
বাদাম শরীরের জন্য উপকারী। এ বিষয়ে কোনো সন্দেহ নেই। ভেতর থেকে শক্তি জোগাতে এবং শরীর চাঙা রাখতে জুড়ি মেলা ভার বাদামের। প্রতিদিন যারা শরীরচর্চা করেন, তাদের রোজের পাতে বাদাম রাখতে বলেন পুষ্টিবিদরা।
শরীর ভালো রাখতে বাদামের গুণ অপরিসীম। তবে বাদাম খেলে হজমের সমস্যা হয় অনেকেরই। পেট ফাঁপা, ফুলে যাওয়ার সমস্যাও দেখা যায় কিছু ক্ষেত্রে। সে জন্য বাদাম ভিজিয়ে খাওয়ার পরামর্শ দেন পুষ্টিবিদরা। কেন বাদাম ভিজিয়ে খেতে বলেন তারা? চলুন জেনে নেয়া যাক
বাদামে থাকা ফেনোলিক যৌগ ট্যানিন সহজে হজম হয় না। ফলে বাদাম খেলে অনেকেই বদহজমের সমস্যায় ভুগে থাকেন। এই ট্যানিন শরীরে প্রোটিন পরিপাকও জটিল করে তোলে। আগে থেকে ভিজিয়ে রাখলে বাদামে ট্যানিনের পরিমাণ কমে যায়।
বাদামে থাকা অ্যান্টি-অক্সিডেন্ট ফাইটিক অ্যাসিড শরীরে আয়রন, জিঙ্কের সঙ্গে বিক্রিয়ায় যে নুন তৈরি করে, তা খাদ্যনালিতে দ্রবীভূত হয় না। এই ফাইটিক অ্যাসিড শরীরে পেপসিন, ট্রিপসিন উৎসেচকের পরিমাণ কমিয়ে প্রোটিন পরিপাকেও বাধা দেয়। জলে ভিজিয়ে রাখলে বাদামের ফাইটিক অ্যাসিডের পরিমাণ কমে।
কাঠবাদামের মতো এমন কিছু বাদাম আছে যেগুলো বেশ শক্ত হয়। পরিপাকে সহজ হয় না। ভিজিয়ে রাখলে কাঠবাদামগুলো অনেক নরম হয়ে যায়। সহজে ভাঙতেও পারা যায়। হজম করতেও অসুবিধা হয় না।
সব বাদাম বেশিক্ষণ ভেজানোর দরকার পড়ে না। কাঠবাদাম খাওয়ার আগে অন্তত ১২ ঘণ্টা ভেজানো উচিত। তবে আখরোট, পাইন নাট বা হেজেল নাট আট ঘণ্টা ভেজালেই যথেষ্ট। কাজুবাদামের ক্ষেত্রে ছয় ঘণ্টা ভিজিয়ে রাখলেই যথেষ্ট।