News update
  • Bangladesh officially enters global nuclear energy community     |     
  • BNP standing committee set to meet Friday evening     |     
  • Bhutan PM makes brief stopover in Dhaka     |     
  • 12.5m CFT gas to enter grid tomorrow, 55m more in 4 months     |     
  • Inflation falls to 10-month low at 8.26pc in August     |     

যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ, অটোচালক আহত

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2026-09-18, 10:56pm

img_20260918_225220-bf0fc2df3fd1720bf89c9a7c3eaa995f1789750567.jpg




রাজধানীর মালিবাগ, মহাখালী, আগারগাঁওয়ের পর এবার যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। এ সময় ইবাদুর রহমান (২৬) নামে এক অটোরিকশাচালক আহত হয়েছেন।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে যাত্রাবাড়ী থানাধীন যাত্রাবাড়ী চৌরাস্তা পুলিশ বক্সের সামনে এ ঘটনা ঘটে। পরে রাত ৮টা ২৫ মিনিটে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

আহত ইবাদুর রহমান কুড়িগ্রামের অলিপুর থানার সাদুল্লা গ্রামের লুৎফুর রহমানের ছেলে। বর্তমানে তিনি রাজধানীর মুগদার মান্ডা এলাকায় থাকেন।

জানা গেছে, রাত ৮টার দিকে যাত্রাবাড়ী চৌরাস্তা পুলিশ বক্সের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ইবাদুর রহমান আহত হন। পরে যাত্রাবাড়ী থানার কনস্টেবল তুহিন তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসেন। খবর পেয়ে কয়েক মিনিটের মধ্যে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান এবং পুরো এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

যাত্রাবাড়ী থানার ডিউটি অফিসার হাসেনুর রহমান বলেন, ঘটনাস্থলে ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন।

ককটেল বিস্ফোরণের বিষয়ে যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাজু বলেন, ককটেল বিস্ফোরণে একজন অটোরিকশা চালক আহত হয়েছেন। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ঢামেক হাসপাতাল সূত্রে জানা গেছে, রাত ৮টা ২৫ মিনিটে আহত অবস্থায় ইবাদুরকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। সেখানে তার চিকিৎসা চলছে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক‍্যাম্পের ইনচার্জ পরিদর্শক হাবিবুর রহমান জানান, যাত্রাবাড়ী থানা এলাকা থেকে আহত অবস্থায় এক রিকশাচালককে হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। তিনি ককটেল বিস্ফোরণের ঘটনায় আহত হয়েছেন বলে জানা গেছে।

এর আগে, শুক্রবার জুমার পর রাজধানীর মালিবাগে শপিং মলের সামনে ককটেল বিস্ফোরণ হয়। এর পর সন্ধ্যার দিকে আগারগাঁওয়ের বাংলাদেশ বেতার ভবন সংলগ্ন এলাকা ও মহাখালীতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

ডিএমপির মতিঝিল বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জাহিদ মালিবাগের ককটেল বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করে বলেন, সিসিটিভি ফুটেজ দেখে দুর্বৃত্তদের শনাক্তের চেষ্টা চলছে।