
খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) সংলগ্ন ইসলামনগর সড়কের একটি মেসে নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আজমুল হোসেনকে (২২) পিটিয়ে হত্যার ঘটনায় মামলা করা হয়েছে। এতে খুলনা বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থীকে এজাহারভুক্ত এবং অজ্ঞাতনামা আরও ২০ থেকে ২৫ জনকে আসামি করা হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) মধ্যরাতে নিহত আজমুলের বাবা কুতুবউদ্দিন বাদী হয়ে হরিণটানা থানায় মামলাটি করেন। বিষয়টি নিশ্চিত করেছেন হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন।
নিহত আজমুল হোসেন নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি চুয়াডাঙ্গার দর্শনা থানার বড় শলুয়া গ্রামে। তিনি খুবির খাজা হলের বিপরীত পাশে ইসলামনগর এলাকার মসজিদ গলির একটি মেসে ভাড়া থাকতেন।
মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাতে মেসে মিল না দিয়ে অন্যের খাবার খাওয়া ও পোশাক ব্যবহার কেন্দ্র করে বাকবিতণ্ডার জেরে আজমুলকে মারধর করেন মেসের কয়েকজন শিক্ষার্থী ও স্থানীয় যুবক। একপর্যায়ে তাকে ভবনের চারতলার ছাদে নিয়ে গিয়ে নির্যাতন করা হয় এবং তার চুল কেটে দেওয়া হয়। নির্যাতনের একপর্যায়ে তাকে ছাদ থেকে ফেলে দেওয়া হলে তিনি গুরুতর আহত হন। রাত দেড়টার দিকে আশঙ্কাজনক অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
আজমুলের পরিবারের দাবি, নির্যাতনের সময় স্বজনদের কাছে ফোন করে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়েছিল।
হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন বলেন, মুক্তিপণ দাবির বিষয়টি যাচাই করা হচ্ছে। এছাড়া পূর্বশত্রুতা ও মেসের নানা শৃঙ্খলাজনিত অসন্তোষ থেকে এই ঘটনা ঘটেছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। এজাহারভুক্ত ৪ জনই খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। জড়িতদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।