডিটিভি