
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, দায়িত্ব গ্রহণের পর থেকে বর্তমান সরকার গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর পুনর্গঠন এবং দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। তিনি বলেন, ক্ষমতা গ্রহণের মাত্র ১৫০ দিনের মধ্যেই সরকার জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছে।
শনিবার (১৮ জুলাই) বর্তমান সরকারের পাঁচ মাস পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মুখপাত্র মাহদী আমিন।
১৬ বছরের ফ্যাসিবাদের সমালোচনা করে উপদেষ্টা মাহ্দী আমিন বলেন, ভেঙে পড়া রাষ্ট্র কাঠামোর মধ্য দিয়ে পতিত স্বৈরাচারের পতন ঘটেছে। তিনি দৃঢ়তার সঙ্গে ঘোষণা করেন, ‘গত ১৬ বছরের ফ্যাসিবাদের দীর্ঘ সময়ে এবং জুলাই গণঅভ্যুত্থানে যারা গুম, খুন, হামলা, মামলা ও মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িত ছিল, আইনের অনুশাসন সুনিশ্চিত করে তাদের প্রত্যেকের বিচার করা হবে।’
মাহদী আমিন আরও বলেন, মানবাধিকার লঙ্ঘনের সবচেয়ে বড় ভুক্তভোগী বিএনপি। প্রতিটি শ্রেণি-পেশা এবং গণতান্ত্রিক রাজনৈতিক দলের সংগ্রাম, ত্যাগ ও বহু রক্তের ওপর দাঁড়িয়ে আজকের এ গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা অর্জিত হয়েছে। শহীদদের আকাঙ্ক্ষা এবং আহতদের আর্তনাদকে ধারণ করে স্বাধীন বিচার বিভাগের মাধ্যমে প্রতিটি হত্যাকারী ও মানবাধিকার লঙ্ঘনকারীর বিচার সুনিশ্চিত করা হবে।
গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের অধিকার রক্ষা
বিএনপি সবসময়ই গণমাধ্যম-বান্ধব ছিল উল্লেখ করে মাহদী আমিন বলেন, বাংলাদেশে গণমাধ্যমের প্রাতিষ্ঠানিক ভিত্তি ও অবকাঠামো গঠনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদান অনস্বীকার্য। জাতীয় প্রেস ক্লাব ও ঢাকা রিপোর্টার্স ইউনিটিসহ অনেক অবকাঠামোই বিএনপির সময়ে গড়ে উঠেছে। বেগম খালেদা জিয়া ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের বিরুদ্ধে অতীতে অনেক অপপ্রচার হলেও বিএনপি সবসময় বাক-স্বাধীনতা নিশ্চিত করেছে।
প্রধানমন্ত্রীর এ উপদেষ্টা সাংবাদিকদের আশ্বস্ত করে বলেন, ‘সাংবাদিকতা সমাজের দর্পণ। সাংবাদিক, ক্যামেরাম্যানসহ গণমাধ্যমকর্মীদের কল্যাণে যা যা করা প্রয়োজন, সরকার অংশীজনদের সঙ্গে আলোচনা (প্রপার কনসাল্টেশন) করে তা সুনিশ্চিত করবে।’
গঠনমূলক সমালোচনা বনাম অপপ্রচার
সরকার যৌক্তিক ও পেশাদারিত্বমূলক সমালোচনাকে স্বাগত জানায় উল্লেখ করে উপদেষ্টা মাহদী আমিন বলেন, ‘সরকারের ভুলভ্রান্তি থাকলে আপনারা তা গঠনমূলকভাবে তুলে ধরবেন। নীতি-নির্ধারকরা (তথ্যের) সত্যতা পেলে অবশ্যই সেখানে সংশোধনমূলক ব্যবস্থা (কারেক্টিভ মেজারস) নেবেন।’
তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন অপপ্রচার ও তথ্যের সত্যতাহীন বিষয়গুলোর প্রতি প্রভাবিত না হয়ে গণমাধ্যমকর্মীদের বস্তুনিষ্ঠ সাংবাদিকতা (অবজেক্টিভ জার্নালিজম) করার আহ্বান জানান মাহদী আমিন। একই সঙ্গে তিনি সরকারের ইতিবাচক কাজগুলো, যেমন—২২ লাখ শিক্ষার্থীর অংশগ্রহণে দেশব্যাপী অনুষ্ঠিত ফুটবল টুর্নামেন্টের মতো অনুপ্রেরণামূলক সংবাদগুলো বেশি করে প্রচারের অনুরোধ করেন।
এইচএসসি পরীক্ষা ও বন্যা পরিস্থিতি মোকাবিলা
চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা প্রসঙ্গে প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন বলেন, এ বছর প্রায় ১২ লাখ শিক্ষার্থী ২ হাজার ৭০০টি কেন্দ্রে পরীক্ষায় অংশগ্রহণ করছে।
সাম্প্রতিক অতিবৃষ্টি ও বন্যার কারণে সৃষ্ট জলাবদ্ধতা নিয়ে কথা বলতে গিয়ে মাহদী আমিন বলেন, চট্টগ্রাম বোর্ডের অধীনস্থ পাঁচটি জেলায় (চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবান ও কক্সবাজার) বন্যার প্রকোপ বেশি থাকায় সেখানে পরীক্ষা স্থগিত করা হয়েছিল।
কুমিল্লার একটি মহিলা কলেজ কেন্দ্রে পানি ওঠার ভাইরাল হওয়া ছবি প্রসঙ্গে মাহদী আমিন স্পষ্ট করেন, প্রশাসন তাৎক্ষণিকভাবে কার্যকর পদক্ষেপ নিয়েছিল। পরীক্ষার্থীদের যাতায়াতের জন্য নৌকার ব্যবস্থা করা এবং ওই কেন্দ্রে পরীক্ষার সময় এক ঘণ্টা বাড়িয়ে দেওয়া হয়েছিল।
মাহদী আমিন জোর দিয়ে বলেন, সরকার যখন রাষ্ট্র পরিচালনা করে, তখন বৃহত্তর সংখ্যাগরিষ্ঠ শিক্ষার্থীর প্রত্যাশাকেই সর্বোচ্চ প্রাধান্য দেওয়া হয়। যেখানেই সমস্যা দেখা দিচ্ছে, প্রশাসন তা দ্রুত সমাধানের জন্য কাজ করে যাচ্ছে।
চলতি বছরের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হয় বিএনপি। এরপর ১৭ ফেব্রুয়ারি দায়িত্ব গ্রহণের মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার নতুন মেয়াদের কার্যক্রম শুরু করে।